লবণের মরুভূমিতে উৎসবের আমেজ, শীতে ঘুরে আসুন ভারতের কচ্ছের রণ

চারদিকে যতদূর চোখ যায়, শুধু সাদা লবণের আস্তরণ। দিনের আলোয় ঝলমলে সেই প্রান্তর, আবার পূর্ণিমার রাতে চাঁদের আলোয় রুপালি হয়ে ওঠে। এমন অসাধারণ দৃশ্য দেখতে চাইলে শীতের ছুটিতে ঘুরে আসতে পারেন ভারতের গুজরাটের কচ্ছের রণে। প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে রণ উৎসব। চলবে আগামী ৭ মার্চ ২০২৭ পর্যন্ত। বাংলাদেশ থেকে যারা শীতের ছুটিতে একটু অন্য রকম অভিজ্ঞতার খোঁজ করছেন, তাদের জন্য হতে পারে আকর্ষণীয় গন্তব্য।

উৎসবে পরিবেশন করা হয় গুজরাতি লোকনৃত্য (ছবি: সংগৃহীত)

কেন যাবেন কচ্ছের রণে?

গুজরাতের উত্তর-পশ্চিমে পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত কচ্ছের রণ। থর মরুভূমির বিস্তৃত এই অঞ্চল বর্ষাকালে পানিতে ডুবে থাকে। শীতের শুরুতে পানি শুকিয়ে গেলে মাটির উপর জমে থাকে লবণের সাদা আস্তরণ। তৈরি হয় চোখধাঁধানো সাদা মরুভূমি। এই প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করেই ধোরডো গ্রামে আয়োজন করা হয় রণ উৎসব।

উৎসবের সময় গোটা এলাকা সেজে ওঠে রঙিন সাজে। গুজরাতি লোকনৃত্য, লোকসংগীত, স্থানীয় হস্তশিল্পের পসরা, উটের পিঠে ঘোরা এবং নানা ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসসহ জমজমাট পরিবেশ। পর্যটকদের থাকার জন্য তৈরি হয় অস্থায়ী তাঁবুর শহর। সেখানে সাধারণ তাঁবু থেকে শুরু করে শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল স্যুট, খাবার ও অন্যান্য পরিষেবার ব্যবস্থা থাকে।

উৎসবের সময় গোটা এলাকা সেজে ওঠে রঙিন সাজে (ছবি: সংগৃহীত)

পূর্ণিমার রাতে রণের সৌন্দর্য

কচ্ছের রণ দেখার অন্যতম সেরা সময় পূর্ণিমার রাত। চাঁদের আলোয় বিস্তীর্ণ সাদা লবণভূমি রুপালি হয়ে ওঠে। এবারের উৎসবে ২২-২৫ নভেম্বর, ২১-২৪ ডিসেম্বর, ২০-২৩ জানুয়ারি এবং ১৮-২১ ফেব্রুয়ারি বিশেষ চন্দ্রালোকে রণ দেখার ব্যবস্থা রয়েছে।

কী কী দেখবেন?

হোয়াইট রণ: কচ্ছ ভ্রমণের মূল আকর্ষণ এই সাদা লবণভূমি। সূর্যোদয়, সূর্যাস্ত এবং পূর্ণিমার রাতে এর রূপ আলাদা। ছবি তোলার জন্যও আদর্শ জায়গা।

এ সময় কচ্ছের স্থানীয় শিল্প ও হস্তশিল্পের সঙ্গে পরিচিত হতে পারবেন (ছবি: সংগৃহীত)

কালো ডুঙ্গর: কচ্ছের সর্বোচ্চ স্থান কালো ডুঙ্গর থেকে বিস্তীর্ণ রণ দেখা যায়। এখানকার কথিত ম্যাগনেটিক রোড পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়।

শিল্পীদের গ্রাম: কচ্ছের স্থানীয় শিল্প ও হস্তশিল্পের সঙ্গে পরিচিত হতে ঘুরে দেখতে পারেন আশপাশের শিল্পীদের গ্রাম। রোগান আর্ট, কাচের কাজ এবং রঙিন কচ্ছি পোশাক কেনার সুযোগও রয়েছে।

ভুজ: কচ্ছ ভ্রমণে ভুজ শহরও ঘুরে দেখতে পারেন। এখানে রয়েছে ঐতিহাসিক প্রাগ মহল, কচ্ছ মিউজ়িয়াম এবং ২০০১ সালের ভূমিকম্পের স্মৃতিবিজড়িত স্মৃতিবন।

ধোলাভিরা: ইতিহাসপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধোলাভিরা। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই স্থানে প্রাচীন নগরসভ্যতার নানা নিদর্শন দেখা যায়।

সাদা লবণের মরুভূমিতে বসে স্থানীয় লোকসংগীতের সঙ্গে মেতে ওঠেন পর্যটকেরাও (ছবি: সংগৃহীত)

কোথায় থাকবেন?

রণ উৎসবের অন্যতম আকর্ষণ ধোরডোর অস্থায়ী তাঁবুর শহরে রাত কাটানো। এখানে বিভিন্ন বাজেটের থাকার ব্যবস্থা রয়েছে। বিলাসবহুল দরবারি ও রাজওয়াড়ি স্যুটে আলাদা বসার ঘর ও উন্নত পরিষেবা পাওয়া যায়। এ ছাড়া রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিমিয়াম তাঁবু এবং তুলনামূলক কম খরচের স্ট্যান্ডার্ড তাঁবু। অধিকাংশ তাঁবুতেই শৌচাগার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকে। উৎসবের সময়ে পর্যটকের ভিড় বাড়ে, তাই আগে থেকে বুকিং করে রাখা ভাল।

বাংলাদেশ থেকে কী ভাবে যাবেন?

বাংলাদেশ থেকে কচ্ছের রণে যেতে প্রথমে গুজরাতের ভুজ অথবা আহমেদাবাদ পৌঁছতে হবে। ঢাকা থেকে আহমেদাবাদ যাওয়ার বিমানপথের সুবিধা ও সংযোগকারী উড়ানের তথ্য দেখে টিকিট কাটতে পারেন। সরাসরি উড়ান না পেলে অন্য শহর হয়ে যেতে হবে। আহমেদাবাদ থেকে ভুজের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। ট্রেন বা বাসে ভুজ পৌঁছনো যায়। ভুজ থেকে ধোরডো ও রণের বিভিন্ন দর্শনীয় স্থানে যেতে গাড়ি ভাড়া করতে পারেন।