২০২৭ সালে ভ্রমণ দুনিয়ায় যে সাত প্রবণতা প্রভাব ফেলবে

ফিচার ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১৪:৪১ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৪:৪১

ভ্রমণ মানেই কি শুধু নতুন কোনও জায়গা দেখা, ছবি তোলা কিংবা কয়েক দিনের জন্য দৈনন্দিন ব্যস্ততা থেকে দূরে থাকা? সময়ের সঙ্গে বদলাচ্ছে ভ্রমণের উদ্দেশ্য ও ধরন। কেউ খুঁজছেন কল্পকাহিনির মতো রহস্যময় কোনও স্থান, কেউ শৈশবের আনন্দ ফিরে পেতে চাইছেন। আবার কেউ বন্ধুবান্ধবের সঙ্গে ভ্রমণে গিয়ে মানসিক প্রশান্তি ও মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার সুযোগ খুঁজছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার, ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তন এবং মানসিক সুস্থতার প্রতি বাড়তি মনোযোগ সবকিছুই প্রভাব ফেলছে মানুষের ভ্রমণপছন্দে। বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার পূর্বাভাস বলছে, ২০২৭ সালে ভ্রমণজগতে এমন সাতটি প্রবণতা বিশেষ গুরুত্ব পেতে পারে।

১.বাস্তবের চেয়ে কল্পনার জগতে ভ্রমণ

২০২৭ সালে পর্যটকেরা এমন জায়গার প্রতি বেশি আকৃষ্ট হতে পারেন, যেগুলো দেখতে অন্য কোনও জগতের মতো। তারাভরা আকাশ দেখার উপযোগী স্থান, প্রাচীন ধ্বংসাবশেষ কিংবা লোককাহিনি ও রহস্যে ঘেরা প্রাকৃতিক পরিবেশ হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্র।

বুকিং ডটকমের ২০২৭ সালের ভ্রমণ পূর্বাভাসে অংশ নেওয়া ৬৫ শতাংশ পর্যটক ভৌতিক ইতিহাস ও অতিপ্রাকৃত অভিজ্ঞতাসহ রহস্যময় ভ্রমণে আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদিকে, পিন্টারেস্টের পূর্বাভাসে দেখা গেছে, রহস্যময় প্রাকৃতিক দৃশ্য নিয়ে অনুসন্ধান বেড়েছে। স্কটল্যান্ডের পার্বত্য এলাকার সৌন্দর্যসংক্রান্ত অনুসন্ধান বেড়েছে ৪৬৫ শতাংশ এবং অতিলৌকিক সৌন্দর্যের স্থান নিয়ে অনুসন্ধান বেড়েছে ৪৫ শতাংশ।

সোনার চূড়া এবং নাটকীয় উপকূলীয় পরিবেশের সাথে, থাইল্যান্ডের ওয়াট থাং সাই মন্দিরটি কল্পনা-অনুপ্রাণিত ভ্রমণের আবেদনকে ধারণ করে । ছবি: গেটি ইমেজেস

ভ্রমণ জনসংযোগ প্রতিষ্ঠান লেমনগ্রাসের মতে, রোমান্স ও ফ্যান্টাসি মিলিয়ে তৈরি রোমান্টাসি ধারার বইয়ের জনপ্রিয়তাও এ ধরনের ভ্রমণে আগ্রহ বাড়াচ্ছে। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার কোলে অবস্থিত জারমাট এমন অভিজ্ঞতার জন্য আকর্ষণীয় গন্তব্য হতে পারে। উপন্যাসের কাল্পনিক শহর ভেলারিসের সঙ্গে জায়গাটির মিল খুঁজে পান অনেক পাঠক।

২. বদলে যাচ্ছে ছেলেদের দলগত ভ্রমণ

আগে ছেলেদের দলগত ভ্রমণ বলতে সাধারণত গলফ খেলা কিংবা বন্ধুদের সঙ্গে কয়েক দিনের অবকাশযাপন বোঝানো হতো। এখন সেই ধারণা বদলাচ্ছে। নতুন প্রজন্মের পুরুষেরা দলবদ্ধ ভ্রমণে মানসিক সুস্থতা, আত্মঅনুসন্ধান এবং নিজেদের অনুভূতি ভাগ করে নেওয়ার সুযোগ খুঁজছেন।

লেমনগ্রাসের ২০২৭ সালের প্রবণতা-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষদের ভ্রমণে একাকিত্ব, মানসিক চাপ, কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য এবং আর্থিক অনিশ্চয়তা নিয়ে আলোচনার গুরুত্ব বাড়ছে। প্রতিবেদনে উদ্ধৃত যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বুপার গবেষণা অনুযায়ী, ৫০ শতাংশ পুরুষ মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার মধ্য দিয়ে গেছেন।

