আল্পসের নীচে রেলপথ, কমবে যাত্রার সময়

ফিচার ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১৩:০৬ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৩:০৬

আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প। ফ্রান্স ও ইতালির যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে ৫৭ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ মন্ট সেনিস বেস টানেল। এই সুড়ঙ্গ চালু হলে পাহাড়ের ভেতর দিয়ে দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী ট্রেনও চলাচল করতে পারবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে এটিই হতে চলেছে বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ।

বর্তমানে বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গের রেকর্ড রয়েছে সুইৎজারল্যান্ডের গথার্ড বেস টানেলের দখলে। ৫৭ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গের রেকর্ড ভাঙতে চলেছে নতুন মন্ট সেনিস টানেল। এর দৈর্ঘ্য হবে ৫৭ দশমিক ৫ কিলোমিটার। প্রকল্পে পাশাপাশি দুটি সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। প্রতিটিতে থাকবে একটি করে রেললাইন। ফলে দুই দিকেই ট্রেন চলাচল করতে পারবে।

মন্ট সেনিস বেস টানেল বৃহত্তর লিয়ঁ-তুরিন রেল প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ। প্রস্তাবিত এই রেল করিডরের দৈর্ঘ্য প্রায় ২৭০ কিলোমিটার। এর ৭০ শতাংশ অংশ পড়ছে ফ্রান্সে এবং বাকি ৩০ শতাংশ ইতালিতে। একই সঙ্গে এটি ইউরোপের মেডিটেরেনিয়ান করিডরেরও গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রায় ৩ হাজার কিলোমিটার দীর্ঘ এই করিডর ইউরোপের পূর্ব ও পশ্চিম প্রান্তের একাধিক গুরুত্বপূর্ণ পরিবহণ পথকে যুক্ত করবে।

এই আন্তর্দেশীয় প্রকল্পে সব মিলিয়ে প্রায় ১৬৪ কিলোমিটার ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দুটি প্রধান রেল সুড়ঙ্গ, চারটি প্রবেশপথের সুড়ঙ্গ এবং ২০৪টি জরুরি সংযোগপথ। নিরাপত্তার কথা মাথায় রেখে দুটি মূল সুড়ঙ্গের মধ্যে প্রতি ৩৩৩ মিটার অন্তর এই সংযোগপথ তৈরি করা হচ্ছে। কোনও দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে যাত্রীরা যাতে এক সুড়ঙ্গ থেকে অন্য সুড়ঙ্গে নিরাপদে যেতে পারেন, সেই ব্যবস্থাই রাখা হয়েছে।

মন্ট সেনিস বেস টানেলের নির্মাণকাজ একাধিক অংশে এগিয়ে চলেছে। মোট ১৪টি জায়গায় চলছে সুড়ঙ্গ খননের কাজ। ২০২৬ সালের অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত প্রকল্পের মোট ১৬৪ কিলোমিটার ভূগর্ভস্থ সুড়ঙ্গের মধ্যে ৫০ কিলোমিটারেরও বেশি অংশ খনন করা হয়ে গিয়েছে।

ফ্রান্স-ইতালি যাত্রায় বাঁচবে কয়েক ঘণ্টা

নতুন এই রেল করিডর চালু হলে যাত্রী ও পণ্য পরিবহণ- দুই ক্ষেত্রেই সময় অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। একটি পণ্যবাহী ট্রেনে প্রায় ৬০টি ভারী ট্রাকের সমপরিমাণ পণ্য পরিবহণ করা সম্ভব হবে।

যাত্রীদের ক্ষেত্রেও যাত্রার সময় উল্লেখযোগ্য ভাবে কমবে। টুরিন থেকে লিয়ঁ পর্যন্ত নন-স্টপ ট্রেনে যেতে বর্তমানে যেখানে প্রায় ৩ ঘণ্টা ৪৭ মিনিট সময় লাগে, নতুন রেলপথ চালু হলে তা কমে দাঁড়াবে মাত্র ১ ঘণ্টা ৪৭ মিনিটে।

একই ভাবে, মিলান থেকে প্যারিসের যাত্রাপথেও সময় কমবে। বর্তমানে এই পথ পাড়ি দিতে প্রায় ৭ ঘণ্টা লাগে। নতুন সুড়ঙ্গ চালু হলে সময় কমে হবে প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট। অন্য দিকে, টুরিন থেকে প্যারিস যেতে সময় লাগবে আনুমানিক ৪ ঘণ্টা। ফলে এই পথে প্রায় দেড় ঘণ্টা সময় বাঁচবে যাত্রীদের।

২০১৫ সালে এই প্রকল্পের নকশা তৈরি করা হয়েছিল। ২০১৮ সালে নির্মাণের অনুমতিও মেলে। ২০৩৩ সালের মধ্যে সুড়ঙ্গ নির্মাণ ও রেল সংযোগের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার পরই এই পথে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা।

/এমএএল/
সম্পর্কিত
‘ট্রাভেল কম্প্যানিয়ন’: ভ্রমণসঙ্গী হওয়াই যাদের পেশা
ঘণ্টাখানেকেই দিল্লি থেকে পানিপথ, আসছে নতুন নমো ভারত করিডর
দিগন্তজোড়া জল আর সবুজের মায়ায় ঘেরা বাসুলিয়া
সর্বশেষ খবর
কম্পিউটারে কী সমস্যা, জানতে ব্যবহার করুন উইন্ডোজের এই টুল
কম্পিউটারে কী সমস্যা, জানতে ব্যবহার করুন উইন্ডোজের এই টুল
মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার
মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার
পুলিশ ও শ্রমিকের সংঘর্ষ, এএসপি আহত
পুলিশ ও শ্রমিকের সংঘর্ষ, এএসপি আহত
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী