তুষারপাতের মাঝে নতুন বছর শুরু করতে ঘুরে আসুন ৮ দেশে

ফিচার ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১৪:০১ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৪:০১

বছরের প্রথম তুষারপাতের মধ্যে নতুন বছর শুরু করার আনন্দই আলাদা। আর সেই আনন্দকে আরও স্মরণীয় করে তুলতে শীতের ছুটিতে ঘুরে আসতে পারেন বরফে ঢাকা কোনও পাহাড়ি শহর কিংবা তুষারপাতের জন্য বিখ্যাত কোনও দেশে। বন্ধুদের সঙ্গে পাহাড়ে স্কিইং, সঙ্গীর সঙ্গে কাচের ইগলুতে রাত কাটানো কিংবা বরফে ঢাকা শহরে নতুন বছর উদ্‌যাপনের জন্য শীতকালীন ছুটি হতে উঠবে দারুণ আনন্দের।

ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির শুরু পর্যন্ত বিশ্বের বেশ কয়েকটি শীতপ্রধান অঞ্চল ভ্রমণের জন্য উপযুক্ত সময়। তবে তুষারপাতের নিশ্চয়তা আবহাওয়ার ওপর নির্ভর করে। তাই ভ্রমণের তারিখ কাছাকাছি এলে আবহাওয়ার পূর্বাভাস দেখে পরিকল্পনা চূড়ান্ত করা ভালো।

গুলমার্গ, জম্মু ও কাশ্মীর (ছবি: পেক্সেলস)

গুলমার্গ, জম্মু ও কাশ্মীর

কাশ্মীরে ২১ ডিসেম্বর থেকে শুরু হয় ঐতিহ্যবাহী শীতকালীন সময় ‘চিল্লাই কালান’। এটি অঞ্চলের সবচেয়ে কঠিন শীতের ৪০ দিন। এ সময় তাপমাত্রা বেশ কমে যায় এবং ভারী তুষারপাতের সম্ভাবনাও থাকে। তাই ডিসেম্বরের শেষ সপ্তাহ গুলমার্গ ভ্রমণের জন্য আকর্ষণীয় সময়।

ভারতের অন্যতম জনপ্রিয় শীতকালীন পর্যটন এলাকা গুলমার্গ। যারা প্রথমবার ভারী তুষারপাতের অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য জায়গাটি বেশ উপভোগ্য হতে পারে। এখানে কয়েক দিন কাটিয়ে স্কিইং শেখার সুযোগ রয়েছে। বিখ্যাত গুলমার্গ গন্ডোলায় চড়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন। চাইলে স্লেজিং করতে পারেন কিংবা বিকেলটা কাটাতে পারেন গরম গরম কাশ্মীরি খাবারের স্বাদ নিয়ে।

গুলমার্গ ভ্রমণে একটি বিষয় মনে রাখা জরুরি, শ্রীনগর থেকে এক দিনের জন্য ঘুরে না এসে এখানে থাকার ব্যবস্থা করলে অভিজ্ঞতা আরও ভালো হবে। সকালে ঘুম থেকে উঠে জানালার বাইরে নতুন করে জমে থাকা বরফ দেখার আনন্দই আলাদা।

মানালি, হিমাচল প্রদেশ (ছবি: পেক্সেলস)

মানালি, হিমাচল প্রদেশ

বন্ধুদের নিয়ে নতুন বছর উদ্‌যাপনের পরিকল্পনা করলে ভারতের হিমাচল প্রদেশের মানালি হতে পারে চমৎকার একটি জায়গা। দিল্লি ও আশপাশের এলাকা থেকে গাড়িতে রাতারাতি মানালি পৌঁছানো যায়। ফলে দল বেঁধে ভ্রমণের জন্য এটি বেশ জনপ্রিয়।

নতুন বছরের আগের সময়টায় মানালিতে পর্যটকদের ভিড় বাড়ে। বিভিন্ন ক্যাফে, হোটেল ও রেস্তোরাঁয় বর্ষবরণ উপলক্ষে পার্টি এবং লাইভ মিউজিকের আয়োজন থাকে। ফলে উৎসবের আমেজে নতুন বছর শুরু করার সুযোগ পাওয়া যায়।

তুষারপাত উপভোগ করতে চাইলে মানালি থেকে আরও উঁচুতে সোলাং ভ্যালির দিকে যেতে পারেন। এ ছাড়া অটল টানেল পেরিয়ে সিসু এলাকায় ঘুরে আসার পরিকল্পনাও করতে পারেন। এসব এলাকায় সাধারণত বরফ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে নতুন বছরের ছুটিতে দীর্ঘ যানজট হতে পারে। তাই হাতে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণের পরিকল্পনা করা ভালো।

আউলি, উত্তরাখণ্ড (ছবি: পেক্সেলস)

আউলি, উত্তরাখণ্ড

নতুন বছর উপলক্ষে স্কিইং শেখার পরিকল্পনা করতে পারেন উত্তরাখণ্ডের আউলিতে। ভারতের জনপ্রিয় স্কিইং এলাকাগুলোর মধ্যে এটি অন্যতম। আগে থেকে স্কিইংয়ের অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নেই। প্রশিক্ষকের সাহায্য নিয়ে নতুনরা এ খেলা শিখতে পারেন। এখানে স্কিইংয়ের সরঞ্জাম ভাড়া করার ব্যবস্থাও রয়েছে।

বরফে ঢাকা ঢালে কয়েক দিন স্কিইং অনুশীলনের পাশাপাশি উপভোগ করতে পারবেন চারপাশের পাহাড়ি সৌন্দর্য। শীতের পরিষ্কার সকালে আউলি থেকে দেখা যায় হিমালয়ের সুউচ্চ নন্দা দেবীসহ আরও কয়েকটি পর্বতশৃঙ্গ।

আউলিতে রাতভর পার্টি বা উৎসবের আয়োজন তেমন নেই। তাই নতুন বছরের ভিড় এড়িয়ে নিরিবিলি সময় কাটাতে চান এমন পরিবার, দম্পতি ও প্রকৃতিপ্রেমীদের জন্য জায়গাটি বেশ উপযোগী।

গুদাউরি, জর্জিয়া (ছবি: পেক্সেলস)

গুদাউরি, জর্জিয়া

ইউরোপে স্কিইংয়ের ছুটি কাটানোর পরিকল্পনা থাকলে জর্জিয়ার গুদাউরি বিবেচনায় রাখতে পারেন। গ্রেটার ককেশাস পর্বতমালায় অবস্থিত এই শীতকালীন পর্যটন এলাকায় তুলনামূলক সাশ্রয়ী খরচে স্কিইংয়ের অভিজ্ঞতা নেওয়া যায়। সুইস আল্পসের মতো ব্যয়বহুল জায়গায় না গিয়েও বিদেশে শীতকালীন ছুটি কাটানোর সুযোগ রয়েছে এখানে।

সাধারণত ডিসেম্বরের শেষ দিকে গুদাউরিতে স্কিইংয়ের মৌসুম শুরু হয়। নতুনদের জন্য সহজ ঢাল রয়েছে, পাশাপাশি অভিজ্ঞ স্কিয়ারদের জন্যও উপযুক্ত ব্যবস্থা আছে। বন্ধুদের সঙ্গে পাহাড়ের দিকে মুখ করা কোনও অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকতে পারেন। দিনের বেলায় স্নোবোর্ডিং করে সন্ধ্যায় উপভোগ করতে পারেন ঐতিহ্যবাহী জর্জিয়ান খাবার।

গুদাউরি থেকে জর্জিয়ার রাজধানী তিবিলিসির দূরত্বও খুব বেশি নয়। আবহাওয়া অনুকূলে থাকলে গাড়িতে প্রায় দুই ঘণ্টায় সেখানে পৌঁছানো যায়। ফলে একই ভ্রমণে পাহাড়ি পরিবেশের পাশাপাশি ব্যস্ত শহরের জীবনও উপভোগ করতে পারবেন। তবে শীতকালে রাস্তার পরিস্থিতির কারণে যাত্রায় দেরি হতে পারে।

রোভানিয়েমি, ফিনল্যান্ড (ছবি: পেক্সেলস)

রোভানিয়েমি, ফিনল্যান্ড

বড়দিনের উৎসবের আমেজ জানুয়ারি পর্যন্ত উপভোগ করতে চাইলে ফিনল্যান্ডের রোভানিয়েমি হতে পারে আকর্ষণীয় জায়গা। সান্তা ক্লজের আনুষ্ঠানিক আবাসভূমি হিসেবে পরিচিত এই শহরটি ফিনিশ ল্যাপল্যান্ডের আর্কটিক সার্কেলে অবস্থিত।

এখানে শীতের প্রকৃতি বেশ কঠিন। চারদিকে পুরু বরফের আস্তরণ, দিনের আলো থাকার সময় খুব কম এবং তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাই ভ্রমণে যাওয়ার আগে শীত উপযোগী পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা জরুরি।

রোভানিয়েমিতে নতুন বছরের ছুটি কাটানোর অভিজ্ঞতাও বেশ বৈচিত্র্যময়। রেইনডিয়ারের টানা স্লেজে চড়তে পারেন, হাস্কি কুকুরের সঙ্গে সাফারিতে যেতে পারেন কিংবা বরফের মধ্যে মাছ ধরার অভিজ্ঞতা নিতে পারেন। বরফে ঢাকা নির্জন প্রকৃতির মাঝে উত্তপ্ত কাচের ইগলুতে রাত কাটানোর ব্যবস্থাও রয়েছে।

এখানকার অন্যতম আকর্ষণ নর্দার্ন লাইটস বা মেরুজ্যোতি। আকাশে রঙিন আলোর অপূর্ব খেলা দেখতে পারলে ভ্রমণ হয়ে উঠবে আরও স্মরণীয়। তবে এ দৃশ্য দেখার জন্য আকাশ পরিষ্কার থাকা জরুরি। তুষারপাত ও মেঘলা আবহাওয়া থাকলে মেরুজ্যোতি দেখার সম্ভাবনা কমে যায়।

জারমাট, সুইজারল্যান্ড (ছবি: পেক্সেলস)

জারমাট, সুইজারল্যান্ড

সঙ্গীর সঙ্গে বিশেষ কোনো ছুটি কাটানোর পরিকল্পনা থাকলে সুইজারল্যান্ডের জারমাট হতে পারে চমৎকার জায়গা। বিখ্যাত ম্যাটারহর্ন পর্বতের পাদদেশে অবস্থিত এই পাহাড়ি গ্রামটির অন্যতম বৈশিষ্ট্য হলো, এখানে ব্যক্তিগত গাড়ি চলাচল নিষিদ্ধ।

গ্রামের ছোট ছোট রাস্তায় হেঁটে ঘুরে দেখতে পারেন ঐতিহ্যবাহী কাঠের বাড়িগুলো। ঠান্ডা বেশি অনুভূত হলে কোনো রেস্তোরাঁয় বসে গরম গরম চিজ ফন্ডু খেতে পারেন।

জারমাটের সৌন্দর্য উপভোগ করতে স্কিইং জানার প্রয়োজন নেই। গর্নারগ্রাট রেলপথে ভ্রমণ করে বরফে ঢাকা আল্পস পর্বতমালার অসাধারণ দৃশ্য দেখতে পারবেন। এ ছাড়া গ্রাম ঘুরে দেখা কিংবা পাহাড়ের কোনো রেস্তোরাঁয় দীর্ঘ সময় নিয়ে দুপুরের খাবার খাওয়ার সুযোগ রয়েছে।

তবে বছরের এই সময়ে জারমাটে থাকার খরচ বেশ বেশি হতে পারে। জনপ্রিয় রেস্তোরাঁগুলোতেও অনেক আগে থেকে বুকিং হয়ে যায়। তাই ভ্রমণের পরিকল্পনা ও হোটেল বুকিং আগেভাগে সেরে রাখা ভালো।

সাপ্পোরা, জাপান (ছবি: পেক্সেলস)

সাপ্পোরো, জাপান

ভারী তুষারপাত দেখতে সব সময় দুর্গম পাহাড়ি এলাকায় যাওয়ার প্রয়োজন নেই। জাপানের হোক্কাইডো প্রদেশের রাজধানী সাপ্পোরো একটি ব্যস্ত শহর হলেও প্রতি শীতেই এখানে প্রচুর তুষারপাত হয়।

শহরের বরফে ঢাকা রাস্তায় হেঁটে পুরো একটি বিকেল কাটাতে পারেন। পাশাপাশি রয়েছে কেনাকাটা ও স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ। শহরের ব্যস্ত জীবন আর শীতের সাদা প্রকৃতি একসঙ্গে উপভোগ করা যায় এখানে।

নতুন বছরের সময় জাপানি সংস্কৃতি কাছ থেকে জানারও সুযোগ রয়েছে। ১ জানুয়ারি কোনো মন্দির বা উপাসনালয়ে গিয়ে ‘হাৎসুমোদে’ পালনে অংশ নিতে পারেন। এটি জাপানের একটি ঐতিহ্য, যেখানে মানুষ নতুন বছরে সৌভাগ্য ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন।

এ ছাড়া কাছাকাছি কোনো উষ্ণ প্রস্রবণ বা অনসেনে ঘুরে যেতে পারেন। চারপাশে বরফে ঢাকা প্রকৃতি আর উষ্ণ পানিতে শরীর ডুবিয়ে রাখার অভিজ্ঞতা নতুন বছরের ছুটিকে করে তুলবে আরও স্মরণীয়।

কুইবেক সিটি, কানাডা (ছবি: পেক্সেলস)

কুইবেক সিটি, কানাডা

নতুন বছরের আগের রাতে বড় আয়োজন ও উৎসবের আনন্দ উপভোগ করতে চাইলে কানাডার কুইবেক সিটি হতে পারে আকর্ষণীয় একটি জায়গা। বরফে ঢাকা শীতের সৌন্দর্যের পাশাপাশি এখানকার বর্ষবরণ আয়োজনও বেশ জমজমাট। বিশেষ করে ঐতিহাসিক ওল্ড কুইবেক এলাকার পাথরে বাঁধানো রাস্তা, ছোট ছোট দোকান এবং শতাব্দীপ্রাচীন ভবনগুলো বছরের এই সময়ে অসাধারণ সুন্দর হয়ে ওঠে।

কুইবেক সিটির অন্যতম আকর্ষণ শাতো ফ্রঁতেনাকের কাছে অবস্থিত ঐতিহাসিক টোবোগান স্লাইড। বরফের ওপর দিয়ে দ্রুতগতিতে স্লাইড করে নামার অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর।

এ ছাড়া বরফের ওপর স্কেটিং করতে পারেন, ছবির মতো সুন্দর পেতি-শঁপ্ল্যাঁ এলাকা ঘুরে দেখতে পারেন কিংবা ঠান্ডা থেকে স্বস্তি পেতে নর্ডিক স্পায় সময় কাটাতে পারেন।

শীতের এমন আবহাওয়ায় কানাডার বিখ্যাত খাবার পুতিন খাওয়ার মজাই আলাদা। ফ্রেঞ্চ ফ্রাই, চিজ কার্ড ও গ্রেভি দিয়ে তৈরি এই খাবার স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে কানাডায় গেলে একই ভ্রমণে মন্ট্রিয়লও ঘুরে আসতে পারেন। এতে শীতকালীন ছুটির অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।

ভ্রমণের আগে যা মনে রাখবেন

বরফে ঢাকা পাহাড় কিংবা তুষারপাতের শহরে নতুন বছর কাটানোর পরিকল্পনা নিঃসন্দেহে আনন্দের। তবে ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস, তুষারপাতের সম্ভাবনা, যাতায়াত ব্যবস্থা এবং থাকার খরচ সম্পর্কে জেনে নেওয়া জরুরি। পাহাড়ি এলাকায় শীতকালীন রাস্তার অবস্থা দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই প্রয়োজনীয় শীতের পোশাক, ভ্রমণবিমা ও আগাম হোটেল বুকিংয়ের বিষয়েও সতর্ক থাকতে হবে।

পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে বরফে ঢাকা কোনো পাহাড়ি গ্রাম কিংবা আলোকোজ্জ্বল শীতের শহরে নতুন বছর শুরু করার অভিজ্ঞতা হয়ে উঠতে পারে জীবনের অন্যতম স্মরণীয় ভ্রমণ।

/এমএএল/
সম্পর্কিত
সুইজারল্যান্ডের যে উপত্যকায় বিশাল পাথরের নিচে লুকিয়ে আছে প্রাচীন আশ্রয়স্থল
বছর শেষে ভ্রমণে দিল্লিকে টপকে শীর্ষে বেঙ্গালুরু
লিপবাম ছাড়াই ঠোঁটের যত্ন, শীতে শুষ্কতা দূর করার ঘরোয়া উপায়
সর্বশেষ খবর
‘চার সতীনের ঘর’ সিনেমার পারিশ্রমিকের কথা শুনে কী বলেছিলেন আলমগীর
‘চার সতীনের ঘর’ সিনেমার পারিশ্রমিকের কথা শুনে কী বলেছিলেন আলমগীর
কারাগারে যুব মহিলা লীগ নেত্রী, মারা গেলো প্রতিবন্ধী ছেলে; লাশ নেওয়া হলো কাশিমপুরে
কারাগারে যুব মহিলা লীগ নেত্রী, মারা গেলো প্রতিবন্ধী ছেলে; লাশ নেওয়া হলো কাশিমপুরে
উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের অধিকার কতটা সুরক্ষিত? 
আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের অধিকার কতটা সুরক্ষিত? 
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি