সন্তান বঙ্গের, ঘোরাঘুরি রঙ্গের (সূচনা পর্ব)

প্রিয় কবি জীবনানন্দ দাশ লিখেছেন, ‘হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে/ সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে/ অনেক ঘুরেছি আমি—।’ আমার মগজে সারাক্ষণ বেজে যাচ্ছে, ‘হাজার বছর ধরে আমি কাজ করিতেছি নগরীর বুকে/ শ্বাসহীন আলোহীন অন্ধকার কারাগারে মরিতেছি ধুঁকে ধুঁকে।’ কাজের স্রোতে কেবল ভেসে যাওয়া। ছুটি নেই, বলা ভালো, ছুটির ফুরসত নেই।

করোনাকাল কেটেছে উদ্বেগ-উৎকণ্ঠায়। গত কয়েকটি বছর অসুখ-বিসুখের ‘গেরিলা হামলায়’ আমার পরিবার বারবার কুপোকাত হয়েছে। মাঝে মাঝে রঙিন পোশাকে উৎসব এসেছে। আয়োজনের কর্তব্যভার যাঁর বা যাঁদের কাঁধে থাকে, উৎসবের নির্ভার আনন্দ উপভোগ থেকে তারা অনেকটা বঞ্চিত হন। আমিও হয়েছি। দম বন্ধ হয়ে আসছে, মাথা আর নিতে পারছে না। মুক্ত বাতাসের জন্য মন হাঁসফাঁস করছে। খুব ইচ্ছে হচ্ছে, কোনো সমুদ্রসৈকতে অবাধ নীলের রহস্যে মগ্ন হব, সবুজের মাঝে নিখাদ মাটিগন্ধী মানুষ হব অথবা জীবনের যে গভীর গোপন কথা কখনো কাউকে বলা হয়নি, কোনো এক অচেনা প্রাচীন বৃক্ষের কাছে সে কথাটি বলে ভারমুক্ত হব। অবাধ গতির আকাঙ্ক্ষা পেয়ে বসেছে, দুচোখে আসন গেড়েছে নতুন কিছু দেখার বাঁধনছেঁড়া নেশা। এবার বের হতেই হবে।

কোথায় যাওয়া যায়? ইউএসএ থেকে আত্মজা ডাক পাঠিয়ে রেখেছে। আমরা ইউএসএ বলি না, বলি আমেরিকা। বিশ্ব মানচিত্রে আমেরিকা নামে কোনো দেশ আছে কি? আমি খুঁজে পাইনি, আপনিও পাবেন না। পাঠ্যবই পড়ে জেনেছি, পৃথিবীতে মোট সাতটি মহাদেশ আছে। তার মধ্যে দুটি হলো উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা। ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অব আমেরিকা দেশটির বাংলা হতে পারত আমেরিকা যুক্তরাষ্ট্র। কিন্তু সেটা না হয়ে কীভাবে যেন বাংলায় ‘মার্কিন যুক্তরাষ্ট্র’ হয়ে গেল। ইউনাইটেড স্টেটসের বঙ্গানুবাদ যুক্তরাষ্ট্র; এই বিচার ‘বিনা বাক্যব্যয়ে মানিয়া লইলাম’। কিন্তু এরপর ‘আমেরিকা’ কোন যোগ্যতায় ‘মার্কিন’ হলো? বিজ্ঞ, প্রাজ্ঞ, স্বঘোষিত, পরঘোষিত, জ্ঞানদানকারী—এ রকম অনেক বুদ্ধিজীবী ও পণ্ডিতজনকে জিজ্ঞেস করেও সদুত্তর পাইনি। তাই নিজের বৃক্ষবুদ্ধির ওপর ভরসা করে ইউএসএর নাম বাংলাভাষায় আমেরিকা যুক্তরাষ্ট্র হিসেবেই চালিয়ে যাবো। অনেকটা রবীন্দ্রনাথের ‘একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চল রে’ ধরনের ব্যাপার আরকি!

