মন্দিরে গিয়ে শিবের নটরাজ মুদ্রা অনুকরণ জার্মান পর্যটকদের!

ভারতের মন্দির দর্শনে গিয়ে দেবতার প্রতি শ্রদ্ধা জানাতে অভিনব পন্থা বেছে নিলেন এক দল জার্মান পর্যটক। তামিলনাড়ুর তাঞ্জাভুরের বিখ্যাত বৃহদেশ্বর মন্দিরে গিয়ে তারা অনুকরণ করলেন ভগবান শিবের নটরাজ রূপের আনন্দ তাণ্ডব নৃত্যের ভঙ্গি। তাদের সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

ভিডিওতে প্রথমে পর্যটকদের একসঙ্গে দাঁড়িয়ে সাধারণ গ্রুপ ছবি তুলতে দেখা যায়। এরপর দলের এক মহিলা শিবের নটরাজ মুদ্রায় দাঁড়ানোর চেষ্টা করেন। তাকে দেখে উৎসাহিত হন বাকিরাও। একে একে দলের প্রায় সবাই সেই ভঙ্গি অনুকরণ করতে শুরু করেন। কেউ বেশ নিখুঁতভাবে মুদ্রাটি করতে পারলেও, কারও কারও পক্ষে এক পায়ে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে। বয়স ও শারীরিক সক্ষমতার কারণে কয়েক জনের চেষ্টা অবশ্য খুব সহজ ছিল না। দলের এক পর্যটক আবার একাই সামনে এসে নটরাজের ভঙ্গি করে দেখান। তার চেষ্টা দেখে মুগ্ধ হন বাকিরা।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় বৃহদেশ্বর মন্দির

তামিলনাড়ুর অন্যতম বিখ্যাত এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন চোল সম্রাট প্রথম রাজরাজ চোল। ১০০৩ থেকে ১০১০ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত মন্দিরটি শিবের উদ্দেশে উৎসর্গ করা। এখানে দেবতা পূজিত হন বৃহদেশ্বর বা পেরুভুদাইয়ার নামে। গ্রানাইট পাথরের তৈরি মন্দিরটির ভিত্তি মাটি থেকে প্রায় পাঁচ ফুট উঁচুতে অবস্থিত।

স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্বের কারণে ১৯৮৭ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা করে নেয় এই মন্দির। একাদশ শতকের ব্রোঞ্জের নটরাজ মূর্তিও এখানকার অন্যতম আকর্ষণ। মূর্তিতে শিবকে মহাজাগতিক নৃত্যের ভঙ্গিতে দেখা যায়। হিন্দু ধর্মীয় বিশ্বাসে এই নৃত্য সৃষ্টির, স্থিতি ও ধ্বংসের চক্রের প্রতীক।

শিবের মূল মন্দির ছাড়াও মন্দির চত্বরে রয়েছে নন্দী, দেবী পার্বতী, কার্তিক ও গণেশের জন্য পৃথক মন্দির। এ ছাড়া দক্ষিণামূর্তি, বারাহী এবং তিরুভারুরের তিয়াগরাজের মন্দিরও রয়েছে। ইতিহাস, স্থাপত্য আর ধর্মীয় ঐতিহ্যের মেলবন্ধনে বৃহদেশ্বর মন্দির তাই পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের জায়গা।