হিমালয়ের দুর্গম পাহাড়ি এলাকায় রেল যোগাযোগ সম্প্রসারণের বড় পরিকল্পনা নিয়েছে ভারত। প্রস্তাবিত বিলাসপুর-মানালি-লেহ রেলপথে তৈরি হতে পারে বিশ্বের সর্বোচ্চ রেলস্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৩৫৯ মিটার বা ১৭ হাজার ২৪৪ ফুট উচ্চতায় নির্মিত হওয়ার কথা স্টেশনটির। পরিকল্পনা বাস্তবায়িত হলে চীনের তাংগুলা রেলস্টেশনকেও ছাড়িয়ে যাবে এটি। চীনের স্টেশনটির তুলনায় ভারতের প্রস্তাবিত স্টেশনটি প্রায় ১৮৮ মিটার উঁচুতে অবস্থিত হবে।
ভারতীয় রেল মন্ত্রকের তরফে এই রেলপথের সমীক্ষা শেষ হয়েছে এবং তৈরি করা হয়েছে বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর)। প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ৩১ লাখ কোটি রুপি। তবে রেলপথ নির্মাণের চূড়ান্ত অনুমোদন এখনও মেলেনি। প্রস্তাবিত ৪৮৯ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের প্রায় ৫৫ শতাংশ, অর্থাৎ ২৭০ কিলোমিটারই হবে সুড়ঙ্গের ভেতর দিয়ে।
কোথায় হবে বিশ্বের সর্বোচ্চ রেলস্টেশন?
প্রস্তাবিত বিলাসপুর-লেহ রেলপথের অংশ হিসেবে লাদাখে তৈরি হতে পারে তেংলা রেলস্টেশন। মানালি-লেহ মহাসড়কের গুরুত্বপূর্ণ উঁচু গিরিপথ তাংলাং লা-র নিচে স্টেশনটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৩৫৯ মিটার উচ্চতায় অবস্থানের কারণে এটি বিশ্বের সর্বোচ্চ রেলস্টেশনের স্বীকৃতি পেতে পারে।
কোন কোন এলাকা জুড়বে রেলপথ?
প্রস্তাবিত রেলপথটি হিমাচল প্রদেশ ও লাদাখের একাধিক গুরুত্বপূর্ণ শহর ও জনপদকে যুক্ত করবে। এর মধ্যে রয়েছে বিলাসপুর, মান্ডি, মানালি, সিসু, কেলং, সারচু, রুমতসে, উপশি এবং লাদাখের খারু। পুরো রেলপথে তৈরি করার পরিকল্পনা রয়েছে ৬২টি সুড়ঙ্গ।
প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় বিশেষ ব্যবস্থা
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুটের বেশি উচ্চতায় বাতাসের চাপ ও অক্সিজেনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক কমে যায়। ফলে এই পথে চলাচলকারী যাত্রী ও সেনা সদস্যদের শ্বাসকষ্ট এবং তীব্র ঠান্ডার মতো সমস্যার মুখে পড়তে হতে পারে। সে কারণে ট্রেনের কামরায় চাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং হিটিং সিস্টেম রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিশেষ অক্সিজেন মাস্কের ব্যবস্থাও থাকবে।
কৌশলগত গুরুত্বও রয়েছে এই প্রকল্পের
চীন সীমান্তের কাছাকাছি হওয়ায় প্রস্তাবিত রেলপথটির কৌশলগত গুরুত্ব যথেষ্ট। এই রেল যোগাযোগ চালু হলে লাদাখের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে। সেনা ও প্রয়োজনীয় সরঞ্জাম সীমান্তবর্তী এলাকায় পৌঁছে দেওয়ার পাশাপাশি পণ্য ও যাত্রী পরিবহণেও সুবিধা হবে।
পর্যটনের প্রসার এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। শীতকালে ভারী তুষারপাতের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলেও রেলপথটি লাদাখের সঙ্গে দেশের অন্যান্য অংশের সংযোগ বজায় রাখতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
তবে প্রকল্পটি এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার জটিল ভূতাত্ত্বিক গঠন, চরম আবহাওয়া, খাড়া ঢাল এবং অত্যধিক উচ্চতায় নির্মাণকাজ চালানোর মতো একাধিক চ্যালেঞ্জ রয়েছে। ফলে প্রকল্পের বাস্তবায়ন কতটা দ্রুত সম্ভব হবে, তা নির্ভর করছে পরবর্তী অনুমোদন ও নির্মাণ পরিকল্পনার উপর।