যাত্রাপথ ঠিক হয়েছে: ঢাকা-দুবাই-অরল্যান্ডো এবং ফিরতি পথে অরল্যান্ডো-দুবাই-ঢাকা। আত্মজা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকে। অরল্যান্ডো হচ্ছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রধান বিমানবন্দর। অদ্ভুত অদ্ভুত কারণে উড়ালের দিনক্ষণ বারবার বদলে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক। সাত দিন পরে ফ্লাইট। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধের তীব্রতা ক্রমাগত বেড়েই চলছে। দুবাই বিমানবন্দরের গা ঘেঁষে ক্ষেপণাস্ত্র হামলা। ফলাফল, যাত্রার তারিখ আবার পিছিয়ে যাওয়া।

মধুকবি অর্থাৎ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন, ‘হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে (অবোধ আমি!) পরধন লোভে মত্ত—।’ মনের কষ্টে অ-কবি লেলিন চৌধুরী মনে মনে লিখে ফেলল, ‘হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ মাল/ সব রাখি কেন, ভাঙো শুধু অভাগা আমারই কপাল।’ এই ‘মাল’ শব্দটি ফারসি থেকে নেওয়া। বাংলাভাষার ‘মাল’ শব্দটি আরবি থেকে বাংলায় প্রবেশ করেছে। শব্দটির বেশ কয়েকটি অর্থ থাকলেও সাধারণভাবে দুটি অর্থে বেশি ব্যবহৃত হয়। দ্রব্য, জিনিসপত্র ইত্যাদিকে মাল বলা হয়। কুরুচিপূর্ণ ইঙ্গিতে নারী বা পুরুষকে বোঝাতেও ‘মাল’ শব্দের ব্যবহার হয়। বহুবচন অর্থে ‘মাল’-এর স্থানে ‘মালামাল’ ব্যবহৃত হয়ে থাকে। ফারসি ভাষার কথ্যরীতিতে ‘মাল’ বলতে মানুষ বোঝায়।

জীবিকার প্রয়োজনে বেশ কয়েক বছর আমাকে ইরানে থাকতে হয়েছে। দেশটির এখনকার নাম ইরান, আগের নাম ছিল পারস্য, ইংরেজিতে বলা হতো পার্সিয়া (Persia)। ১৯৩৫ সালে ইরানের রাজা বা বাদশাহ রেজা শাহ পাহলভি পারস্য নামটি পরিবর্তন করে দেশটির দাপ্তরিক নাম ইরান হিসেবে ঘোষণা করেন। আর্য শব্দ থেকে ইরান শব্দটির উৎপত্তি। ফারসি ভাষায় আর্য হচ্ছে আরিয়া (ariya) এবং আরিয়াদের বাসভূমি হলো আরিয়ান। আরিয়ান থেকে এরান এবং এরান থেকে পরিবর্তিত হয়ে ইরান শব্দের জন্ম।

সারা পৃথিবীর মানুষ পারস্য বললেও ইরানিরা কিন্তু সবসময় নিজেদের দেশকে ইরান এবং নিজেদের ইরানি বলে পরিচয় দিয়ে আসছে। আর্য অহংকার ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পারস্যকে ইরানে রূপান্তর করা হয়েছিল কি? আর্যগৌরবের বিষয়টি প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে ইরানের রেজা শাহ পাহলভির রাজনৈতিক পদক্ষেপগুলো বিশ্লেষণ করলে। মহাযুদ্ধের শুরুতে ইরান নিজেকে নিরপেক্ষ দেশ বলে ঘোষণা করে। যদিও সে সময় ইরানের গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিল আর্যগর্ব প্রতিষ্ঠার প্রধান নায়ক (নাকি খলনায়ক!) শ্রীমান হিটলারের নাৎসি জার্মানির সঙ্গে। মহাযুদ্ধ শুরু হলে এই সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বাড়তে থাকে, যা মিত্রশক্তির জন্য মহাবিপদের কারণ হয়ে দাঁড়ায়। সে জন্য ১৯৪১ সালে ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন যৌথভাবে ইরান আক্রমণ করে দেশটির দখল নিয়ে নেয়। রেজা শাহকে পদত্যাগে বাধ্য করে এবং তাঁকে দক্ষিণ আফ্রিকায় নির্বাসনে পাঠানো হয়। রেজা শাহের সিংহাসনে বসেন তাঁর ছেলে মোহাম্মদ রেজা শাহ পাহলভি।

