ফ্রান্সের আঙুরক্ষেতে সাইফ-কারিনা, দুই ছেলেকে নিয়ে বারগান্ডিতে অবকাশযাপন

সিনেমার ব্যস্ততা থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে ফ্রান্সে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। স্ত্রী কারিনা কাপুর ও দুই ছেলে তৈমুর এবং জেহকে নিয়ে ফ্রান্সের বারগান্ডি অঞ্চলের নুই-সাঁ-জর্জ গ্রাম ঘুরে দেখেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে ছুটি কাটানোর বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন এই অভিনেতা।

ছবিতে সাইফকে সাদা শার্ট, গোলাপি শর্টস ও সানগ্লাসে দেখা গিয়েছে। কয়েকটি ছবিতে রয়েছেন কারিনাও। অন্যদিকে, দুই ছেলে তৈমুর ও জেহকে একটি লাইব্রেরিতে সময় কাটাতে দেখা যায়। গ্রামের পথঘাট ঘুরে দেখা, স্থানীয় পরিবেশ উপভোগ এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত উঠে এসেছে ছবিগুলিতে।

ছবি পোস্ট করে সাইফ লিখেছেন, “বিভ্রান্তিকর সংকেত দেওয়াকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাচ্ছি। রাস্তার মোড়ে বসে থাকলেই যখন আরও ভালো দৃশ্য দেখা যায়, তখন একটি নির্দিষ্ট দিক বেছে নেব কেন?”

আরেকটি পোস্টে তিনি লেখেন, “নুই-সাঁ-জর্জের আঙুরক্ষেতের মাঝে কোথাও হারিয়ে গিয়েছিলাম। এখানে প্রতিটি বাঁক যেন বারগান্ডির আরও এক বোতল ওয়াইন খুঁজে বের করার অজুহাত।”

নুই-সাঁ-জর্জে কী কী দেখবেন?

ফ্রান্সের বারগান্ডি অঞ্চলের এই গ্রাম ওয়াইন সংস্কৃতি, প্রাচীন স্থাপত্য এবং গ্রামীণ পরিবেশের জন্য পরিচিত। সাইফ-কারিনার ছুটি কাটানোর ছবির সূত্র ধরে জেনে নেওয়া যাক, এখানে বেড়াতে গেলে কোথায় কোথায় যেতে পারেন।

ওয়াইন টেস্টিং: বারগান্ডির ওয়াইন সংস্কৃতি জানতে নুই-সাঁ-জর্জের স্থানীয় আঙুরখেত ও ওয়াইন বার ঘুরে দেখতে পারেন। বিভিন্ন ধরনের ওয়াইনের স্বাদ নেওয়ার পাশাপাশি সেগুলি তৈরির পদ্ধতি সম্পর্কেও জানা যায়।

মিউজে দ্য নুই-সাঁ-জর্জ: ইতিহাসপ্রেমীদের জন্য রয়েছে এই জাদুঘর। এখানে রোমান সভ্যতার নিদর্শন, মধ্যযুগের বিভিন্ন প্রত্নবস্তু এবং শহরের অতীত সম্পর্কে জানার সুযোগ রয়েছে। প্রবেশমূল্য ও খোলার সময় আগে যাচাই করে নেওয়া ভালো।

বেফ্রোয়া দ্য নুই-সাঁ-জর্জ: শহরের প্রধান চত্বরে অবস্থিত ঐতিহাসিক এই ভবনটি ১৬১০ সালে নির্মিত হয়েছিল। দুটি তলা ও একটি ভূগর্ভস্থ কক্ষবিশিষ্ট স্থাপনাটি শহরের পুরোনো স্থাপত্যের পরিচয় বহন করে।

সাঁ-সাঁফোরিয়াঁ গির্জা: ত্রয়োদশ শতাব্দীর এই গির্জায় গথিক ও রোমানেস্ক স্থাপত্যশৈলীর সংমিশ্রণ দেখা যায়। সপ্তদশ শতাব্দীতে তৈরি ছাউনিযুক্ত প্রবেশপথ এবং পঞ্চদশ শতাব্দীর কাঠের বক্তৃতামঞ্চ গির্জাটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

শাতো দ্য মেরসো: ওয়াইন তৈরির ঐতিহ্য সম্পর্কে জানতে ঘুরে দেখতে পারেন এই ঐতিহাসিক ওয়াইন এস্টেট। এখানে আঙুর চাষ, ওয়াইন উৎপাদন এবং বারগান্ডির ওয়াইন সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ রয়েছে। এস্টেটটিতে ৩৫টি অ্যাপেলাসিয়ন রয়েছে, যার মধ্যে ১৮টি প্রিমিয়ার ক্রু ও তিনটি গ্রঁ ক্রু শ্রেণির অন্তর্ভুক্ত।

প্রাচীন গ্রাম, ঐতিহাসিক স্থাপত্য, আঙুরখেত এবং ওয়াইন সংস্কৃতির জন্য নুই-সাঁ-জর্জে ফ্রান্সের গ্রামীণ জীবনকে কাছ থেকে জানার সুযোগ রয়েছে। সাইফ আলি খানের পরিবারের এই অবকাশযাপনের ছবিগুলিও যেন সেই শান্ত পরিবেশেরই ঝলক তুলে ধরেছে।