অভিযাত্রী লেভিসন উডের মতে, একসঙ্গে হাঁটা, তাঁবু তৈরি, খাবার ভাগ করে নেওয়া কিংবা কোনও চ্যালেঞ্জ মোকাবিলার সময় পুরুষেরা অনেক বেশি খোলামেলাভাবে কথা বলেন। ফলে দলগত ভ্রমণ তাদের মধ্যে বন্ধন তৈরির পাশাপাশি মানসিক স্বস্তির সুযোগও করে দিতে পারে।

৩. শৈশবে ফিরে যাওয়ার ছুটি

প্রাপ্তবয়স্ক জীবনের দায়িত্ব ও ব্যস্ততা থেকে বিরতি নিয়ে শৈশবের আনন্দ ফিরে পাওয়ার প্রবণতাও বাড়ছে। একে বলা হচ্ছে আন-অ্যাডাল্টিং ভ্রমণ। এক্সপিডিয়ার জরিপে অংশ নেওয়া ৫৭ শতাংশ পর্যটক জানিয়েছেন, ২০২৭ সালে এ ধরনের ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেশন জেড ও মিলেনিয়ালদের মধ্যে এ আগ্রহ ৭১ শতাংশ।

অপ্রাপ্তবয়স্ক ভ্রমণে ভ্রমণকারীরা তাদের কৌতুকপূর্ণ দিকগুলি গ্রহণ করছে। ছবি: গেটি ইমেজেস

পর্যটন প্রতিষ্ঠানগুলোও এ চাহিদা বিবেচনায় নতুন অভিজ্ঞতা তৈরি করছে। ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের এপকট পার্কে প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ লাউঞ্জ চালু হয়েছে। পাশাপাশি আয়োজন করা হচ্ছে রাতের বিশেষ অনুষ্ঠান। জাপানের ইউনিভার্সাল স্টুডিওসেও প্রাপ্তবয়স্কদের জন্য রাতভর হ্যালোইন হরর নাইটসের অভিজ্ঞতা চালু হয়েছে।

৪. প্রযুক্তির চেয়ে মানুষের সঙ্গকে গুরুত্ব

দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার বাড়লেও ভ্রমণে মানুষ ক্রমেই সরাসরি যোগাযোগ ও ব্যক্তিগত অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের ৪০ শতাংশ মানুষ এখন ভ্রমণ পরিকল্পনাসহ বিভিন্ন কাজে এআই ব্যবহার করেন। তবে হিলটনের ২০২৭ সালের প্রবণতা প্রতিবেদনে দেখা গেছে, ৬০ শতাংশ পর্যটক অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া যায় এমন পানিভিত্তিক সুস্থতা কার্যক্রমে বেশি আগ্রহী।

প্রাইসলাইনের জরিপে ৬৬ শতাংশ মার্কিন পর্যটক জানিয়েছেন, অসাধারণ ব্যক্তিগত সেবা পেতে তারা বাড়তি অর্থ ব্যয় করতেও রাজি। অর্থাৎ প্রযুক্তির সুবিধা থাকলেও ভ্রমণে মানুষের আন্তরিকতা ও সরাসরি যোগাযোগের মূল্য কমছে না।

৫. শখের জন্য ভ্রমণ

ছুটি কাটানোর পাশাপাশি নতুন শখ আবিষ্কার করতেও ভ্রমণে যাচ্ছেন অনেকে। ছবি তোলা, হস্তশিল্প, পুরোনো জিনিস সংগ্রহ কিংবা সৃজনশীল কোনও কাজে সময় দেওয়ার জন্য বিশেষ জায়গা বেছে নিচ্ছেন পর্যটকেরা।

হিলটনের তথ্য অনুযায়ী, জেনারেশন জেডের পর্যটকেরা বেবি বুমার প্রজন্মের তুলনায় প্রায় দ্বিগুণ আগ্রহী ভ্রমণ শেষে নতুন কোনও শখ নিয়ে বাড়ি ফিরতে। ভ্রমণবাড়ি ভাড়ার প্ল্যাটফর্ম ভিআরবিও শখভিত্তিক অবকাশযাপনের উপযোগী বাড়ির চাহিদা বাড়তে দেখেছে।

