ইউরোপের গ্রামীণ জীবন কেমন? সেই অভিজ্ঞতাই সাত দিন ধরে চাক্ষুষ করলেন ভারতীয় ইউটিউবার অভিনব রেড্ডি। ঋষিকেশে বেড়াতে গিয়ে রুশ তরুণী মারিয়ার সঙ্গে আলাপ হয়েছিল তার। সেই সূত্রেই মারিয়ার আমন্ত্রণে বেলারুশে তার পরিবারের সঙ্গে সাত দিন কাটানোর সুযোগ পান অভিনব।
অভিনবের কথায়, রাশিয়ার কাছাকাছি হলেও বেলারুশে পর্যটকদের আনাগোনা খুব বেশি নয়। তবে দেশটিতে গিয়ে সেখানকার মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতি তাকে মুগ্ধ করেছে। এমনকি বেলারুশকে নিজের প্রিয় দেশ বলেও উল্লেখ করেছেন তিনি।
সফরে মারিয়ার স্কুলেও গিয়েছিলেন অভিনব। সেখানে ভারতীয় কুর্তা পরে পড়ুয়াদের ‘নমস্তে’ বলতে ও ভারতীয় কায়দায় অভিবাদন জানাতে শেখান তিনি। গ্রামের পথে হাঁটা, চাষের জমিতে লাঙল চালানো সবই ছিল তার অভিজ্ঞতার ঝুলিতে।
বেলারুশের গ্রামীণ জীবন নিয়ে অভিনবের উপলব্ধি, সেখানে গ্রাম মানে শুধু কয়েকটি বাড়ির সমষ্টি নয়, বরং এক বড় পরিবার। প্রায় সকলেই একে অপরকে চেনেন। একসঙ্গে হাঁটেন, বারবিকিউ করেন, ছোট-বড় নানা আনন্দ ভাগ করে নেন। বিদেশিদের সঙ্গে খুব বেশি মেলামেশার অভ্যাস না থাকলেও মারিয়ার পরিবারের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন তিনি। তাঁর মতে, ভালবাসার কাছে ভাষার ব্যবধানও তুচ্ছ।
মারিয়া তাকে তাদের বাড়িতে তৈরি ঐতিহ্যবাহী ‘বানিয়া’ বা বাষ্পস্নানের ঘরও ঘুরিয়ে দেখান। কাঠের উনুনের তাপে তৈরি এই বিশেষ বাষ্পস্নানের ব্যবস্থা রাশিয়াসহ পূর্ব ইউরোপের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয়। মারিয়ার বাবাই তৈরি করেছেন সেই ঘর।
অভিনবের ভিডিয়োয় মুগ্ধ নেটাগরিকেরাও। কেউ বেলারুশের গ্রামের পরিবেশ ও মানুষের আন্তরিকতার প্রশংসা করেছেন, কেউ আবার মজার ছলে তাকে ‘ডোরা দ্য এক্সপ্লোরার’-এর পুরুষ সংস্করণ বলে উল্লেখ করেছেন। মারিয়াও মন্তব্য করেছেন, ‘এখন তুমি আমাদের পরিবারেরই একজন।’