সমুদ্রের নীল পানি, বিচিত্র পাথুরে গঠন আর নির্জন দ্বীপের সৌন্দর্য দেখতে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। ভারতের মহারাষ্ট্রের কোঙ্কন উপকূলেই রয়েছে এমন এক জায়গা, যা এখনও অনেক পর্যটকের কাছে অচেনা। সিন্ধুদুর্গ জেলার ভেঙ্গুরলায় অবস্থিত নিভাতি রকস ও লাইটহাউস ঘিরে তৈরি হয়েছে এই আকর্ষণ। মাত্র ৫০০ থেকে ৬০০ রুপিতে নৌকায় চেপে ঘুরে দেখা যায় উপকূলের একাধিক মনোরম স্থান।
সম্প্রতি ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা শিবাঙ্গী সামাজিক যোগাযোগমাধ্যমে নিভাতি রকসের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি জায়গাটিকে কোঙ্কন অঞ্চলের এক গোপন সৌন্দর্য হিসেবে তুলে ধরেছেন। তার ভিডিয়ো প্রকাশের পর থেকেই এই উপকূলীয় অঞ্চল নিয়ে পর্যটকদের আগ্রহ বেড়েছে।
২-৩ ঘণ্টার নৌভ্রমণে ১০-১২টি জায়গা
শিবাঙ্গীর তথ্য অনুযায়ী, নিভাতি রকস ও লাইটহাউস ঘুরে দেখতে নৌকায় প্রায় দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে। এই যাত্রায় ১০ থেকে ১২টি আকর্ষণীয় জায়গা দেখার সুযোগ রয়েছে। তালিকায় রয়েছে ওল্ড লাইটহাউস, নিউ লাইটহাউস, ডলফিন পয়েন্ট, মহাত্রিচি চুল, সিক্রেট টানেল, নিভাতি রকস, মিনি কেরালা, সিগাল আইল্যান্ড, সুনামি আইল্যান্ড এবং নিভাতি গোল্ডেন রকস।
প্রতিটি জায়গার প্রাকৃতিক বৈশিষ্ট্য আলাদা। কোথাও রয়েছে সমুদ্রের মধ্যে মাথা তুলে থাকা পাথুরে গঠন, কোথাও নির্জন উপকূল, আবার কোথাও বিস্তীর্ণ সমুদ্রের মনোরম দৃশ্য। প্রকৃতিপ্রেমী ও সৌখিন ফটোগ্রাফারদের কাছে এই নৌভ্রমণ বিশেষ আকর্ষণীয় হতে পারে।
নৌভ্রমণের খরচ কত?
নৌকায় অন্য পর্যটকদের সঙ্গে যাত্রা করলে জনপ্রতি খরচ পড়বে প্রায় ৫০০ থেকে ৬০০ রুপি। যারা পরিবার বা বন্ধুদের সঙ্গে একান্তে ঘুরতে চান, তারা পুরো নৌকাটিই ভাড়া নিতে পারেন। সে ক্ষেত্রে খরচ হতে পারে ৪০০০ থেকে ৫০০০ রুপি। তবে যাত্রার আগে স্থানীয় নৌকা চালকদের কাছ থেকে ভাড়া ও সময়সূচি জেনে নেওয়া ভালো।
ডলফিন দেখতে হলে কখন যাবেন?
শিবাঙ্গীর পরামর্শ, সম্ভব হলে সকাল সকাল নৌভ্রমণ শুরু করা উচিত। তাতে ডলফিন দেখার সুযোগ মিলতে পারে। তবে ডলফিনের দেখা পাওয়া আবহাওয়া ও সমুদ্রের পরিস্থিতির উপর নির্ভরশীল।
লাইটহাউসে ওঠার আগে অনুমতি জরুরি
নিভাতি রকসের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে লাইটহাউসে ওঠার পরিকল্পনা থাকলে আগে থেকে অনুমতির বিষয়টি জেনে নেওয়া জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক জন পর্যটক জানিয়েছেন, লাইটহাউসের উপরে ওঠার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হতে পারে। সেখানে নির্দিষ্ট জেটি না থাকায় ওঠানামাও কঠিন। তাই স্থানীয় প্রশাসন ও নৌকা চালকদের নির্দেশ মেনে চলা উচিত।
মহারাষ্ট্রের জনপ্রিয় সমুদ্রসৈকতগুলির বাইরে একটু অন্য রকম অভিজ্ঞতা খুঁজলে নিভাতি রকস হতে পারে আকর্ষণীয় স্থান।