জার্মানির ব্ল্যাক ফরেস্টে ই-বাইকে ঘুরুন পাহাড়, বন আর মেঘের রাজ্য

জার্মানি ভ্রমণে শুধু বড় শহর, ঐতিহাসিক স্থাপনা কিংবা জাদুঘর নয়, প্রকৃতির কাছাকাছি গিয়ে ভিন্ন অভিজ্ঞতা নিতে চাইলে ঘুরে আসতে পারেন ব্ল্যাক ফরেস্ট থেকে। বিস্তীর্ণ বন, সবুজ পাহাড়, আঁকাবাঁকা পথ আর মেঘে ঢাকা দিগন্ত। অঞ্চলটি প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ আকর্ষণীয়। আর এই সৌন্দর্য উপভোগের অন্যতম আনন্দের উপায় হতে পারে ই-বাইকে চড়ে ঘুরে বেড়ানো।

সাধারণ সাইকেলে যেসব উঁচুনিচু ও পাথুরে পথ পাড়ি দেওয়া বেশ কঠিন, ই-বাইকের সহায়তায় সেগুলোও তুলনামূলক সহজে পার হওয়া যায়। ফলে পরিবারের সঙ্গে ভ্রমণ করলে কিশোর বা তরুণ সদস্যরাও এই অভিযানে সহজেই অংশ নিতে পারে। বনভূমির নীরবতা, পাহাড়ি পথ আর চারপাশের সবুজের মধ্যে দিয়ে ই-বাইকে চলার অভিজ্ঞতাও হয়ে উঠতে পারে ভ্রমণের অন্যতম আকর্ষণ।

এই ভ্রমণের শুরু করা যেতে পারে ঐতিহাসিক শহর গেংগেনবাখ থেকে। সুন্দরভাবে সংরক্ষিত এই শহর থেকে ই-বাইকে চেপে ব্ল্যাক ফরেস্টের ভেতরের পথে এগিয়ে যাওয়া যায়। পথের বিভিন্ন জায়গায় থেমে পাহাড় ও বনের দৃশ্য উপভোগ করা যায়, ছবি তোলা যায় এবং প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানো যায়।

ভ্রমণের অন্যতম আকর্ষণ মুস্টুর্ম পর্যবেক্ষণ টাওয়ার। সেখানে পৌঁছানোর পর চারপাশের পাহাড়ি ভূদৃশ্য চোখের সামনে খুলে যায়। পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা সবুজ, আকাশে ভেসে থাকা মেঘ আর দূরের দিগন্ত সব মিলিয়ে পাওয়া যায় অসাধারণ প্রায় ৩৬০ ডিগ্রি দৃশ্য।

এরপর যাওয়া যায় লোথার স্মৃতিস্তম্ভে। এখান থেকেও ব্ল্যাক ফরেস্টের বিস্তীর্ণ প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। উঁচু স্থান থেকে নিচের পাহাড় ও বনভূমির দিকে তাকালে পুরো পথের ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায়।

তবে এই ভ্রমণ শুধু প্রকৃতির দৃশ্য দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। ই-বাইকে বনের আঁকাবাঁকা ও পাথুরে পথ পাড়ি দেওয়ার মধ্যেও রয়েছে আলাদা রোমাঞ্চ। বিশেষ করে যাদের সাইকেল চালানোর অভ্যাস আছে, তাদের জন্য এটি হতে পারে জার্মানি ভ্রমণের অন্যরকম অভিজ্ঞতা।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফেরার সময় কর্নএবেনে পাহাড়ি আশ্রয়কেন্দ্র ও খাবারের দোকানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যেতে পারে। সেখানে স্থানীয় সসেজের স্বাদ নেওয়ার সুযোগও রয়েছে। পাহাড়ি পরিবেশে দীর্ঘ সাইকেল ভ্রমণের পর গরম খাবারের স্বাদ ভ্রমণের আনন্দ আরও বাড়িয়ে দিতে পারে।

বাংলাদেশি পর্যটকদের কেউ জার্মানি ভ্রমণের সময় যদি ব্যস্ত শহরের বাইরে গিয়ে প্রকৃতি, পাহাড় ও সাইকেলভ্রমণের স্বাদ নিতে চান, তাহলে ব্ল্যাক ফরেস্ট রাখতে পারেন ভ্রমণতালিকায়। বিশেষ করে পরিবারের সঙ্গে ভ্রমণে ই-বাইকে এই বনাঞ্চল ঘুরে দেখা হয়ে উঠতে পারে জার্মানি ভ্রমণের স্মরণীয় একটি অধ্যায়।