ভিস্তাডোম ট্রেনকে টেক্কা দিতে গুজরাতে চালু কাচের ছাদযুক্ত পর্যটক বাস

স্বচ্ছ কাচের ছাদ দিয়ে দেখা যাবে খোলা আকাশ ও চারপাশের প্রাকৃতিক দৃশ্য। যাত্রীদের আরামের জন্য থাকছে ২৩টি বিশেষ আসন-সহ একাধিক আধুনিক সুযোগ-সুবিধা।

ভ্রমণের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলতে এ বার কাচের ছাদযুক্ত পর্যটক বাস চালু করলো গুজরাট সরকার। গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (জিএসআরটিসি) চালু করেছে শীতাতপ নিয়ন্ত্রিত ‘ভিস্তাডোম কোচ বাস’। এই বাসের স্বচ্ছ ছাদ দিয়ে যাত্রীরা দেখতে পাবেন খোলা আকাশ এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য। আপাতত স্ট্যাচু অব ইউনিটি দেখতে আসা পর্যটকদের জন্য একতা নগরে এই পরিষেবা চালু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্ট্যাচু অব ইউনিটি চত্বরে এই বাস পরিষেবার উদ্বোধন করেন। উদ্বোধনের পর নিজেও একটি বাসে চড়ে ঘুরে দেখেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি সমাজমাধ্যমে নতুন এই পরিষেবার কথা জানিয়েছেন।

কী কী সুবিধা থাকছে বাসে?

এই বাসের সবচেয়ে বড় আকর্ষণ স্বচ্ছ গম্বুজের মতো ছাদ। সাধারণ বাসে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখা গেলেও এই বাসে যাত্রীরা মাথার উপর খোলা আকাশও উপভোগ করতে পারবেন। অর্থাৎ, গন্তব্যে পৌঁছনোর পাশাপাশি বাসযাত্রাও হয়ে উঠবে ভ্রমণের অন্যতম আকর্ষণ।

প্রতিটি বাসে রয়েছে ২৩টি উন্নতমানের আসন। প্রয়োজন অনুযায়ী আসন ঘোরানো ও হেলিয়ে নেওয়া যাবে। এ ছাড়া থাকছে এলইডি স্মার্ট টিভি, সিসিটিভি ক্যামেরা, ছোট ফ্রিজ, কফি তৈরির যন্ত্র এবং মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা। সব মিলিয়ে পর্যটকদের আরামদায়ক যাত্রার কথা মাথায় রেখেই সাজানো হয়েছে বাসগুলি।

আরও পর্যটনকেন্দ্রে চালুর পরিকল্পনা

শুধু স্ট্যাচু অব ইউনিটি নয়, আগামী দিনে গুজরাতের অন্যান্য পর্যটনকেন্দ্র এবং ঐতিহ্যবাহী ভ্রমণপথেও এই ধরনের বাস চালুর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ধাপে ধাপে বিভিন্ন পর্যটনস্থলে এই পরিষেবা ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। তবে পরবর্তী পর্যায়ে কোন কোন জায়গায় এই বাস চলবে, তা এখনও ঘোষণা করা হয়নি।

পরিকল্পনা বাস্তবায়িত হলে গুজরাতের আরও নানা ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা ঘুরে দেখার সুযোগ মিলবে এই বিশেষ বাসে।