মাইকেল জ্যাকসনের ২৭০০ একরের স্বপ্নের দুনিয়ার গল্প

গান ও নাচের জাদুতে সারা বিশ্বকে মুগ্ধ করেছিলেন মাইকেল জ্যাকসন। তবে তাঁর ব্যক্তিগত জীবনেও ছিল এক বিস্ময়কর অধ্যায়। ক্যালিফোর্নিয়ায় প্রায় ২৭০০ একর জমি জুড়ে তৈরি করেছিলেন নিজের স্বপ্নের জগৎ। সেখানে ছিল চিড়িয়াখানা, সিনেমা হল, থিম পার্ক, নাগরদোলা, খেলনা ট্রেন—কী ছিল না! এই বিশাল সম্পত্তির নাম ছিল ‘নেভারল্যান্ড র‌্যাঞ্চ’।

খামারবাড়ি থেকে নেভারল্যান্ড

ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টিতে অবস্থিত এই সম্পত্তির আদি নাম ছিল ‘জাকা লাদেরাস র‌্যাঞ্চ’। ১৯৮১ সালে সম্পত্তিটি কেনেন নির্মাণ ব্যবসায়ী উইলিয়াম বোন। পরে নাম বদলে রাখেন ‘সাইকামোর ভ্যালি র‌্যাঞ্চ’। সেখানে তৈরি হয় বড় বাড়ি, বাগান, পাথরের সেতু এবং জলপ্রপাতসহ চার একরের একটি হ্রদ।

১৯৮৩ সালে পল ম্যাককার্টনির সঙ্গে দেখা করতে গিয়ে প্রথম এই জায়গাটি দেখেছিলেন মাইকেল। তখন সেখানে ‘সে সে সে’ গানের মিউজিক ভিডিওর শুটিং চলছিল। এর পাঁচ বছর পর, ১৯৮৮ সালে সম্পত্তিটি কিনে নেন তিনি।

নিজস্ব বিনোদনের দুনিয়া

‘পিটার প্যান’ গল্পের সেই কল্পনার দ্বীপের নামেই সম্পত্তির নাম রাখেন ‘নেভারল্যান্ড’। গল্পের দ্বীপে শিশুরা কখনও বড় হয় না। সেই ভাবনা থেকেই নিজের বাড়িকে কার্যত ব্যক্তিগত বিনোদন পার্কে পরিণত করেন মাইকেল।

সেখানে ছিল ফরাসি ধাঁচের বাড়ি, সিনেমা হল, রেলস্টেশন, হ্রদ এবং নানা ধরনের বিনোদনের ব্যবস্থা। নাগরদোলা, ক্যারোসেল, বাম্পার কার ছাড়াও ছিল ছোটদের জন্য চিড়িয়াখানা। বিশাল সম্পত্তির বিভিন্ন অংশে যাতায়াতের জন্য ছিল রেললাইনও। মায়ের নামে একটি স্টেশনের নাম রেখেছিলেন ‘ক্যাথরিন স্টেশন’। সেখানে ছিল ফুল দিয়ে তৈরি বিশাল ঘড়ি।

যেভাবে বদলে গেল নেভারল্যান্ড

২০০৩ সালে একটি তদন্তের সূত্রে নেভারল্যান্ডে তল্লাশি চালায় পুলিশ। সেই ঘটনার পর আর সেখানে থাকতে ফেরেননি মাইকেল। তাঁর বোন লা টয়া জ্যাকসনের লেখা বই ‘স্টার্টিং ওভার’ অনুযায়ী, নেভারল্যান্ডকে আর নিজের বাড়ি বলে মনে করতেন না তিনি। ২০০৯ সালে তাঁর মৃত্যুর পর সম্পত্তিটির আর্থিক সমস্যাও বাড়তে থাকে।

এক সময় নেভারল্যান্ডের পরিচিত বিনোদনের সরঞ্জামগুলি সরিয়ে বিক্রি করে দেওয়া হয়। সেগুলির কিছু পরে আমেরিকার বিভিন্ন মেলা ও বিনোদন পার্কে জায়গা পায়। ২০০৯ সালের মধ্যে নেভারল্যান্ডের অধিকাংশ বিনোদন পার্কই আর অবশিষ্ট ছিল না।

ফিরল পুরনো নাম

পরে সম্পত্তিটির পুরনো নাম ‘সাইকামোর ভ্যালি র‌্যাঞ্চ’ ফিরিয়ে আনা হয়। ২০১৫ সালে ১০ কোটি ডলার দাম চেয়ে বাজারে তোলা হয়েছিল এটি। পরে দাম কমে ২০১৯ সালে দাঁড়ায় ৩১০ লাখ ডলারে। অবশেষে ২০২০ সালের ডিসেম্বরে ২ কোটি ২০ লাখ ডলারে সম্পত্তিটি কিনে নেন ধনকুবের ব্যবসায়ী রোনাল্ড বার্কল।

এক সময় যে জায়গা ছিল মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত স্বপ্নের রাজ্য, আজ সেখানে আর নেই সেই জাঁকজমকপূর্ণ বিনোদন পার্ক। রয়ে গিয়েছে ক্যালিফোর্নিয়ার এক বিশাল ব্যক্তিগত খামারবাড়ি।