দীপাবলির ছুটি কাটাতে জঙ্গলে সোহা-কুণাল, দেখা পেলেন বাঘের

দীপাবলির ছুটি মানেই আলোর উৎসব, পার্টি কিংবা শহরের কোলাহল নয়। এবার পরিবারের সঙ্গে উৎসবের দিনগুলো প্রকৃতির কোলে কাটালেন বলিউড অভিনেত্রী সোহা আলি খান ও অভিনেতা কুণাল খেমু। সঙ্গে ছিল তাদের মেয়ে ইনায়া। মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে জঙ্গলের মাঝে দ্বীপাবলি উদ্‌যাপন করলেন তারা।

সোশ্যাল মিডিয়ায় সেই ছুটি কাটানোর নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন সোহা। কখনও মেয়ের সঙ্গে রঙ্গোলি তৈরি করছেন, কখনও আবার থাকার জায়গায় প্রদীপ জ্বালাচ্ছেন। সন্ধ্যায় জঙ্গলের পথে হাঁটার ছবিও পোস্ট করেছেন তিনি। ছবির সঙ্গে সোহা লিখেছেন, এবার শহরের বন্ধুদের বদলে জঙ্গলের বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন তাঁর। নিরিবিলি, শান্ত পরিবেশে দারুণ আনন্দে কেটেছে তাদের দীপাবলি।

অপরদিকে কুণাল ভাগ করে নিয়েছেন জঙ্গল সাফারির অভিজ্ঞতা। তার ছবিতে দেখা গিয়েছে নদীর ধারে বাঘের আনাগোনা। একটি বাঘকে নদীর জল পান করতেও দেখা গিয়েছে। এ ছাড়াও গাছের ডালে বসে থাকা পেঁচাসহ নানা প্রজাতির পাখির ছবি তুলেছেন তিনি।

তাডোবা ভ্রমণের পরিকল্পনা করবেন কীভাবে?

মহারাষ্ট্রের প্রাচীনতম ও বৃহত্তম জাতীয় উদ্যান তাডোবা-আন্ধারি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে যেতে হলে আগে থেকে পরিকল্পনা করা জরুরি। জঙ্গলে প্রবেশের জন্য অনুমতি বা সাফারি পারমিট প্রয়োজন। মহারাষ্ট্র বন দফতরের সরকারি ‘মহাফরেস্ট ট্যুরিস্ট হাব’ পোর্টাল থেকেই এই পারমিট বুক করতে হয়। ভ্রমণের ১২০ দিন আগে থেকে অনলাইনে বুকিং শুরু হয়। শীত ও পর্যটনের ভরা মৌসুমে মূল জঙ্গলের সাফারির পারমিট দ্রুত শেষ হয়ে যায়। সাফারির ঠিক আগে অনলাইনে শেষ মুহূর্তের বুকিংয়ের সুযোগও পাওয়া যেতে পারে।

কখন যাবেন?

বাঘ দেখার আশায় তাডোবা যেতে চাইলে মার্চ থেকে জুন মাস উপযুক্ত সময়। গরমে জঙ্গলের জলাশয়গুলি শুকিয়ে আসায় বাঘেরা অবশিষ্ট জলাশয়ের আশপাশে বেশি ঘোরাফেরা করে। তবে এ সময়ে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

অপরদিকে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া তুলনামূলক মনোরম থাকে। বর্ষার পর সবুজে ভরে ওঠে জঙ্গল। পাখি দেখা ও ছবি তোলার জন্যও এই সময় ভালো। তবে ভোরের দিকে বেশ ঠান্ডা থাকে। বর্ষার কারণে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মূল জঙ্গলের সাফারি বন্ধ থাকে।

কীভাবে যাবেন?

বিমানে গেলে নামতে হবে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে গাড়িতে প্রায় তিন ঘণ্টায়, ১৪০ কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছনো যায় তাডোবায়। ট্রেনে গেলে নিকটবর্তী চন্দ্রপুর স্টেশন থেকে মোহরলি গেটের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। এছাড়া নাগপুর জংশনেও নামতে পারেন। নাগপুর বা চন্দ্রপুর থেকে গাড়ি ভাড়া করে গন্তব্যে পৌঁছনো যায়। সাফারির নির্দিষ্ট সময় অনুযায়ী খোলা জিপসির ব্যবস্থা করে দিতে পারে সেখানকার রিসোর্টগুলিও।