নতুন কোনও শহরে বেড়াতে গেলে সাধারণত দর্শনীয় স্থান দেখা, স্থানীয় খাবার চেখে দেখা কিংবা কেনাকাটা করাই পর্যটকদের পছন্দ। কিন্তু এখন ভ্রমণের দুনিয়ায় দেখা যাচ্ছে এক অদ্ভুত প্রবণতা। কেউ বিদেশে যাচ্ছেন শুধুমাত্র একটি টোট ব্যাগ কিনতে, কেউ আবার প্যারিসের বিলাসবহুল হোটেলের টেডি বিয়ার সংগ্রহ করতে। পছন্দের জিনিসটি অন্য কোথাও পাওয়া যাবে না বলেই তার খোঁজে দূর দেশে পাড়ি দিচ্ছেন অনেকে।
ভ্রমণ সংস্থা স্কাইস্ক্যানার এই নতুন প্রবণতার নাম দিয়েছে ‘পিলগ্রা-মার্চ’। অর্থাৎ, কোনও নির্দিষ্ট জায়গার বিশেষ পণ্য বা স্মারক সংগ্রহ করতে সেই জায়গায় ভ্রমণ করা। পছন্দের জিনিসটি কেনার আনন্দের পাশাপাশি সেটি খুঁজে পাওয়ার অভিজ্ঞতাও এই প্রবণতার অন্যতম আকর্ষণ। স্কাইস্ক্যানারের একটি সমীক্ষা অনুযায়ী, গত ১২ মাসে ২৩ শতাংশ পর্যটক এমন কিছু কেনার জন্য ভ্রমণ করেছেন, যা অনলাইনে অর্ডার করে পাওয়া সম্ভব নয়।
ট্রেডার জো'সের ব্যাগ থেকে প্যারিসের টেডি বিয়ার
আমেরিকার জনপ্রিয় সুপারমার্কেট চেন ‘ট্রেডার জো’স’-এর টোট ব্যাগ এই প্রবণতার অন্যতম উদাহরণ। সাধারণত বাজার করার কাজে ব্যবহৃত কাপড়ের এই ব্যাগ সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর ফ্যাশন অনুরাগীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। টিকটকে জনপ্রিয়তা পাওয়ার পর আন্তর্জাতিক স্তরেও পরিচিতি পেয়েছে ব্যাগটি। স্কাইস্ক্যানারের তথ্য অনুযায়ী, এক বছরে ট্রেডার জো'সের টোট ব্যাগ সংক্রান্ত ভিডিয়োর ভিউ বেড়েছে ১৬৭ শতাংশ।
আবার প্যারিসের বিলাসবহুল হোটেল ‘রিটজ প্যারিস’-এর টেডি বিয়ারও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। হোটেলের নাম লেখা এই খেলনা সংগ্রহ করতে আগ্রহী বহু পর্যটক। চাহিদা এতটাই বেড়েছে যে ফ্যাশন ব্র্যান্ড ‘ফ্রেম’-এর সঙ্গে যৌথ উদ্যোগেও বিশেষ সংগ্রহ তৈরি করেছে হোটেলটি।
স্কাইস্ক্যানারের সমীক্ষায় দেখা গিয়েছে, ২৪ শতাংশ মিলেনিয়াল পর্যটক বিলাসবহুল হোটেলের নাম লেখা বাথরোব বা টুপি কিনে গর্ব অনুভব করেন। অন্য দিকে, জেন জ়ি পর্যটকদের ২১ শতাংশ এমন বিশেষ সংস্করণের মুদিখানার টোট ব্যাগ সংগ্রহ করতে পছন্দ করেন, যা অন্য কোথাও পাওয়া যায় না।
কেন বাড়ছে এই প্রবণতা?
ফ্যাশন মনোবিদ শাকাইলা ফোর্বস-বেলের মতে, এই প্রবণতার পিছনে রয়েছে নতুন ও ব্যতিক্রমী অভিজ্ঞতা পাওয়ার আকাঙ্ক্ষা। শুধু কোনও জায়গার স্মারক কিনে আনাই এখন পর্যটকদের কাছে যথেষ্ট নয়। বরং এমন কিছু সংগ্রহ করতে চান, যার সঙ্গে নির্দিষ্ট জায়গা বা অভিজ্ঞতার যোগ রয়েছে।
কোনও বিশেষ পণ্য যখন সমাজমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে, তখন সেটি সংগ্রহ করা এক ধরনের পরিচিতির প্রতীক হয়ে দাঁড়ায়। অন্যদের কাছে যা সহজে পাওয়া যায় না, তা নিজের সংগ্রহে রাখার আনন্দও আলাদা। তাঁর মতে, ‘পিলগ্রা-মার্চ’ আসলে এমন এক প্রবণতা, যেখানে কোনও জায়গায় যাওয়ার প্রমাণ হিসেবে শুধু ছবি নয়, সেখানকার বিশেষ পণ্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
পরের ভ্রমণে কী ভাবে এই প্রবণতায় সামিল হবেন?
এ জন্য আলাদা করে পুরো ছুটির পরিকল্পনা করার প্রয়োজন নেই। যে শহরে বেড়াতে যাচ্ছেন, সেখানকার স্থানীয় বইয়ের দোকান, বেকারি, ক্যাফে কিংবা হোটেলের নিজস্ব বিপণিতে খোঁজ করতে পারেন বিশেষ পণ্যের। কফিপ্রেমীদের জন্য পছন্দের ক্যাফের মগ, বইপ্রেমীদের জন্য স্থানীয় বইয়ের দোকানের বিশেষ সংস্করণের বই হতে পারে সুন্দর স্মারক।
কোনও পণ্য পছন্দ হলে আগে জেনে নিন, সেটি নির্দিষ্ট কোনও দোকানেই পাওয়া যায় কি না। অল্প দামের একটি ব্যাগও অনেক স্মৃতি ধরে রাখতে পারে। দামি জিনিস কেনাই এই প্রবণতার মূল উদ্দেশ্য নয়। বরং পছন্দের জিনিসের খোঁজে ঘুরে বেড়ানো এবং সেই অভিজ্ঞতাকে ভ্রমণের অংশ করে তোলাই ‘পিলগ্রা-মার্চ’-এর আসল মজা।