গুজরাটে কেন অটো চালাচ্ছেন নরওয়ের মেয়র?

ভারতের রাস্তায় অটো চালাচ্ছেন এক বিদেশি পর্যটক। তবে তিনি সাধারণ কোনও পর্যটক নন, নরওয়ের একটি পৌরসভার মেয়র। গুজরাটের লিমডিতে তাঁকে অটো চালাতে দেখে অবাক হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

ভাইরাল ভিডিওতে এক গুজরাতি ব্যক্তিকে বলতে শোনা যায়, নরওয়ের পোরসাঙ্গার পৌরসভার মেয়র জো ইঙ্গে হেশেভিক এখন ভারত ভ্রমণে এসেছেন। তাঁর গাড়ি অটো রিকশা। ভিডিওতে মেয়রকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁর এই সাধারণ জীবনযাপন দেখে মুগ্ধ নেটাগরিকদের একাংশ।

আসলে জো ইঙ্গে তাঁর সঙ্গী ওয়াইভিন্দ হেশেভিকের সঙ্গে অংশ নিয়েছেন ‘রিকশা রান ইন্ডিয়া’ নামের এক বিশেষ অভিযানে। ২৬ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলা এই অভিযানে অটো রিকশায় জয়সলমের থেকে কেরালার ফোর্ট কোচি পর্যন্ত যাওয়ার পরিকল্পনা তাঁদের। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ভারতের নানা রাজ্যের রাস্তাঘাট ও মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হচ্ছেন তাঁরা।

সমাজমাধ্যমে এই অভিযান নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ লিখেছেন, ‘সত্যিই মাটির মানুষ’, আবার কারও মন্তব্য, ‘এটাই আসল নায়ক, কোনও অহংকার নেই।’ কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ভারতীয় জনপ্রতিনিধিদের এমন অভিযানে দেখা যায় কি না।

নিজের ফেসবুক অ্যাকাউন্টেও নিয়মিত সফরের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন জো ইঙ্গে। ২৬ সেপ্টেম্বর তিনি লিখেছিলেন, জয়সলমের থেকে যাত্রা শুরু করতে তাঁরা প্রস্তুত। পরের ১৪ দিন অটোয় ভারতের পথ ঘুরে দেখবেন। ২৮ সেপ্টেম্বরের পোস্টে জানান, ইতিমধ্যেই প্রায় ১,৪০০ কিলোমিটার পথ পেরিয়েছেন। গন্তব্যে পৌঁছতে আরও ২,৯০০ কিলোমিটার যেতে হবে।

৬ অক্টোবরের পোস্টে গোয়া পেরোনোর খবর দেন তিনি। দীর্ঘ যাত্রায় অটোর একটি আয়না ভেঙেছে, কিছু যন্ত্রাংশ ঢিলে হয়েছে, গায়েও লেগেছে কয়েকটি নতুন দাগ। তবে এসব নিয়েই দিব্যি এগিয়ে চলেছেন দুই অভিযাত্রী।