আন্তর্জাতিক রুটে দেশি-বিদেশি সব এয়ারলাইন্সকে ভাড়া পর্যালোচনার নির্দেশ বেবিচকের

বাংলাদেশে আন্তর্জাতিক রুটে চলাচলকারী দেশি-বিদেশি সব এয়ারলাইন্সের বিমান ভাড়া পর্যালোচনা করে যৌক্তিক পর্যায়ে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক রুটের মতো বাংলাদেশ রুটেও যাত্রীসেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১১ নভেম্বর) বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলামের সই করা এ-সংক্রান্ত চিঠি বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটির কাছে পাঠানো হয়েছে।

বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু এয়ারলাইন্সের উড়োজাহাজের যাত্রী কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন ও অপরিপাটি অবস্থায় পাওয়া গেছে।

এ অবস্থায় প্রতিটি ফ্লাইট উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন যথাযথভাবে পরিষ্কার করার পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশ নিয়মিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার জন্য এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কিছু এয়ারলাইন্স অপারেটর তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দিচ্ছে। এ পরিস্থিতি নিরসনে বাংলাদেশ রুটে উড্ডয়ন নিরাপত্তা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উপযুক্ত মানের উড়োজাহাজ পরিচালনার আহ্বান জানিয়েছে বেবিচক।

একই সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে মানের স্বাচ্ছন্দ্য ও সেবা দেওয়া হয়, বাংলাদেশে আসা-যাওয়া করা যাত্রীদের ক্ষেত্রেও একই মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। আন্তর্জাতিক রুটভেদে যাত্রীরা যাতে সেবার মানের ক্ষেত্রে বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিমান ভাড়া প্রসঙ্গে বেবিচকের পর্যবেক্ষণে বলা হয়েছে, ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত যাত্রীসেবার তুলনায় কিছু রুটে ভাড়া অপেক্ষাকৃত বেশি। এ পরিপ্রেক্ষিতে ভ্রমণের দূরত্ব বিবেচনায় বিমান ভাড়া পর্যালোচনা করে যৌক্তিক মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স অপারেটরদের অনুরোধ জানানো হয়েছে।

বেবিচকের নির্দেশনায় উড়োজাহাজের নিয়মিত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত ভ্রমণ পরিবেশ, উপযুক্ত মানের উড়োজাহাজ ব্যবহার, যৌক্তিক বিমান ভাড়া এবং যাত্রীদের জন্য নিরাপদ ও আরামদায়ক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এসব বিষয়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সেবার মান যাচাইয়ের লক্ষ্যে বেবিচক নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।