শীতের ছুটিতে ঘুরে আসুন ভারতের এই ৫ মনোরম গন্তব্যে

ফিচার ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০

শীতকাল মানেই বেড়ানোর পরিকল্পনা। কারও পছন্দ বরফে ঢাকা পাহাড়, কারও আবার সমুদ্রের ধারে নিরিবিলি সময় কাটানো। কেউ খুঁজে বেড়ান সবুজ পাহাড় আর চা-বাগান, কেউ চান মরুভূমির বুকে অন্য রকম অভিজ্ঞতা। ভারতের নানা প্রান্তে রয়েছে এমনই বিচিত্র সব ভ্রমণগন্তব্য। বাংলাদেশের পর্যটকদের কাছেও শীতের ছুটিতে ভারত ঘুরতে যাওয়ার আকর্ষণ কম নয়। কলকাতা থেকে শুরু করে দেশের বিভিন্ন শহরের সঙ্গে বিমান ও স্থলপথে যোগাযোগের সুযোগ থাকায় অনেকেই ছুটির পরিকল্পনায় রাখেন ভারতের পর্যটনকেন্দ্রগুলো। শীতের মৌসুমে ঘুরে আসতে পারেন এমন পাঁচ জায়গা থেকে।

, দিগন্তজোড়া চা-বাগান আর মেঘের আনাগোনা দেখতে যেতে পারেন কেরালার মুন্নার (ছবি: সংগৃহীত)

মুন্নার, কেরালা

সবুজে মোড়া পাহাড়, দিগন্তজোড়া চা-বাগান আর মেঘের আনাগোনা দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের মুন্নার প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে অবস্থিত এই পাহাড়ি শহরের আবহাওয়া শীতকালে মনোরম থাকে। চারপাশের চা-বাগান, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা এবং কুয়াশায় ঢাকা উপত্যকা মন ভাল করে দিতে পারে। শহরের ব্যস্ততা থেকে দূরে কয়েকটা দিন কাটাতে চাইলে মুন্নার হতে পারে আদর্শ ঠিকানা।

এখানে ঘুরে দেখতে পারেন চা-বাগান ও চা তৈরির প্রক্রিয়া জানার জন্য টি মিউজিয়াম, মাট্টুপেট্টি বাঁধ এবং ইরাভিকুলাম জাতীয় উদ্যান। পাহাড়ি পথে হাঁটা, ছবি তোলা কিংবা নিরিবিলি কোনও রিসর্টে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাও এই ভ্রমণের বড় আকর্ষণ। বাংলাদেশের পর্যটকেরা কলকাতা বা অন্য বড় শহর থেকে বিমানে কেরলের কোচি পৌঁছে সেখান থেকে গাড়িতে মুন্নার যেতে পারেন। পাহাড়ি রাস্তা দীর্ঘ হওয়ায় যাত্রার জন্য পর্যাপ্ত সময় হাতে রাখা ভালো।

সমুদ্রের টানে বেড়িয়ে পড়তে পারেন গোয়ায় (ছবি: সংগৃহীত)

গোয়া

শীতের ছুটিতে সমুদ্রের টানে যারা বেরিয়ে পড়তে চান, তাদের জন্য গোয়া অন্যতম জনপ্রিয় গন্তব্য। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানকার আবহাওয়া সাধারণত বেশ মনোরম থাকে। সমুদ্রসৈকতে সময় কাটানো, জলক্রীড়ায় অংশ নেওয়া, রেস্তরাঁয় খাওয়াদাওয়া কিংবা রাতের জমজমাট বিনোদনসহ  গোয়ায় ছুটির আমেজ অন্য রকম।

উত্তর গোয়ার বাগা, কালাংগুট ও অঞ্জুনা সৈকত তুলনামূলক বেশি জমজমাট। অন্য দিকে দক্ষিণ গোয়ার পালোলেম বা কোলভা সৈকতে অপেক্ষাকৃত শান্ত পরিবেশ পাওয়া যায়। সমুদ্রস্নান, প্যারাসেলিং, জেট স্কি কিংবা নৌবিহারের মতো নানা আয়োজনও রয়েছে। এ ছাড়া পর্তুগিজ স্থাপত্যের নিদর্শন, পুরনো গির্জা এবং স্থানীয় বাজার ঘুরে দেখার সুযোগ রয়েছে। বছরের শেষের উৎসব ও পার্টির জন্যও এই সময় গোয়ায় পর্যটকদের ভিড় বাড়ে। বাংলাদেশের পর্যটকেরা বিমানে গোয়া পৌঁছতে পারেন, তবে সরাসরি উড়ান না পেলে অন্য শহর হয়ে যেতে হতে পারে। উৎসবের মরসুমে হোটেল ও যাতায়াতের খরচ বাড়তে পারে, তাই আগেভাগে বুকিং করা ভালো।

বরফে ঢাকা পাহাড় দেখতে চাইলে উত্তরাখণ্ডের আউলি আদর্শ স্থান (ছবি: সংগৃহীত)

আউলি, উত্তরাখণ্ড

বরফে ঢাকা পাহাড় দেখতে চাইলে উত্তরাখণ্ডের আউলি হতে পারে পছন্দের গন্তব্য। ভারতের অন্যতম পরিচিত স্কিইং কেন্দ্র এই পাহাড়ি এলাকা। শীতকালে বরফের চাদরে ঢেকে যায় চারপাশ। দূরে নন্দাদেবী-সহ হিমালয়ের একাধিক শৃঙ্গের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। স্কিইংয়ের পাশাপাশি কেবল কারে চড়ে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়।

যারা আগে কখনও বরফ দেখেননি, তাদের কাছেও আউলি বিশেষ আকর্ষণীয় হতে পারে। বরফের উপর হাঁটা, ছবি তোলা কিংবা পাহাড়ি পরিবেশে নিরিবিলি সময় কাটানো— সবই উপভোগ করতে পারবেন। তবে স্কিইং করতে চাইলে প্রশিক্ষকের সাহায্য নেওয়া জরুরি। বাংলাদেশের পর্যটকেরা প্রথমে বিমানে দিল্লি বা দেরাদুন পৌঁছে সেখান থেকে সড়কপথে জোশীমঠ হয়ে আউলি যেতে পারেন। পাহাড়ি পথের যাত্রা দীর্ঘ এবং আবহাওয়ার কারণে কখনও কখনও বিঘ্নিত হতে পারে। তাই হাতে অতিরিক্ত সময় রাখা প্রয়োজন। শীতের পোশাক, জলরোধী জুতো এবং প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন।

বরফে মোড়া হিমালয়ের সৌন্দর্য উপভোগ করতে চলে যান গুলমার্ক, জম্মু ও কাশ্মীর (ছবি: সংগৃহীত)

গুলমার্গ, জম্মু ও কাশ্মীর

শীতের মৌসুমে গুলমার্গ যেন বরফের রাজ্য। জম্মু ও কাশ্মীরের এই পাহাড়ি পর্যটনকেন্দ্র ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বরফে ঢেকে যায়। স্কিইং, স্নোবোর্ডিং কিংবা গন্ডোলায় চড়ে বরফে মোড়া হিমালয়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন পর্যটকেরা। বরফের উপর খেলাধুলা বা সাদা উপত্যকার মাঝে ছবি তোলার অভিজ্ঞতা ভ্রমণকে করে তুলতে পারে স্মরণীয়।

গুলমার্গের গন্ডোলা কেবল কার বিশ্বের অন্যতম উঁচু কেবল কার পরিষেবার মধ্যে পড়ে। এর মাধ্যমে পাহাড়ের উঁচু এলাকায় পৌঁছে চারপাশের তুষারাবৃত দৃশ্য দেখা যায়। তবে তুষারপাতের পরিমাণ ও আবহাওয়ার উপর নির্ভর করে বিভিন্ন পরিষেবা চালু বা বন্ধ থাকতে পারে। বাংলাদেশের পর্যটকেরা বিমানে শ্রীনগর পৌঁছে সেখান থেকে গাড়িতে গুলমার্গ যেতে পারেন। শীতকালে তাপমাত্রা অনেক কমে যায়, তাই ভারী শীতের পোশাক, গ্লাভস, টুপি ও উপযুক্ত জুতো সঙ্গে রাখা জরুরি। বরফে চলাচলের সময় সতর্ক থাকাও প্রয়োজন।

মরুশহর জয়সলমের থেকেও শীতে ঘুরে আসতে পারেন (ছবি: সংগৃহীত)

