সমুদ্র-পাহাড়ের বাইরে নতুন গন্তব্যের খোঁজ, ভ্রমণে বদলাচ্ছে তরুণদের পছন্দ

ভ্রমণের পরিকল্পনা করতে এখন আর শুধু লম্বা ছুটি কিংবা উৎসবের মৌসুমের অপেক্ষায় থাকেন না অনেকে। সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ছেন তরুণ প্রজন্ম। আর তাদের গন্তব্যের তালিকাতেও দেখা যাচ্ছে বদল। চেনা সমুদ্রসৈকত বা পাহাড়ি শহরের পাশাপাশি আগ্রহ বাড়ছে অপেক্ষাকৃত কম পরিচিত জায়গা, ছোট শহর এবং নতুন অভিজ্ঞতার প্রতি।

একাধিক অনলাইন ভ্রমণ ও আবাস বুকিং সংস্থার পরিসংখ্যানে এই প্রবণতার ইঙ্গিত মিলেছে। একটি অনলাইন ভ্রমণ সংস্থার তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে বিমানের টিকিট বুকিং বেড়েছে ৬০ শতাংশ। অন্য দিকে, ২৫ থেকে ৩৪ বছর বয়সিদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৬ শতাংশ। অর্থাৎ, ভ্রমণের পরিকল্পনায় তরুণদের সক্রিয়তা তুলনামূলক বেশি।

দেশের অচেনা গন্তব্যে আগ্রহ

দেশের ভিতরে ভ্রমণের জন্য থাকার জায়গা খোঁজার প্রবণতাও বেড়েছে। একটি জনপ্রিয় আবাস বুকিং সংস্থার হিসাব অনুযায়ী, অভ্যন্তরীণ পর্যটনকেন্দ্রগুলিতে থাকার জায়গা খোঁজার হার গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেড়েছে। তরুণদের মধ্যেও এই বৃদ্ধির হার প্রায় ৪০ শতাংশ।

বিমানের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে লক্ষদ্বীপের অগাতী সবচেয়ে বেশি নজর কেড়েছে। এই গন্তব্যে টিকিটের চাহিদা বেড়েছে ১৩০ শতাংশ। তালিকায় আরও রয়েছে বিহারের গয়া, নাগাল্যান্ডের ডিমাপুর, রাজস্থানের উদয়পুর, অসমের ডিব্রুগড়, উত্তরপ্রদেশের গোরখপুর, মধ্যপ্রদেশের জবলপুর, মণিপুরের ইম্ফল এবং উত্তরাখণ্ডের দেরাদুন। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে উদয়পুরের চাহিদা বেড়েছে ৩১৬ শতাংশ। বেঙ্গালুরু ও জয়পুরও রয়েছে পছন্দের তালিকায়। সামগ্রিক ভাবে হোটেল বুকিংয়ের হার বেড়েছে প্রায় ১৩৫ শতাংশ।

তরুণ ও পরিবারের পছন্দ আলাদা

গন্তব্য বাছাইয়ের ক্ষেত্রে বয়স এবং ভ্রমণসঙ্গীর উপরেও নির্ভর করছে পছন্দ। আবাস বুকিং সংস্থার সার্চের তথ্য অনুযায়ী, তরুণদের পছন্দের তালিকায় রয়েছে বারাণসী, কলকাতা, উত্তর ও দক্ষিণ গোয়া এবং বেঙ্গালুরুর মতো জায়গা। অন্য দিকে, পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনায় এগিয়ে রয়েছে শ্রীনগর, হিমাচল প্রদেশের কাংড়া, অমৃতসর, গুয়াহাটি, নাসিক এবং মেঘালয়।

বিদেশেও বাড়ছে নতুন জায়গা দেখার ঝোঁক

দেশের বাইরে ঘুরতে যাওয়ার আগ্রহও কম নয়। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তাইপেই, সেবু, ডাবলিন, ফু কক এবং ওসাকার মতো গন্তব্যে বিমানের টিকিট বুকিং বেড়েছে। ফলে ভ্রমণের মানচিত্রে শুধু জনপ্রিয় শহর বা পরিচিত পর্যটনকেন্দ্র নয়, জায়গা করে নিচ্ছে নতুন নতুন গন্তব্যও।

সব মিলিয়ে ভ্রমণের ধরনে আসছে পরিবর্তন। শুধু সমুদ্র বা পাহাড়ের সৌন্দর্য উপভোগ নয়, নতুন শহর ঘুরে দেখা, স্থানীয় জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়া এবং ভিন্ন অভিজ্ঞতা অর্জনও হয়ে উঠছে সফরের অন্যতম আকর্ষণ।