সুন্দর সমুদ্রসৈকত কিংবা মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে সব সময় বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। ভারতের মহারাষ্ট্রের কোঙ্কন উপকূলেই রয়েছে এমন এক জায়গা, যার সৌন্দর্য এখনও অনেকের অজানা। সিন্ধুদুর্গ জেলার ভেঙ্গুরলার কাছে অবস্থিত নিভতি রকস ও বাতিঘর। নীল সমুদ্র, বিচিত্র পাথুরে গঠন আর নির্জন উপকূলের টানে জায়গাটি এখন সমাজমাধ্যমে নজর কাড়ছে।
সম্প্রতি শিবাঙ্গী নামে এক ভ্রমণ কনটেন্ট নির্মাতা এই জায়গার একটি ভিডিও ভাগ করে নিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, নৌকায় দুই থেকে তিন ঘণ্টার সফরে ঘুরে দেখা যায় উপকূলের একাধিক নির্জন ও অপরিচিত জায়গা। অন্যদের সঙ্গে নৌকা ভাগ করে নিলে জনপ্রতি খরচ পড়ে ৫০০ থেকে ৬০০ ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭০০ থেকে ৮৫০ টাকা। আর ব্যক্তিগতভাবে পুরো নৌকা ভাড়া করতে চাইলে খরচ পড়বে প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার রুপি, অর্থাৎ আনুমানিক ৫ হাজার ৬০০ থেকে ৭ হাজার টাকা।
এই নৌকাভ্রমণে দেখা যায় পুরনো ও নতুন বাতিঘর, ডলফিন পয়েন্ট, মহাত্রিচি চুল, সিক্রেট টানেল, নিভতি রকস, মিনি কেরল, সিগাল আইল্যান্ড, সুনামি আইল্যান্ড এবং নিভতি গোল্ডেন রকস-সহ প্রায় ১০ থেকে ১২টি জায়গা। পাথুরে উপকূল আর বিস্তীর্ণ সমুদ্রের দৃশ্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে।
তবে জায়গাটি ঘিরে কিছু সতর্কতাও রয়েছে। সমাজমাধ্যমে এক ব্যক্তি জানিয়েছেন, বাতিঘরে ওঠার পথ বর্তমানে সাধারণের জন্য সীমাবদ্ধ। সেখানে যেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হতে পারে। কোনও ঘাট না থাকায় নৌকা থেকে নামা এবং পাথুরে পথে ওঠাও বেশ বিপজ্জনক। তাই স্থানীয় প্রশাসনের নিয়ম মেনে এবং অভিজ্ঞ নৌচালকের সাহায্য নিয়েই এই ভ্রমণে যাওয়া উচিত।
নৌকাভ্রমণের জন্য শিবাঙ্গীর পরামর্শ, সকাল সকাল যাত্রা শুরু করা ভালো। সে সময়ে সমুদ্রে ডলফিন দেখার সুযোগ মিলতে পারে। তবে বন্যপ্রাণী বা প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না করে ঘোরার পাশাপাশি নির্জন ও সংরক্ষিত এলাকার নিয়ম মেনে চলাও জরুরি।