মাইলির বিয়ে যে প্রাসাদে, ভাড়া নিয়ে আপনিও কাটাতে পারেন সেখানে ছুটি!

পপ তারকা ও অভিনেত্রী মাইলি সাইরাস বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক, সংগীতশিল্পী ম্যাক্স মরান্ডোকে। ২০২৬ সালের ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের ছবি ও উদ্‌যাপনের মুহূর্ত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে এই বিয়ের আসর নিয়েও তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। কারণ, অনুষ্ঠানটি হয়েছিল কিংবদন্তি সংগীতশিল্পী ফ্র্যাঙ্ক সিনাত্রা-র এক সময়ের বাড়ি ‘টুইন পামস’ এস্টেটে। 

ক্যালিফোর্নিয়ার এই সম্পত্তিতে রয়েছে সুপরিকল্পিত বাগান, প্রশস্ত খোলা জায়গা এবং গ্র্যান্ড পিয়ানোর আদলে তৈরি বিশাল সুইমিং পুল। তারকাদের বিয়ের আসর হলেও জায়গাটি সাধারণ পর্যটকদের জন্যও উন্মুক্ত। ছুটি কাটানো, বিয়ে কিংবা ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া যায় এই ঐতিহাসিক বাড়ি।

১৯৪৭ সালে তৈরি ফ্র্যাঙ্ক সিনাত্রার বাড়ি

‘টুইন পামস’ নামে পরিচিত এই বাড়িটির নকশা তৈরি করেছিলেন স্থপতি ই. স্টুয়ার্ট উইলিয়ামস। ১৯৪৭ সালে তাঁকে বাড়িটি তৈরির দায়িত্ব দেন ফ্র্যাঙ্ক সিনাত্রা। পাম স্প্রিংসে এটিই ছিল স্থপতির প্রথম আবাসিক প্রকল্প। অন্য দিকে, সিনাত্রার কেনা প্রথম বাড়িও ছিল এটি। প্রথমে জর্জিয়ান স্থাপত্যশৈলীতে বাড়ি তৈরির ইচ্ছা ছিল সিনাত্রার। কিন্তু স্থপতি তাঁকে আধুনিক নকশার বাড়ি তৈরির পরামর্শ দেন।

প্রায় ছয় বছর এই বাড়িতে ছিলেন সিনাত্রা। এই সময়ের মধ্যেই অভিনেত্রী আভা গার্ডনারের সঙ্গে তাঁর বিয়ে হয়। বাড়ির নাম ‘টুইন পামস’ হওয়ার পিছনেও রয়েছে মজার কারণ। সুইমিং পুলের পাশে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি পাম গাছ থেকেই এই নামের উৎপত্তি। সম্পত্তিটির নিজস্ব ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাড়িতে পার্টির আয়োজন করলে সিনাত্রা ওই দুই গাছের মাঝে জ্যাক ড্যানিয়েলসের পতাকা টাঙিয়ে দিতেন। প্রতিবেশীদের কাছে সেটিই ছিল পার্টি শুরুর সংকেত।

বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ পিয়ানো আকৃতির সুইমিং পুল

টুইন পামসের কথা উঠলেই প্রথমে মনে আসে এর অভিনব সুইমিং পুলের কথা। গ্র্যান্ড পিয়ানোর আদলে তৈরি এই পুলটিই বাড়িটির অন্যতম পরিচিত বৈশিষ্ট্য। মাইলি সাইরাস ও ম্যাক্স মোরান্ডোর বিয়ের ছবিতেও পুলটিকে পটভূমিতে দেখা গিয়েছে।

প্রায় ৪,৫০০ বর্গফুট জায়গাজুড়ে তৈরি বাড়িটিতে রয়েছে বড় বড় স্লাইডিং কাচের দরজা। সেগুলি খুললেই ঘরের ভিতর থেকে সরাসরি যাওয়া যায় বাইরের টেরেসে। পুলের পাশাপাশি খোলা জায়গায় রয়েছে পারগোলা ও ক্যাবানা। ফলে বাড়ির ভিতর ও বাইরের অংশের মধ্যে সহজেই যাতায়াত করা যায়।

বিয়ে, ছুটি কিংবা ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য ভাড়া পাওয়া যায়

এক সময়ের এই তারকার বাড়ি এখন বিলাসবহুল হলিডে রেন্টাল হিসেবে ব্যবহৃত হয়। চারটি শোবার ঘর ও সাতটি বাথরুম রয়েছে সম্পত্তিতে। একসঙ্গে সর্বোচ্চ আট জন অতিথি থাকতে পারেন। প্রতিটি শোবার ঘরের সঙ্গেই রয়েছে নিজস্ব বাথরুম। বাড়িতে একটি মূল স্যুইট, একটি গেস্ট স্যুইট, আরও একটি অতিথিকক্ষ এবং আলাদা প্রবেশপথ-সহ একটি পৃথক অতিথিকক্ষ রয়েছে।

পরিবার বা বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর পাশাপাশি বিয়ে, বিবাহোত্তর সংবর্ধনা, কর্পোরেট অনুষ্ঠান, ডিনার পার্টি এবং বিজ্ঞাপন বা চলচ্চিত্রের শুটিংয়ের জন্যও ভাড়া নেওয়া যায় টুইন পামস। বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ১৫০ জন অতিথির আয়োজনের ব্যবস্থাও রয়েছে।

কীভাবে বুক করবেন সিনাত্রার বাড়ি?

ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংস শহরের মুভি কলোনি এলাকায় অবস্থিত টুইন পামস। এই এলাকা বিখ্যাত মধ্য-শতকের আধুনিক স্থাপত্যের বাড়ি এবং হলিউডের বহু তারকার সঙ্গে ঐতিহাসিক যোগসূত্রের জন্য।

বাড়িটি ভাড়া নিতে চাইলে ‘সিনাত্রা হাউস’-এর সরকারি ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। সেখানে ছুটি কাটানো, ব্যক্তিগত অনুষ্ঠান এবং গাইডেড ট্যুরের জন্য বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। ওয়েবসাইটে নির্দিষ্ট ভাড়ার অঙ্ক উল্লেখ করা নেই। তারিখ, থাকার সময় এবং অনুষ্ঠানের ধরন অনুযায়ী ভাড়া জানতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।