ভারতে বাড়ছে মার্কিন ভিসার সাক্ষাৎকারের সময়

ভারতের বিভিন্ন শহরে মার্কিন ভিজিটর ভিসার সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় বাড়ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের হালনাগাদ তথ্য অনুযায়ী, হায়দরাবাদে সাক্ষাৎকারের তারিখ পেতে আবেদনকারীদের অপেক্ষা করতে হচ্ছে প্রায় এক বছর। মুম্বাইয়ে এই সময় সাড়ে ১১ মাস, আর দিল্লিতে ১০ মাস। চেন্নাই ও কলকাতায় অপেক্ষার সময় তুলনামূলকভাবে কম হলেও, সেখানেও সাক্ষাৎকারের তারিখ পেতে কয়েক মাস লেগে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ১৭ সেপ্টেম্বর হালনাগাদ করা তথ্য অনুযায়ী, ভারতের প্রধান মার্কিন কনস্যুলার কার্যালয়গুলোতে ভিজিটর ভিসার সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় বেশ দীর্ঘ। সবচেয়ে বেশি অপেক্ষা করতে হচ্ছে হায়দরাবাদে। সেখানে সাক্ষাৎকারের তারিখ পেতে আনুমানিক ১২ মাস অপেক্ষা করতে হচ্ছে। মুম্বাইয়ে এই সময় প্রায় ১১ দশমিক ৫ মাস।

অন্যদিকে, দিল্লিতে সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় প্রায় ১০ মাস। চেন্নাই ও কলকাতায় অপেক্ষার সময় তুলনামূলকভাবে কম হলেও, সেখানেও সাক্ষাৎকারের তারিখ পেতে কয়েক মাস অপেক্ষা করতে হচ্ছে।

এই সময়সীমা মূলত সাক্ষাৎকার আবশ্যক এমন বি১/বি২ ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। ভিসার ফি জমা দেওয়ার পর সাক্ষাৎকারের তারিখ পেতে আনুমানিক কত দিন বা মাস লাগতে পারে, সেই হিসাবই এতে তুলে ধরা হয়েছে।

স্কুলের ছুটি, উৎসবের বিরতি কিংবা ব্যবসায়িক কাজে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা থাকলে ভিসার সাক্ষাৎকারের অপেক্ষার সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘ অপেক্ষার কারণে ভ্রমণের সম্ভাব্য তারিখ পিছিয়ে যেতে পারে। তাই ভারতীয়দের ভ্রমণের পরিকল্পনা করার সময় ভিসার আবেদন ও সাক্ষাৎকারের সম্ভাব্য সময় হিসাব করে এগোনোর পরামর্শ দিয়েছেন অনেকেই।

ভিসার সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় নির্দিষ্ট নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর নিয়মিত এই সময়সীমার হিসাব হালনাগাদ করে। নতুন সাক্ষাৎকারের সময় বরাদ্দ করা হলে অপেক্ষার সময় কমতে বা বাড়তে পারে। তাই আবেদনকারীদের নিয়মিত অনলাইন ব্যবস্থায় খোঁজ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ ছাড়া প্রকাশিত অপেক্ষার সময় শুধু সাক্ষাৎকারের তারিখ পাওয়ার আনুমানিক সময় নির্দেশ করে। সাক্ষাৎকারের পর অতিরিক্ত প্রশাসনিক যাচাইয়ের প্রয়োজন হলে কিংবা পাসপোর্ট ফেরত পেতে যে সময় লাগতে পারে, তা এর মধ্যে ধরা হয় না।

মার্কিন ভিসার সাক্ষাৎকারের সর্বশেষ অপেক্ষার সময় জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখা ভালো।