মুম্বাই থেকে কানাডার টরন্টো যেতে আর মাঝপথে বিমান বদলানোর ঝক্কি পোহাতে হবে না যাত্রীদের। দুই শহরের মধ্যে নতুন সরাসরি ফ্লাইট পরিষেবা চালু করেছে এয়ার ইন্ডিয়া। এর ফলে মুম্বাই থেকে কানাডাগামী যাত্রীরা বিরতি ছাড়াই পৌঁছে যেতে পারবেন টরন্টোতে। ২০২৭ সালের ২৬ মার্চ পর্যন্ত সপ্তাহে তিন দিন এই পরিষেবা চালু থাকবে।
২০২৬-২৭ সালের শীতকালীন মৌসুমে মুম্বাই-টরন্টো সরাসরি ফ্লাইট পরিচালনাকারী একমাত্র বিমান সংস্থা হয়ে উঠেছে এয়ার ইন্ডিয়া। ফলে যারা শীতের ছুটিতে কানাডা যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য যাত্রা আরও সহজ হবে।
বিমান সংস্থার সূচি অনুযায়ী, প্রতি বুধবার, শুক্রবার ও রবিবার মুম্বাই থেকে টরন্টোর উদ্দেশে ছেড়ে যাবে এয়ার ইন্ডিয়ার এআই ১৯৩। মুম্বাই থেকে ভোর ৪টেয় ছেড়ে ফ্লাইটটি টরন্টোয় পৌঁছবে স্থানীয় সময় সকাল ১০টায়। ফিরতি পথে এআই ১৯২ ফ্লাইটটি টরন্টো থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে পরের দিন দুপুর ২টো ১০ মিনিটে মুম্বাইয়ে পৌঁছবে। দুই দিকের ফ্লাইটেই ব্যবহার করা হবে এয়ার ইন্ডিয়ার উন্নত পরিষেবাযুক্ত বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমান।
এয়ার ইন্ডিয়ার চিফ কমার্শিয়াল অফিসার নিপুণ আগরওয়াল জানিয়েছেন, কানাডা সংস্থাটির অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজার। ভারত ও কানাডার মধ্যে পারিবারিক ও সামাজিক যোগাযোগের কারণে সারা বছরই যাতায়াতের চাহিদা রয়েছে। বিশেষ করে উৎসব ও ছুটির মরসুমে এই চাহিদা বাড়ে। নতুন পরিষেবার ফলে যাত্রীরা আরও বেশি সুবিধা পাবেন বলে আশা সংস্থার।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উত্তর আমেরিকার ফ্লাইটগুলোতে ধীরে ধীরে নতুন বিমান এবং উন্নত যাত্রী পরিষেবা যুক্ত করা হচ্ছে। বর্তমানে দিল্লি-টরন্টো রুটে সপ্তাহে সাতটি ফ্লাইটে বোয়িং ৭৮৭-৯ বিমান ব্যবহার করা হয়। মুম্বাই-টরন্টো রুটে সপ্তাহে তিনটি ফ্লাইটে আপাতত বোয়িং ৭৭৭-৩০০ ইআর চলবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে এই বিমানগুলির জায়গায় বোয়িং ৭৮৭-৯ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া চলতি শীতকালীন মরসুমে টরন্টোগামী ফ্লাইটগুলিতে উন্নত শ্রেণির আসনের সংখ্যা বাড়িয়ে ৭১ শতাংশ করার পরিকল্পনা করেছে সংস্থাটি। ফলে প্রথম শ্রেণি, বিজনেস শ্রেণি এবং প্রিমিয়াম ইকোনমিতে যাত্রীদের জন্য আসনের বিকল্প বাড়বে।