বিমানে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় আরামদায়ক আসন, পায়ের জন্য বাড়তি জায়গা কিংবা উন্নত খাবার এসব সুবিধা পেতে চান অনেকেই। বিজনেস ক্লাসের ভাড়া অনেকের নাগালের বাইরে। তাদের কাছে ইকোনমি ও বিজনেস ক্লাসের মাঝামাঝি পরিষেবা ‘প্রিমিয়াম ইকোনমি’ আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে। সাধারণ ইকোনমির তুলনায় বেশি জায়গা, আরামদায়ক আসন এবং উন্নত পরিষেবার প্রতিশ্রুতি দেয় এই শ্রেণি।
তবে প্রশ্ন হল, বাড়তি টাকা খরচ করে প্রিমিয়াম ইকোনমিতে যাতায়াত করা কতটা লাভজনক? সব বিমান সংস্থার পরিষেবা এক রকম নয়। ২০২৬ সালের স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস অনুযায়ী, প্রিমিয়াম ইকোনমি পরিষেবায় বিশ্বের সেরা পাঁচটি বিমান সংস্থা হল ইভা এয়ার, এমিরেটস, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ক্যাথে প্যাসিফিক এবং ভার্জিন আটলান্টিক। তাদের পরিষেবা ও আসনের সুবিধা তুলনা করলে বিষয়টি কিছুটা স্পষ্ট হবে।
১. ইভা এয়ার
প্রিমিয়াম ইকোনমি পরিষেবা চালু করার ক্ষেত্রে অগ্রণী বিমান সংস্থা তাইওয়ানের ইভা এয়ার। ১৯৯২ সালে তারাই প্রথম এই শ্রেণির আসন চালু করে। ২০২৬ সালের স্কাইট্র্যাক্স তালিকায় শীর্ষস্থান দখল করেছে সংস্থাটি। প্রিমিয়াম ইকোনমি পরিষেবার পাশাপাশি সেরা সুযোগ-সুবিধার জন্যও পুরস্কার পেয়েছে তারা।
বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানে প্রিমিয়াম ইকোনমির আসনগুলির মধ্যে দূরত্ব প্রায় ৩৮ ইঞ্চি। সাধারণ ইকোনমিতে এই দূরত্ব ৩১ থেকে ৩৩ ইঞ্চি। আবার নির্বাচিত বোয়িং ৭৮৭-৯ বিমানে আসনের মধ্যবর্তী দূরত্ব ৪২ ইঞ্চি পর্যন্ত। আসনগুলিও তুলনায় চওড়া। ফলে লম্বা যাত্রীদের পা রাখার জন্য পর্যাপ্ত জায়গা মেলে।
তবে ইভা এয়ারের সাধারণ ইকোনমি পরিষেবাও বেশ আরামদায়ক। তাই ভাড়া অনেকটা বেশি হলে প্রিমিয়াম ইকোনমি বেছে নেওয়ার আগে দুই শ্রেণির আসন ও সুবিধা তুলনা করে দেখা ভালো। দীর্ঘ বিমানযাত্রা কিংবা যাঁদের পায়ের জন্য বাড়তি জায়গা প্রয়োজন, তাঁদের কাছে এই পরিষেবা বেশি আকর্ষণীয় হতে পারে।
২. এমিরেটস
২০২৬ সালের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এমিরেটস। তবে প্রিমিয়াম ইকোনমির আসন এবং খাবারের মানের বিচারে শীর্ষস্থান পেয়েছে সংস্থাটি।
এমিরেটসের প্রিমিয়াম ইকোনমিতে রয়েছে ক্রিম রঙের চামড়ার আসন, পায়ের পাতা ও পায়ের পেশি রাখার জন্য আলাদা সাপোর্ট, বড় বিনোদন পর্দা এবং উন্নত খাবারের ব্যবস্থা। তবে এই সুবিধাগুলির জন্য সাধারণ ইকোনমির তুলনায় কখনও কখনও প্রায় দ্বিগুণ ভাড়া দিতে হতে পারে। তাই বাড়তি খরচের সঙ্গে পাওয়া সুবিধার তুলনা করে নেওয়া জরুরি।
