পাকিস্তানের বিলাসবহুল ট্রেনে চড়ে হতাশ ইউটিউবার!

বিলাসবহুল ট্রেনে সফর মানেই আরামদায়ক আসন, আধুনিক পরিষেবা এবং সময়মতো গন্তব্যে পৌঁছনোর প্রত্যাশা। পাকিস্তানের অন্যতম আধুনিক ট্রেন ‘গ্রিন লাইনে’ চড়ে সেই অভিজ্ঞতাই নিতে চেয়েছিলেন ভারতীয় ইউটিউবার ডা. নবাঙ্কুর চৌধুরী। কিন্তু ট্রেনের বাইরের চাকচিক্যের সঙ্গে ভেতরের অভিজ্ঞতা পুরোপুরি মেলেনি। সফর শেষে বেশ কিছু বিষয় নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।

মুলতান থেকে লাহোর পর্যন্ত ট্রেনযাত্রার অভিজ্ঞতা ইউটিউবে ভিডিও করে ভাগ করে নিয়েছেন নবাঙ্কুর। তার কথায়, ভারতের মতো সহজে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি। বিভিন্ন অ্যাপে আসন ও ভাড়ার তথ্য দেখা গেলেও বারবার পেমেন্ট গেটওয়েতে সমস্যা হচ্ছিল। শেষ পর্যন্ত মুলতান ক্যান্টনমেন্ট স্টেশনের সংরক্ষণ কাউন্টার থেকেই টিকিট কাটতে হয় তাকে।

পাকিস্তান রেলওয়ের গ্রিন লাইনকে সে দেশের আধুনিক ট্রেন পরিষেবাগুলির অন্যতম বলে মনে করা হয়। দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিকে যুক্ত করে এই ট্রেন। ভারতের রাজধানী এক্সপ্রেসের সঙ্গেও অনেকে এর তুলনা করেন। নবাঙ্কুর ও তার বন্ধুরা জনপ্রতি ২৯৫০ পাকিস্তানি রুপি দিয়ে টিকিট কাটেন, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১০১০ টাকা।

তবে ট্রেনে ওঠার আগেই অপেক্ষা করতে হয় তাদের। করাচি থেকে আসা ট্রেনটি খানেওয়াল স্টেশনে পৌঁছতে প্রায় দেড় ঘণ্টা দেরি করে। লাইভ ট্রেন ট্র্যাকিং অ্যাপেও সেই দেরির তথ্য দেখা যাচ্ছিল।

ট্রেনের ভিতরে কী কী সুবিধা?

ট্রেনে উঠে বেশ কয়েকটি আধুনিক সুবিধা দেখে অবাক হন নবাঙ্কুর। প্রতিটি আসনের সামনে ছিল এলসিডি স্ক্রিন। সেখানে চীনা ভাষাসহ একাধিক ভাষার বিকল্প ছিল। আসনগুলোও পুরোপুরি ঘোরানো যায়। জাপানের কয়েকটি ট্রেনের আসনের সঙ্গে এর তুলনা করেছেন তিনি।

টিকিটের দামের মধ্যেই দুপুরের খাবারের ব্যবস্থা ছিল। মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন, নান এবং মিষ্টি। তবে নিরামিষাশী যাত্রীদের জন্য বিকল্প ছিল সীমিত। তাদের জন্য মূলত ডালই পাওয়া যাচ্ছিল।

গতি ও সময়ানুবর্তিতা নিয়ে প্রশ্ন

ট্রেনের আধুনিক সাজসজ্জা নজর কাড়লেও গতি ও সময়ানুবর্তিতা নিয়ে সন্তুষ্ট হতে পারেননি নবাঙ্কুর। তার দাবি, মুলতান থেকে খানেওয়াল যাওয়ার পথে পানি ভরার জন্য ট্রেনটি প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে ছিল। ফলে নির্ধারিত সময়ের তুলনায় সফর অনেকটাই দীর্ঘ হয়ে যায়।

এ ছাড়াও রেলপথের কিছু অংশে সিঙ্গল ট্র্যাক থাকায় বিভিন্ন স্টেশনে ট্রেনকে বারবার দাঁড়াতে হচ্ছিল বলে জানিয়েছেন তিনি। তার মতে, এই ধরনের বিলম্বের কারণে দ্রুত গন্তব্যে পৌঁছাতে চান এমন যাত্রীদের কাছে ট্রেনের বদলে সড়কপথ বেশি সুবিধাজনক।

সব মিলিয়ে কয়েক ঘণ্টার সফর শেষে লাহোর স্টেশনে পৌঁছন নবাঙ্কুর ও তার বন্ধুরা। ট্রেনের আধুনিক সুযোগ-সুবিধা তাকে মুগ্ধ করলেও গতি ও দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা প্রত্যাশা পূরণ করতে পারেনি।