ইতিমধ্যে ধান ভানতে গিয়ে শিবের গীত বেশি গাওয়া হয়েছে। তাই ইরানের ইতিহাসচর্চার লাগাম টানছি। বিদেশির সঙ্গে পরিচয় হওয়ামাত্র আমরা জানতে চাই—তুমি বা আপনি কোন দেশের মানুষ, বা কোথা থেকে এসেছেন? এ রকম ক্ষেত্রে সাধারণ অর্থাৎ আম-ইরানির প্রশ্ন হলো, ‘মালে কুজা?’ শিক্ষিতেরা বলবেন—‘সোমা মালে কুজা হাসতিথ?’ সোমা অর্থ তুমি বা আপনি, মাল মানে মানুষ, কুজা অর্থ কোন জায়গা, হাসতিদ মানে আছো বা আছেন। মোটকথা, প্রশ্নটি হচ্ছে—তুমি কোথাকার মানুষ?

ইরান শব্দটি আমার কাছে জাদুমন্ত্রের মতো। শ্রবণ বা স্মরণে এলেই এই বাউল বাঙালির ভেতরে ঘুমিয়ে থাকা পথিকটি জেগে ওঠে।

ওমর খৈয়াম, হাফিজের দেশ ইরান। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি। মানুষগুলো, বিশেষ করে শিশু এবং নওল তরুণীদের মনোহরা সৌন্দর্য। ফারসি শব্দটি ‘দিলকুশা’। দিল অর্থ হৃদয়, কুশ হচ্ছে খুন করা এবং কুশা অর্থ খুনি বা হত্যাকারী। ইরানি নবীনা শাব্দিক অর্থেই তরুণ, যুবা—সবার জন্যই দিলকুশা। প্রৌঢ় ও বৃদ্ধদের কথা বলতে পারব না। এই ফাঁকে বলে রাখি, আমি তখন ভরা পূর্ণিমার চাঁদের মতো বেদনাবিলাসী পূর্ণ তরুণ। পূর্ণিমার চাঁদ গলে গিয়ে যদি মানবীর রূপ ধারণ করত, নিঃসন্দেহে সে হতো পারস্যকন্যা বা ইরানি তরুণী। মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে তখন ধ্বনিত হতো নজরুলের—‘ইরানি বালিকা যেন মরু-চারিণী/ পল্লীর-প্রান্তর- বনমনোহারিণী।’ নজরুলেরই—‘শিরাজের নওরোজে ফাল্গুন মাসে/ যেন তার প্রিয়ার সমাধির পাশে,/ তরুণ ইরান-কবি কাঁদে নিরজনে।’ এ রকম ভেবে ভেবে এই বাঙালি বাউল কত কত নীরব অন্ধকার রাতে তরুণ ইরান-কবি হয়ে কেঁদে কেঁদে ঘুমিয়েছে।