২০২৬ সালের সেপ্টেম্বরে সংস্থাটি নতুন এয়ারবাস এ৩৫০ বিমানের জন্য আরও উন্নত প্রিমিয়াম ইকোনমি আসনের ঘোষণা করেছে। এতে রয়েছে বৈদ্যুতিক নিয়ন্ত্রণব্যবস্থা, ওয়্যারলেস চার্জিং, ১৩.৩ ইঞ্চির ৪কে বিনোদন পর্দা এবং আসনের মাঝখানে সামঞ্জস্য করা যায় এমন গোপনীয়তা রক্ষার পার্টিশন। নতুন কেবিনে আসন থাকবে ২-৩-২ বিন্যাসে। তবে সব এ৩৫০ বিমানে এই নতুন আসন নেই। তাই বুকিংয়ের আগে নির্দিষ্ট বিমানে কোন ধরনের আসন রয়েছে, তা জেনে নেওয়া ভালো।
৩. সিঙ্গাপুর এয়ারলাইন্স
প্রিমিয়াম ইকোনমি পরিষেবায় তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। তবে সংস্থাটি সাধারণ ইকোনমি পরিষেবার জন্যও ২০২৬ সালে বিশ্বের সেরা বিমান সংস্থার স্বীকৃতি পেয়েছে। ফলে এই সংস্থায় প্রিমিয়াম ইকোনমি নেওয়ার আগে ভাড়ার পার্থক্য বিবেচনা করা প্রয়োজন।
সাধারণ ইকোনমিতে আসনের মধ্যবর্তী দূরত্ব যেখানে প্রায় ৩২ ইঞ্চি, প্রিমিয়াম ইকোনমিতে তা প্রায় ৩৮ ইঞ্চি। আসনও তুলনায় চওড়া। রয়েছে পায়ের পাতা ও পায়ের পেশি রাখার সাপোর্ট এবং প্রায় ৮ ইঞ্চি পর্যন্ত হেলিয়ে বসার সুবিধা। এ৩৮০ বিমানে প্রিমিয়াম ইকোনমির আসন বিন্যাস ২-৪-২, যেখানে সাধারণ ইকোনমিতে ৩-৪-৩। ফলে মাঝের আসনে বসার সম্ভাবনাও কমে।
খাবারের ক্ষেত্রেও রয়েছে বাড়তি সুবিধা। ‘বুক দ্য কুক’ পরিষেবার মাধ্যমে আগে থেকে পছন্দের বিশেষ খাবার অর্ডার করা যায়। পাশাপাশি পাওয়া যায় শ্যাম্পেন, অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বিমানে ওঠার সুবিধা।
বিশেষজ্ঞদের মতে, আট ঘণ্টার বেশি দীর্ঘ বিমানযাত্রা কিংবা রাতের ফ্লাইটে এই বাড়তি আরাম বেশ কাজে আসে। তবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সাধারণ ইকোনমিও যথেষ্ট ভালো হওয়ায় কম সময়ের যাত্রায় প্রিমিয়াম ইকোনমির জন্য অতিরিক্ত খরচ সব সময় প্রয়োজনীয় নাও হতে পারে।
৪. ক্যাথে প্যাসিফিক
২০২৬ সালের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ক্যাথে প্যাসিফিক। তবে প্রিমিয়াম ইকোনমির আসনের মানের বিচারে এমিরেটসের পরেই রয়েছে এই বিমান সংস্থা।
এ৩৫০ বিমানে প্রিমিয়াম ইকোনমির আসনের মধ্যবর্তী দূরত্ব প্রায় ৪০ ইঞ্চি। আসন প্রায় ৯ ইঞ্চি পর্যন্ত হেলানো যায়। রয়েছে পা রাখার জন্য লম্বা সাপোর্ট, অগ্রাধিকার ভিত্তিতে বিমানে ওঠা, অতিরিক্ত লাগেজ এবং উন্নত খাবারের ব্যবস্থা।
সংস্থার সংস্কার করা বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানে নতুন নকশার প্রিমিয়াম ইকোনমি কেবিন রয়েছে। আসনের মাথার দুই পাশে বিশেষ নকশার হেডরেস্ট থাকায় ব্যক্তিগত পরিসর কিছুটা বেশি পাওয়া যায়। রয়েছে ১৫.৬ ইঞ্চির ৪কে বিনোদন পর্দা এবং ব্লুটুথ অডিয়ো ব্যবহারের সুবিধা।
দীর্ঘ রাতের ফ্লাইটে বেশি হেলিয়ে বসার সুবিধা এবং পায়ের সাপোর্ট কাজে আসতে পারে। যাঁরা যাত্রার সময় কিছুটা ব্যক্তিগত পরিসর চান, তাঁদের কাছেও এই পরিষেবা আকর্ষণীয়। তবে ছোট দূরত্বের যাত্রায় সাধারণ ইকোনমি থেকে পার্থক্য খুব বেশি অনুভূত নাও হতে পারে।
৫. ভার্জিন আটলান্টিক
তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভার্জিন আটলান্টিক। আসনের বাড়তি জায়গার পাশাপাশি খাবার ও পরিষেবার ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেয় সংস্থাটি।
বোয়িং ৭৮৭-৯ বিমানে প্রিমিয়াম ইকোনমির আসন প্রায় ২১ ইঞ্চি চওড়া এবং আসনের মধ্যবর্তী দূরত্ব ৩৮ ইঞ্চি পর্যন্ত। সাধারণ ইকোনমিতে এই দূরত্ব প্রায় ৩১ ইঞ্চি। তবে বিমানের ধরন অনুযায়ী আসনের মাপ বদলে যায়। নতুন এ৩৫০-১০০০ ও এ৩৩০নিও বিমানে আসনের প্রস্থ প্রায় ১৮.৫ ইঞ্চি। এ৩৩০নিও বিমানে রয়েছে ওয়্যারলেস চার্জিং ও ব্লুটুথ-সুবিধাযুক্ত বিনোদন পর্দা।
এই শ্রেণির যাত্রীদের বিমানে ওঠার সময় স্পার্কলিং ওয়াইন দেওয়া হয়। খাবারের মেনুতে থাকে তিনটি প্রধান পদ বেছে নেওয়ার সুযোগ। চিনামাটির প্লেট ও ধাতব কাটলারিতে খাবার পরিবেশন করা হয়। বিকেলের চায়ের ব্যবস্থাও রয়েছে। বিমানবন্দরে আলাদা চেক-ইন কাউন্টার, অগ্রাধিকার ভিত্তিতে বিমানে ওঠা এবং লাগেজ পাওয়ার সুবিধা মেলে। পাশাপাশি ২৩ কেজি ওজনের দুটি চেক-ইন ব্যাগ নেওয়া যায়।
তবে যাদের মূল চাহিদা পায়ের জন্য বাড়তি জায়গা, তাদের জন্য সংস্থার ‘ইকোনমি ডিলাইট’ আসনও বিবেচনা করা যেতে পারে। এতে ৩৪ ইঞ্চি পর্যন্ত আসনের মধ্যবর্তী দূরত্ব পাওয়া যায়, অথচ প্রিমিয়াম ইকোনমির পুরো ভাড়া দিতে হয় না।
কখন প্রিমিয়াম ইকোনমির জন্য বাড়তি টাকা খরচ করবেন?
দীর্ঘ বিমানযাত্রা, বিশেষ করে রাতের ফ্লাইটে প্রিমিয়াম ইকোনমির বাড়তি জায়গা ও হেলিয়ে বসার সুবিধা বেশ কার্যকর হতে পারে। যাঁদের উচ্চতা বেশি, পায়ের জন্য বাড়তি জায়গা প্রয়োজন কিংবা পরের দিনই গুরুত্বপূর্ণ কাজে যোগ দিতে হবে, তাঁদের জন্যও এই শ্রেণি সুবিধাজনক।
তবে প্রতিটি বিমান সংস্থার সাধারণ ইকোনমি পরিষেবার মান এক নয়। আবার একই সংস্থার সব বিমানে প্রিমিয়াম ইকোনমির আসন ও সুযোগ-সুবিধাও সমান নয়। তাই টিকিট কাটার আগে নির্দিষ্ট বিমানের আসনের মাপ, আসন বিন্যাস, খাবার, লাগেজের সুবিধা এবং দুই শ্রেণির ভাড়ার পার্থক্য দেখে নিন।
আরও একটি উপায় হল, টিকিট কাটার পর আপগ্রেডের প্রস্তাবের জন্য অপেক্ষা করা। কখনও কখনও আগে থেকে প্রিমিয়াম ইকোনমির টিকিট কেনার তুলনায় পরে কম খরচে আসন আপগ্রেডের সুযোগ পাওয়া যায়। ফলে দীর্ঘ যাত্রায় আরাম চাইলে বুকিংয়ের সময় এবং যাত্রার আগে দুই পর্যায়েই ভাড়ার তুলনা করে নেওয়া বুদ্ধিমানের কাজ।