জয়সলমের, রাজস্থান

বরফের পাহাড় কিংবা সমুদ্র নয়, শীতের ছুটিতে চাইলে ঘুরে আসতে পারেন মরুশহর জয়সলমের থেকেও। রাজস্থানের এই শহর সোনালি বালিয়াড়ি ও ঐতিহাসিক স্থাপত্যের জন্য পরিচিত। গ্রীষ্মের তীব্র গরম এড়িয়ে শীতকালে মরুভূমি ঘোরার অভিজ্ঞতা অনেক বেশি আরামদায়ক। শহরের অন্যতম আকর্ষণ জয়সলমের দুর্গ। সোনালি পাথরে তৈরি এই ঐতিহাসিক দুর্গের ভিতরে রয়েছে পুরনো বাড়ি, মন্দির ও দোকানপাট। এ ছাড়া পাটওয়োঁ কি হাভেলি এবং গড়িসর হ্রদও ঘুরে দেখতে পারেন।

তবে জয়সলমের ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ থর মরুভূমি। স্যাম স্যান্ড ডিউনসে উটের পিঠে মরুভূমি সাফারি, সূর্যাস্ত দেখা, লোকসংগীত ও নাচের অনুষ্ঠান এবং মরুভূমির মাঝে তাঁবুতে রাত কাটানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের পর্যটকদের জন্য এই অভিজ্ঞতা একেবারেই আলাদা হতে পারে। বিমানে জয়পুর বা যোধপুর পৌঁছে সেখান থেকে ট্রেন বা সড়কপথে জয়সলমের যাওয়া যায়। মরুভূমিতে দিনের বেলা আবহাওয়া আরামদায়ক হলেও রাতে বেশ ঠান্ডা পড়ে। তাই গরম পোশাক সঙ্গে রাখা দরকার।

বাংলাদেশি পর্যটকদের জন্য কয়েকটি জরুরি কথা

ভারতের এই গন্তব্যগুলিতে যাওয়ার আগে ভিসা, যাতায়াতের ব্যবস্থা এবং প্রয়োজনীয় ভ্রমণ নথি সম্পর্কে সর্বশেষ তথ্য যাচাই করে নিন। ভিসায় কোন প্রবেশপথ বা বিমানবন্দর ব্যবহারের অনুমতি রয়েছে, সেটিও আগে দেখে নেওয়া জরুরি। বিমানের টিকিট ও হোটেল আগেভাগে বুক করলে খরচ কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়। শীতের পোশাকের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, পরিচয়পত্র এবং ভ্রমণসংক্রান্ত নথি সঙ্গে রাখুন। পাহাড়ি এলাকায় তুষারপাত বা আবহাওয়ার পরিবর্তনে যাতায়াত ব্যাহত হতে পারে, তাই ভ্রমণসূচিতে কিছুটা বাড়তি সময় রাখুন।

/এমএএল/
সম্পর্কিত
ঈশা খাঁর স্মৃতিবিজড়িত দুর্গে এক দিনের ভ্রমণ
উৎসবের ভিড় নিয়ন্ত্রণে দিল্লির রেলস্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি
ঘোড়দৌড় থেকে ৪ লাখ মানুষের ভোজ, মেয়ের বিয়ের বর্ণাঢ্য আয়োজনে আলোচনায় বিধায়ক
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪১, মামলা ৪৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪১, মামলা ৪৮
চেম্বারে ডেকে ইনজেকশন পুশে হত্যা, বস্তাবন্দি লাশ মিললো নদীতে
চেম্বারে ডেকে ইনজেকশন পুশে হত্যা, বস্তাবন্দি লাশ মিললো নদীতে
জনপ্রিয়তা নয়, ইরানের পরমাণু হুমকি ঠেকানোই ছিল ট্রাম্পের লক্ষ্য: রুবিও
জনপ্রিয়তা নয়, ইরানের পরমাণু হুমকি ঠেকানোই ছিল ট্রাম্পের লক্ষ্য: রুবিও
বিচারের অপেক্ষায় অপ্রতিমের বাবা-মা, একটাই প্রশ্ন তাদের
বিচারের অপেক্ষায় অপ্রতিমের বাবা-মা, একটাই প্রশ্ন তাদের
সর্বাধিক পঠিত
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী