ছাপ্পান্ন হাজার বর্গমাইল আয়তনের বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার মন কাড়ে দেশি-বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মিনার, নদী, পাহাড়, অরণ্যসহ হাজারও সুন্দরের রেশ ছড়িয়ে আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত।
দেশের আট বিভাগে (ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ) ৬৪ জেলা। পণ্য, খাবার, পর্যটন আকর্ষণ কিংবা সাংস্কৃতিক বা লোকজ ঐতিহ্যে বাংলাদেশের জেলাগুলো স্বতন্ত্রমণ্ডিত। প্রতিটি জেলার নামকরণের সঙ্গে রয়েছে ঐতিহ্যপূর্ণ ইতিহাস। প্রতিটি স্থানের নামকরণের ক্ষেত্রে কিছু জনশ্রুতি রয়েছে। এসব ঘটনা ভ্রমণপিপাসু উৎসুক মনকে আকর্ষণ করে। তাই বাংলা ট্রিবিউন জার্নিতে ধারাবাহিকভাবে জানানো হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস।
ফেনীর পূর্বভাগের ছাগলনাইয়া উপজেলার শিলুয়া গ্রামে রয়েছে এক প্রাচীন ঐতিহাসিক শিলামূর্তির ধ্বংসাবশেষ। এর অবস্থানের কারণে স্থানটি শিলুয়া বা শিল্লা নামে পরিচিতি পেয়েছে। প্রাচীনকালে এখানে বৌদ্ধ ধর্ম ও কৃষ্টির বিকাশ ঘটেছিল। ১৯৬৩ সালে ছাগলনাইয়ায় একটি পুকুর খননকালে নব্য প্রস্তর যুগে মানুষের ব্যবহৃত হাতিয়ার বা হাতকুড়াল পাওয়া গেছে। পণ্ডিতদের মতে, সেটি প্রায় পাঁচ হাজার বছরের পুরনো। ১৯৮৪ সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে যেসব মহকুমাকে মানোন্নীত করে জেলায় রূপান্তর করা হয়, ফেনী সেগুলোর একটি।
ফেনীর ঐতিহাসিক স্থানগুলো হলো হযরত শাহ সৈয়দ আমির উদ্দীন (র.) পাগলা বাবার মাজার , ফুলগাজীতে প্রাচীর সুড়ঙ্গ মঠ, পরশুরামে বিলোনিয়া সীমান্ত পোস্ট ও বিলোনিয়া পুরাতন রেলস্টেশন।
সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন