অস্ট্রেলিয়ার যে বিখ্যাত চিড়িয়াখানা দেখে আবেগে কাঁদলেন প্রিয়াঙ্কা চোপড়া

অস্ট্রেলিয়া সফরে কাজের ব্যস্ততার ফাঁকেই মেয়েকে নিয়ে এক অন্য রকম দিন কাটালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ে মালতী মেরির সঙ্গে অস্ট্রেলিয়ার বিখ্যাত ‘অস্ট্রেলিয়া জু’ ঘুরে দেখলেন তিনি। কখনও জিরাফকে খাবার খাওয়ানো, কখনও ক্যাঙারুর সঙ্গে সময় কাটানো, আবার কখনও কোয়ালাকে বুকে জড়িয়ে ধরা। মা-মেয়ের এই চিড়িয়াখানা ভ্রমণের একাধিক মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তবে এই সফর শুধু আনন্দ আর রোমাঞ্চেই সীমাবদ্ধ থাকেনি। প্রয়াত বন্যপ্রাণী সংরক্ষণকর্মী স্টিভ আরউইনের স্মৃতি এবং তাঁর পরিবারের কাজ দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রিয়াঙ্কা।

সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া ছবিগুলিতে দেখা গিয়েছে, মেয়েকে কোলে নিয়ে গন্ডারের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। কখনও জিরাফকে খাবার খাওয়ানোর চেষ্টা করছেন, আবার কখনও কোয়ালাকে আদর করছেন। মালতীকেও দেখা গিয়েছে ক্যাঙারুদের খাবার খাওয়াতে এবং তাদের সঙ্গে খেলতে।

শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার পরিচিত শিঙ্গলব্যাক বা ববটেল গিরগিটি, বিশালাকার কচ্ছপ এবং রিং-টেইলড লেমুরের সঙ্গেও পরিচিত হয়েছে ছোট্ট মালতী। মা-মেয়ের সঙ্গে এই ভ্রমণে ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এবং তাদের কয়েক জন বন্ধু ও সহকর্মী।

এই বিশেষ অভিজ্ঞতার ব্যবস্থা করে দেওয়ার জন্য সহ-অভিনেতা রাসেল ক্রোকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। পাশাপাশি অস্ট্রেলিয়া জু-র টেরি আরউইনকেও উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এই সফরের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল প্রয়াত স্টিভ আরউইনের স্মৃতির সঙ্গে পরিচিত হওয়া। বন্যপ্রাণী সংরক্ষণে স্টিভ আরউইনের অবদান এবং তাঁর পরিবারের কাজ অভিনেত্রীকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছে।

প্রিয়াঙ্কার কথায়, মালতীকে পশুপাখিদের আশপাশে আনন্দে মেতে উঠতে দেখা ছিল তার কাছে বিশেষ প্রাপ্তি। চিড়িয়াখানার কর্মী ও চিকিৎসকদের যত্ন এবং বন্যপ্রাণীদের প্রতি তাদের ভালোবাসা তাকে মুগ্ধ করেছে। স্টিভ আরউইনের উত্তরাধিকার যেন চিড়িয়াখানার প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছে। সেখানকার মানুষের যত্ন, সাহস এবং বন্যপ্রাণীদের প্রতি ভালোবাসা তাকে আবেগপ্রবণ করে তুলেছে।

বন্যপ্রাণী সংরক্ষণে আরউইন পরিবার ও তাদের দলের ভূমিকার প্রশংসা করে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন অভিনেত্রী।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সানশাইন কোস্ট অঞ্চলে অবস্থিত অস্ট্রেলিয়া জু দেশটির অন্যতম পরিচিত বন্যপ্রাণী সংরক্ষণকেন্দ্র। ১৯৭০ সালে বব ও লিন আরউইনের উদ্যোগে ছোট একটি সরীসৃপ ও প্রাণী উদ্যান হিসেবে এর যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে তাঁদের ছেলে স্টিভ আরউইন এবং তাঁর স্ত্রী টেরি আরউইনের হাত ধরে এটি আন্তর্জাতিক পরিচিতি পায়। ১৯৯৮ সালে জায়গাটির নাম হয় অস্ট্রেলিয়া জু।

এখানে ক্যাঙারু, কোয়ালা, গন্ডার, জিরাফ, কুমির-সহ নানা প্রজাতির প্রাণী দেখা যায়। শুধু প্রাণী দেখার জায়গা হিসেবেই নয়, বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা তৈরির কেন্দ্র হিসেবেও এর পরিচিতি রয়েছে।

চিড়িয়াখানার পাশেই রয়েছে অস্ট্রেলিয়া জু ওয়াইল্ডলাইফ হাসপাতাল। আহত ও অসুস্থ বন্যপ্রাণীদের উদ্ধার, চিকিৎসা এবং পুনর্বাসনের কাজ করে এই হাসপাতাল। প্রতি বছর বহু স্থানীয় বন্যপ্রাণী এখানে চিকিৎসা ও পরিচর্যা পায়।

অস্ট্রেলিয়া জু-তে প্রবেশের টিকিটের দাম বয়স অনুযায়ী আলাদা। প্রকাশিত টিকিটমূল্যের তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য শুরু প্রায় ৭৭ দশমিক ৪৫ অস্ট্রেলীয় ডলার থেকে। ৩ থেকে ১৪ বছর বয়সি শিশুদের টিকিটের দাম প্রায় ৫১ দশমিক ৯৫ অস্ট্রেলীয় ডলার। তিন বছরের কম বয়সি শিশুদের প্রবেশ বিনামূল্যে। তবে টিকিটের দাম ও প্যাকেজ সময় অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাই যাওয়ার আগে চিড়িয়াখানার সরকারি ওয়েবসাইটে দেখে নেওয়া ভালো।

প্রিয়াঙ্কা ও মালতীর এই সফর তাই শুধুই তারকাদের পারিবারিক বেড়ানো নয়। বন্যপ্রাণীদের কাছ থেকে জানা, তাদের প্রতি ভালোবাসা তৈরি করা এবং সংরক্ষণের গুরুত্ব বোঝারও এক সুন্দর উদাহরণ।