পাহাড়, চা-বাগান আর নীল শাপলার মায়ায় মাধবপুর লেক

চারদিকে সবুজ পাহাড়, টিলাজুড়ে চা-বাগান আর মাঝখানে স্বচ্ছ জলের লেক। প্রকৃতির এমন মনোরম দৃশ্যের দেখা মিলবে মৌলভীবাজারের মাধবপুর লেকে। শ্রীমঙ্গলের চা-বাগানঘেরা এই হ্রদে পাহাড়, জল আর সবুজের মিলনে পর্যটকদের মুগ্ধ করে। শহরের ব্যস্ততা থেকে দূরে নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য জায়গাটি হতে পারে দারুণ গন্তব্য।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে পাত্রখলা চা-বাগানের ভেতরে অবস্থিত মাধবপুর লেক। মৌলভীবাজার শহর থেকে এর দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। শ্রীমঙ্গল থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্বে লেকটির অবস্থান। চা-বাগানের আঁকাবাঁকা পথ পেরিয়ে সেখানে পৌঁছতে হয়। পথের দুই পাশে সারি সারি চা-গাছ, উঁচু-নিচু টিলা আর সবুজ পাহাড়ের দৃশ্য যাত্রাপথকেই করে তোলে উপভোগ্য।

লেকের পানিতে আকাশ ও পাহাড়ের ছায়া পড়ে তৈরি হয় অপূর্ব দৃশ্য। কোথাও গোলপাতার ফাঁকে ফুটে থাকে নীল শাপলা, কোথাও দেখা মেলে শাপলা-শালুকের। শীতকালে হ্রদে আসে অতিথি পাখির দল। লেকের দুই পাশে টিলাজুড়ে বিস্তৃত চা-বাগান আর ছায়াঘেরা পরিবেশে প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটানোর সুযোগ মেলে।

লেকের পাড় ঘেঁষে হাঁটার জন্য সরু পথ তৈরি করে দিয়েছে চা-বাগান কর্তৃপক্ষ। টিলার ওপর রয়েছে খড়ের তৈরি তাঁবুও। তবে দর্শনার্থীদের সন্ধ্যা ৬টার আগেই এলাকা থেকে বেরিয়ে আসতে হয়। তাই ভ্রমণের পরিকল্পনা করার সময় বিষয়টি মাথায় রাখা জরুরি।

মাধবপুর লেক ঘুরে চাইলে কাছাকাছি আরও কয়েকটি জায়গা দেখে নিতে পারেন। লেক থেকে প্রায় ৫-৬ কিলোমিটার দূরে রয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই স্থানটি ঘুরে দেখা যেতে পারে। এ ছাড়া কমলগঞ্জের আরেক আকর্ষণ হামহাম জলপ্রপাত। তবে সেখানে যেতে হলে আলাদা সময় ও প্রস্তুতি প্রয়োজন।

ঢাকা থেকে মাধবপুর লেক যাবেন যেভাবে

ঢাকা থেকে বাস কিংবা ট্রেনে প্রথমে শ্রীমঙ্গল বা কমলগঞ্জ যেতে হবে। কমলাপুর রেলস্টেশন থেকে সিলেটগামী কয়েকটি আন্তনগর ট্রেন শ্রীমঙ্গলে থামে। এর মধ্যে পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস উল্লেখযোগ্য। ট্রেনভাড়া আসন ও শ্রেণিভেদে আনুমানিক ১১৫ থেকে ৭৬৫ টাকা।

বাসে যেতে চাইলে ঢাকার সায়েদাবাদ, আরামবাগ বা কমলাপুর এলাকা থেকে শ্রীমঙ্গলগামী বাস পাওয়া যায়। হানিফ, শ্যামলী, মামুন ও ইউনিকসহ বিভিন্ন পরিবহণ এ পথে চলাচল করে। বাসের ভাড়া ও সময়সূচি জানতে সংশ্লিষ্ট কাউন্টারে যোগাযোগ করতে হবে।

শ্রীমঙ্গল বা কমলগঞ্জে পৌঁছে সিএনজিচালিত অটোরিকশা কিংবা ব্যক্তিগত গাড়ি ভাড়া করে মাধবপুর লেক যাওয়া যায়। কমলগঞ্জের ভানুগাছ চৌমোহনা থেকেও লেকের দিকে যাওয়ার যানবাহন পাওয়া যায়। শ্রীমঙ্গল থেকে সরাসরি সিএনজি ভাড়া করেও ঘুরে আসতে পারেন। রাস্তার কিছু অংশ খানাখন্দে ভরা, তাই যাত্রায় কিছুটা বাড়তি সময় হাতে রাখা ভালো।

কোথায় থাকবেন

মাধবপুর লেকের আশপাশে পর্যটকদের থাকার জন্য বড় হোটেল বা রিসোর্ট নেই। থাকার জন্য শ্রীমঙ্গল শহর ও আশপাশের রিসোর্টগুলো বেছে নিতে পারেন। ভানুগাছ সড়কে রয়েছে টি-রিসোর্ট। এ ছাড়া গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, রেইন ফরেস্ট রিসোর্ট, টি টাউন রেস্ট হাউস, হোটেল প্লাজা এবং বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) অতিথিশালায় থাকতে পারেন।

শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় রয়েছে নিসর্গ নিরব ইকো রিসোর্ট ও নিসর্গ লিচিবাড়ি ইকো রিসোর্ট। তুলনামূলক কম খরচে থাকতে চাইলে শহরের সাধারণ আবাসিক হোটেলও রয়েছে। এসব হোটেলে প্রতি রাতের ভাড়া প্রায় ৫০০ থেকে ৮০০ টাকা এবং বিভিন্ন রিসোর্টে ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত। তবে মৌসুম, ছুটির দিন ও কক্ষের ধরন অনুযায়ী ভাড়া বদলে যায়। যাওয়ার আগে বুকিং ও বর্তমান ভাড়া নিশ্চিত করে নিন।

পাহাড়ের সবুজ, চা-বাগানের নীরবতা আর লেকের নীল জলের মাধবপুর লেক হতে পারে প্রকৃতিপ্রেমীদের জন্য মন ভালো করা এক ভ্রমণ। হাতে এক দিন সময় থাকলে শ্রীমঙ্গল ভ্রমণের তালিকায় এই জায়গাটি রাখতে পারেন।