ভারতে এসে ১০ বিষয় দেখে অবাক ফিনল্যান্ডের পরিবার

ফিনল্যান্ড থেকে সন্তানদের নিয়ে ভারতে এসে মুম্বাইয়ে থাকতে শুরু করেছেন টুকো ও জানিকা। দেশটির সংস্কৃতি, জীবনযাপন এবং নানা পরিষেবা দেখে রীতিমতো মুগ্ধ এই দম্পতি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ভারতে তাদের ভালো লাগার ১০ দিক তুলে ধরেছেন তারা। তাদের মতে, এমন কিছু সুবিধা রয়েছে ভারতে, যা অন্য দেশে থাকলে সহজে পাওয়া যায় না।

ভারতের যে ১০ বিষয় মুগ্ধ করেছে দম্পতিকে

প্রথমেই তাদের নজর কেড়েছে ভারতের সিনেমা হল। বিশেষ করে শিশুদের জন্য সিনেমা হলের দেওয়াল ঘেঁষে তৈরি স্লাইড দেখে অবাক হয়েছেন তারা। দ্রুত খাবার পৌঁছে দেওয়ার অ্যাপ পরিষেবাও বেশ পছন্দ হয়েছে তাদের।

মুম্বাই মেট্রোর পরিচ্ছন্নতা, আধুনিক পরিকাঠামো এবং সাশ্রয়ী ভাড়া নিয়েও প্রশংসা করেছেন টুকো ও জানিকা। বাড়ি পরিষ্কার করা, মেরামতি কিংবা বিভিন্ন জিনিস বসানোর মতো পরিষেবা অ্যাপের মাধ্যমে বুক করার সুবিধাও তাদের ভালো লেগেছে।

ভারতের কেনাকাটার সংস্কৃতিও তাদের নজর এড়ায়নি। রাস্তার ছোট দোকান থেকে বিশাল শপিং মলসহ সব ধরনের কেনাকাটার সুযোগ রয়েছে এখানে। পাশাপাশি বেসরকারি চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং অ্যাপের মাধ্যমে অ্যাম্বুল্যান্স বুক করার সুবিধাও তাদের অবাক করেছে।

ট্যাক্সি বুকিং থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা পরিষেবা সব কিছুই ডিজিটাল মাধ্যমে পাওয়ার সুবিধাকে ইতিবাচক বলে মনে করেছেন তারা। বিশেষ করে মাত্র ১০ মিনিটে মুদিখানার জিনিস বাড়িতে পৌঁছে দেওয়ার পরিষেবা তাদের কাছে বেশ চমকপ্রদ। তাদের তালিকার শেষ বিষয়টি হল ইউপিআই পেমেন্ট। একটি কলা কেনার মতো সামান্য লেনদেনও ডিজিটাল মাধ্যমে করা যায়, যা তাদের বিশেষ ভাবে মুগ্ধ করেছে।

দম্পতির কথায়, ১০ মিনিটে জিনিস পৌঁছে দেওয়া, ইউপিআই পেমেন্ট, আধুনিক সিনেমা হল থেকে শুরু করে দৈনন্দিন নানা পরিষেবা প্রতিনিয়তই নতুন করে অবাক করছে ভারত। তাদের মতে, অন্য দেশগুলিও ভারতের কাছ থেকে কিছু বিষয় শিখতে পারে।

মুম্বাইয়ের ব্যস্ত রবিবারেও যানজট নেই!

মুম্বাইয়ে তাদের দৈনন্দিন জীবনের নানা মুহূর্তও সমাজমাধ্যমে ভাগ করে নেন টুকো ও জানিকা। সম্প্রতি একটি ভিডিওতে শহরের রবিবারের বিকালের ছবি তুলে ধরেছেন তারা। দক্ষিণ মুম্বাইয়ের কালা ঘোড়া এলাকায় পরিবারের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন দম্পতি। তাদের অবাক করেছে, ব্যস্ত শহর হওয়া সত্ত্বেও সেই সময়ে রাস্তায় ছিল না যানজট, শোনা যায়নি গাড়ির হর্নও।

রোদ ঝলমলে আবহাওয়ায় কালা ঘোড়ার পাথর বাঁধানো রাস্তা ধরে হাঁটাহাঁটি করেন তারা। পরে একটি ক্যাফেতে কফি ও হালকা খাবারও উপভোগ করেন। মুম্বাইয়ের এই শান্ত, ছিমছাম ছবিও তাদের ভালো লেগেছে।