সাংস্কৃতিক গবেষক জেসমিন বিনার মতে, শখের কাজ মানুষকে আনন্দের পাশাপাশি মনোযোগ ও সৃজনশীলতার জগতে নিয়ে যায়। তাই ২০২৭ সালে ভ্রমণ কেবল বিশ্রামের মাধ্যম না হয়ে নতুন কিছু শেখা ও নিজের আগ্রহ আবিষ্কারের সুযোগও হয়ে উঠতে পারে।

৬. অল্প সময়ের ভ্রমণ

২০২৭ সালে ভ্রমণের সময়সীমা আরও ছোট হয়ে আসছে। কনসার্ট, খেলাধুলার আয়োজন, বিশেষ কোনো উদ্‌যাপন কিংবা দৈনন্দিন ব্যস্ততা থেকে সামান্য বিরতি নিতে পর্যটকেরা এক রাতের ভ্রমণে বেশি আগ্রহী হচ্ছেন। এ ধরনের সংক্ষিপ্ত ভ্রমণকে বলা হচ্ছে ‘ট্রিপ স্ন্যাকিং’।

হোটেলস ডটকমের জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ পর্যটক জানিয়েছেন, আগামী বছরে তারা এক রাতের জন্য কোথাও থাকার পরিকল্পনা করছেন। জেনারেশন জেড ও মিলেনিয়ালদের মধ্যে এই হার ৮৩ শতাংশ। এক রাতের ভ্রমণসংক্রান্ত অনুসন্ধানও আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেড়েছে। জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ মনে করেন, এ ধরনের ছোট ভ্রমণ পরবর্তী ছুটির আগপর্যন্ত তাদের ভ্রমণের আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে কম সময়ের এবং তুলনামূলক সাশ্রয়ী ভ্রমণের প্রতি আগ্রহ বাড়ছে। সাংস্কৃতিক গবেষক জেসমিন বিনার মতে, ছোট বাড়ি, সীমিত পরিসরের বিয়ে কিংবা ছোটখাটো আনন্দ উদ্‌যাপনের মতো প্রবণতার সঙ্গে এই ভ্রমণধারার মিল রয়েছে।

৭. গতানুগতিকের বদলে একবারই পাওয়া যায় এমন অভিজ্ঞতা

২০২৭ সালে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ মর্যাদার প্রতীক হয়ে উঠতে পারে এমন কোনও অভিজ্ঞতা, যা অন্য কেউ সহজে অর্জন করতে পারবেন না। বিরল সাংস্কৃতিক আয়োজন থেকে শুরু করে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা স্থানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ-সবকিছুতেই পর্যটকেরা খুঁজছেন অনন্য অভিজ্ঞতা।

এ প্রবণতাকে আনরিপিটেবল ট্রাভেল বা পুনরাবৃত্তি করা যায় না এমন ভ্রমণ বলে অভিহিত করেছে ফিন পার্টনার্স। এ ধরনের ভ্রমণের মূল্য নির্ধারিত হয় অভিজ্ঞতার বিরলতা ও সত্যিকারের বৈশিষ্ট্যের ভিত্তিতে, শুধু খরচের পরিমাণ দিয়ে নয়।

সাংস্কৃতিক গবেষক জেসমিন বিনার মতে, মানুষের কাছে সামাজিক মর্যাদার ধারণাও বদলে যাচ্ছে। আগে অর্থসম্পদ থাকলে জনপ্রিয় ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে ভ্রমণ করে বিশেষ অবস্থান তৈরি করা যেত। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সহজেই সম্পদ ও বিলাসী জীবনযাপনের কৃত্রিম চিত্র তুলে ধরা সম্ভব। ফলে শুধু অর্থ ব্যয় করে ভ্রমণ করাই আর বিশেষ মর্যাদার পরিচায়ক থাকছে না।

সূত্র: বিবিসি 

/এসএইচএম/
সম্পর্কিত
শীতে বেড়ানোর আদর্শ ঠিকানা, ব্রিটেনের ১০ মনোরম জায়গা
একা ভারত ভ্রমণে এসে মুগ্ধ বিদেশিনি
দুই শতাব্দীর ঐতিহ্য, পুতা মিষ্টির স্বাদ নিতে ঘুরে আসুন কাইকারটেক হাট
সর্বশেষ খবর
বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত
বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, প্রকাশ হবে বিশেষ স্মারকগ্রন্থ
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, প্রকাশ হবে বিশেষ স্মারকগ্রন্থ
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ২০ গাড়ির সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ২০ গাড়ির সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
কোমল রানির সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠ ছবি, নেটদুনিয়ায় তোলপাড়
কোমল রানির সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠ ছবি, নেটদুনিয়ায় তোলপাড়
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল