যুক্তরাজ্যের হিন্ডলি রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে গিয়ে যাত্রীরা দেখতে পান নানা রঙের ফুল, সবুজ গাছপালা, সবজির বাগান আর ইতিহাসের নানা স্মারক। ব্যস্ত রেলস্টেশনটির এমন চিত্র এক দিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে স্থানীয় এক দম্পতির প্রায় ২০ বছরের পরিশ্রম ও ভালোবাসা।
ইংল্যান্ডের উইগান এলাকার বাসিন্দা শিলা ও স্যান্ডি ডেভিডসন প্রায় দুই দশক আগে স্টেশনটির একটি প্ল্যাটফর্মের পাশে কয়েকটি ফুলের বাল্ব লাগিয়েছিলেন। সেই ছোট উদ্যোগ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম ও আশপাশের রেলওয়ের জমিতে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গড়ে ওঠে একটি কমিউনিটি বাগান। দীর্ঘদিনের এই কাজের স্বীকৃতি পেতে এবার জাতীয় পর্যায়ের একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার আশা করছেন তাঁরা।
কয়েকটি ফুলের বাল্ব থেকে বড় বাগান
৮০ বছর বয়সী শিলা ডেভিডসন হিন্ডলি স্টেশনকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘ফ্রেন্ডস অব হিন্ডলি স্টেশন’ সংগঠনের প্রধান স্বেচ্ছাসেবক। বিবিসি নিউজকে তিনি জানান, ম্যানচেস্টারগামী ট্রেনের যাত্রীরা যে প্ল্যাটফর্ম ব্যবহার করেন, সেখানে কয়েকটি ফুলের বাল্ব লাগানোর পরিকল্পনা থেকেই কাজটির শুরু।
সময়ের সঙ্গে বাগানটি বড় হয়েছে। এখন সেখানে ফুশিয়া, হাইড্রেনজিয়া, প্যানসি, সূর্যমুখী ও গোলাপসহ নানা প্রজাতির ফুলের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ঝোপজাতীয় গাছ। উঁচু বেডে চাষ করা হয় পেঁয়াজের মতো সবজিও। ঋতু বদলের সঙ্গে বাগানের চেহারাও পাল্টে যায়।
স্থানীয় বাসিন্দারা নিয়মিত গাছ উপহার দিয়ে এই উদ্যোগে সহায়তা করছেন। তাঁদের অংশগ্রহণে স্টেশনটি ঘিরে গড়ে উঠেছে বাগান পরিচর্যার একটি সম্মিলিত উদ্যোগ, যেখানে একসঙ্গে কাজ করছেন এলাকার মানুষ।
শিলার স্বামী ৮৪ বছর বয়সী স্যান্ডি ডেভিডসনের ভূমিকাও কম নয়। বিবিসি নিউজকে তিনি জানান, স্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করার পাশাপাশি বিভিন্ন মানুষের কাছ থেকে উপহার পাওয়া গাছ সংগ্রহ করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি।
বাগানে ফুটে উঠেছে এলাকার ইতিহাস
১৮৪৮ সালে চালু হওয়া হিন্ডলি রেলস্টেশনের অতীতও তুলে ধরা হয়েছে এই বাগানে। ‘ফ্রেন্ডস অব হিন্ডলি স্টেশন’ সংগঠনের সদস্যরা বিভিন্ন ভাস্কর্য সংগ্রহ করেছেন, যেগুলোর মাধ্যমে স্থানীয় ইতিহাসের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে লেডিস লেনের কাছে একসময় চালু থাকা একটি কয়লাখনির স্মারক ভাস্কর্য।
ফলে স্টেশনটির বাগান এখন গাছপালা ও ফুলের সমাহারের পাশাপাশি স্থানীয় ইতিহাস জানারও একটি জায়গা হয়ে উঠেছে। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা এখানে দাঁড়িয়ে এলাকার অতীত সম্পর্কে ধারণা পেতে পারেন।
বাগানের পাশাপাশি মানুষের আত্মবিশ্বাস বাড়ানোর উদ্যোগ
হিন্ডলি স্টেশনের এই প্রকল্পের কাজ বাগান পরিচর্যায় থেমে নেই। স্বেচ্ছাসেবকেরা ‘থ্রাইভ কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি’র সঙ্গে কাজ করছেন। বিশেষ সহায়তার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের ট্রেনে যাতায়াতের বিষয়ে আত্মবিশ্বাসী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রায় ২০ বছর আগে প্ল্যাটফর্মের পাশে কয়েকটি ফুলের বাল্ব লাগানোর মধ্য দিয়ে যে কাজ শুরু হয়েছিল, তা এখন স্থানীয় ইতিহাস সংরক্ষণ, কমিউনিটির অংশগ্রহণ এবং মানুষের চলাচলে আত্মবিশ্বাস বাড়ানোর উদ্যোগে পরিণত হয়েছে। শিলা ও স্যান্ডি ডেভিডসনের আশা, তাঁদের দীর্ঘদিনের এই প্রচেষ্টা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় স্বীকৃতি পাবে।