ওমর খৈয়াম, হাফিজ, সাদি, ফেরদৌসীদের দর্শন পেতে তীব্র ঠান্ডার হিম-কামড় উপেক্ষা করে হাজার হাজার মাইল ছুটে বেড়িয়েছি। বিখ্যাত শিরাজ নগরে শাহ আব্বাসের রাজপ্রাসাদে গিয়েছি। প্রাসাদটির নাম চেহেল সেতুন। চেহেল অর্থ চল্লিশ এবং সেতুন অর্থ খুঁটি বা স্তম্ভ। ফারসি উচ্চারণ সেতুন ও সতুনের মাঝামাঝি। বঙ্গসন্তানের জিহ্বায় ওটা আসে না।

শিরাজ নগরী তখন তৈমুর লংয়ের দখলে। মোঙ্গল হানাদার তৈমুর লং দুইবার শিরাজ আক্রমণ ও দখল করেন। প্রথমবার ১৩৮৭ সালে এবং দ্বিতীয়বার ১৩৯১ সালে। শিরাজের শাসক শাহ আব্বাস পরাজিত। চেহেল সেতুন প্রাসাদের দরবার কক্ষে সিংহাসনে আসীন স্বয়ং তৈমুর লং। রাজসভা পরিপূর্ণ। সেই দরবারে শিকলবাঁধা বন্দী কবি হাফিজ দাঁড়িয়ে। তৈমুরের কঠিন, কঠোর কণ্ঠে উচ্চারিত হলো, ‘যে সমরকন্দ এবং বোখারাকে সমৃদ্ধশালী করতে তৈমুরের নগ্ন তরবারি ক্লান্তিহীনভাবে দিগ্‌বিদিক ছুটে যাচ্ছে, পৃথিবীর সমস্ত ধনভাণ্ডার তুলে এনে ঢেলে দিচ্ছে এই দুই নগরীর পায়ে, সেই সমরকন্দ ও বোখারাকে তুমি একজন নারীর গালের তিলের জন্য বিলিয়ে দিতে চাও?’

দরবারে পিনপতন নীরবতা। ঘোর অমঙ্গলের আশঙ্কায় বাইরের পক্ষী ও বৃক্ষকুল নীরব। আশঙ্কা, এই বুঝি রাজাদেশে হাফিজের মাথা গর্দানচ্যুত হয়ে মাটিতে গড়াগড়ি যাবে। ছুরির মতো ধারালো চোখে রক্তলোভী তৈমুর তাকিয়ে আছেন কবির দিকে। পুরো রাজসভা আরেকটি জীবনহানির শঙ্কায় শঙ্কিত। বন্দী হাফিজ ধীরে ধীরে মাথা তুলে তৈমুরের দিকে তাকালেন। স্থির কণ্ঠে বললেন, ‘জনাব, এ রকম বেহিসেবি দানের জন্যই আজ আমার এই দীনহীন অবস্থা।’ তৈমুর হাফিজকে মুক্তির আদেশ দিলেন।

এক শীতের বিবর্ণ হিমেল দুপুরে চেহেল সেতুন প্রাসাদের দরবার কক্ষে দাঁড়িয়ে চোখ বন্ধ করে পুরো দৃশ্যটি যেন ঘটে যেতে দেখলাম। কণ্ঠ ফুটে বেরিয়ে এলো—‘প্রাণ যদি মোর দেয় ফিরে সে তুর্কি বালা মনচোরা/ প্রিয়ার মোহন চাঁদ কপোলে/ একটি কালো তিলের তরে/ দেই বিলিয়ে সমরকন্দ ও রত্নখচিত এ বোখারা।’ আধো কল্পনা, আধো বাস্তবের মিলনরেখায় দাঁড়িয়ে সেদিন এই বঙ্গসন্তান গভীর ভালোবাসায় কবি হাফিজের দুটো হাতে চুম্বন করে।

নেশার লাটিমে ঝিম ধরেছে। বাউল পথিকের রক্তে প্লাবনের শব্দ বাজছে। তার ভেতরের একতারা সুর তুলেছে—‘মোরে আর থামায় কে রে!’ বেরিয়ে পড়তে হবেই। পথিক ঘরের বাইরে পা বাড়ালো।

(চলবে)