নতুন দেশ, নতুন গন্তব্য, নতুন অভিজ্ঞতা ভ্রমণপ্রেমীদের কাছে এর আকর্ষণ চিরকালীন। স্বপ্নের তালিকায় থাকা কোনও অচেনা জায়গায় পৌঁছে যাওয়ার আনন্দ নিঃসন্দেহে আলাদা। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ভ্রমণের ধরনে দেখা যাচ্ছে এক নতুন পরিবর্তন। অনেকেই এখন অজানার সন্ধানে নয়, বরং ফিরে যেতে চাইছেন পরিচিত, প্রিয় এবং আরামদায়ক ঠিকানায়।
বদলে যাওয়া জীবনযাপন, কর্মক্ষেত্রের চাপ এবং মানসিক ক্লান্তি ভ্রমণের ভাবনাতেও প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ প্রজন্মের একাংশের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ‘পরিচিত গন্তব্যে বারবার ফিরে যাওয়ার’ প্রবণতা। নতুন জায়গা আবিষ্কারের উত্তেজনার বদলে তারা খুঁজছেন নিশ্চিন্তি, আরাম এবং পুরোনো স্মৃতির উষ্ণতা।
বিষয়টি একেবারে নতুন নয়। তবে বর্তমানের এই ভ্রমণপ্রবণতা শুধু আকস্মিক সফর নয়, বরং অতিরিক্ত পরিকল্পনা, অনিশ্চয়তা ও মানসিক চাপ এড়িয়ে সহজ-স্বস্তির ভ্রমণ বেছে নেওয়া।
একবার কোনও জায়গা ভালো লেগে গেলে সেই স্থান, পরিবেশ, মানুষ কিংবা আতিথেয়তার সঙ্গে এক ধরনের আবেগের সম্পর্ক তৈরি হয়। কোনও নির্দিষ্ট পাহাড়ি হোমস্টে, সমুদ্রতীরের হোটেল বা প্রিয় খাবারের স্বাদ মানুষকে আবারও সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যায়। নতুন গন্তব্য বেছে নেওয়ার আগে যে ভাবনা কীভাবে যেতে হবে, কোথায় থাকতে হবে, কীভাবে ঘুরতে হবে এসব ঝামেলা এড়িয়ে পরিচিত জায়গায় ফেরার মধ্যে রয়েছে এক ধরনের স্বস্তি।
একসময় বাঙালির ভ্রমণের গন্তব্য ছিল সীমিত। কক্সবাজার, বান্দরবান, সিলেটের চা-বাগানের মতো জায়গায় মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত পরিবারের মানুষ বারবার যেতেন। সেই ভ্রমণে ছিল কম পরিকল্পনা, বেশি আবেগ। নতুন প্রজন্মের একাংশ এখন সেই পুরোনো ভ্রমণ-আবেশই নতুনভাবে ফিরে পেতে চাইছে।
ক্লান্তি ও উৎসাহের অভাব
নতুন কোনও জায়গায় যাওয়ার মধ্যে যেমন রোমাঞ্চ থাকে, তেমনই থাকে প্রস্তুতির ঝক্কি। কোথায় ঘোরা যাবে, কোথায় থাকা হবে, কীভাবে যাতায়াত করা হবে—সবকিছুর পরিকল্পনা করতে হয়। বিশেষ করে যারা নিজেরাই সফর সাজাতে চান, তাদের জন্য যথেষ্ট খোঁজখবরের প্রয়োজন।
বর্তমান সময়ে পেশাগত ব্যস্ততা বেড়েছে। দীর্ঘ কর্মঘণ্টা ও মানসিক চাপের কারণে অনেকেই ছুটির সময় নতুন কোনো চ্যালেঞ্জ নিতে চান না। তাই পরিচিত জায়গায় গিয়ে নিশ্চিন্তে সময় কাটানো অনেকের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে।
বদলে যাচ্ছে আতিথেয়তার সম্পর্ক
ভালো কোনও রিসোর্ট হোমস্টে বা হোটেলের পরিবেশ শুধু স্থান নয়, মানুষের ব্যবহার দিয়েও মনে জায়গা করে নেয়। আন্তরিক আতিথেয়তা, পরিচিত মুখ এবং যত্নের অনুভূতি অনেক সময় ভ্রমণকারীর সঙ্গে একটি আবেগের সম্পর্ক তৈরি করে।
ফিরে আসার পরও কোনও নির্দিষ্ট ঘর, জানালার বাইরের দৃশ্য, প্রিয় খাবারের স্বাদ কিংবা স্থানীয় মানুষের আন্তরিকতা মনে থেকে যায়। সেই স্মৃতিই আবার একই জায়গায় যাওয়ার আকর্ষণ তৈরি করে।
খরচের হিসাবও সহজ
নতুন কোনও জায়গায় গেলে বাজেট নিয়ে অনিশ্চয়তা থাকে। থাকা, খাওয়া, যাতায়াত সবকিছুর খরচ আগে থেকে অনুমান করা কঠিন হতে পারে। কিন্তু পরিচিত গন্তব্যে গেলে এই হিসাব অনেকটাই পরিষ্কার থাকে।
কোথায় থাকা ভালো, কোন গাড়ি ভাড়া করা যায়, কোথায় কত খরচ হতে পারে এসব জানা থাকায় ভ্রমণের পরিকল্পনা সহজ হয়।
স্মৃতির কাছে ফিরে যাওয়া
অনেকের কাছে পুরোনো গন্তব্যে ফিরে যাওয়া মানে শুধু ভ্রমণ নয়, স্মৃতিকে নতুন করে ছুঁয়ে দেখা। ছোটবেলায় সন্তানকে নিয়ে কোনো পাহাড় বা সমুদ্র শহরে যাওয়ার স্মৃতি আবারও ফিরে পেতে চান অনেকে।
ডিজিটাল ব্যস্ততার যুগে সন্তানরা কখন বড় হয়ে যায়, অনেক সময় বাবা-মায়েরা তা বুঝতেই পারেন না। তাই পুরোনো কোনও জায়গায় আবার যাওয়া হয়ে ওঠে পরিবারের হারিয়ে যাওয়া মুহূর্তগুলোকে ফিরে দেখার এক সুযোগ।
চেনা জায়গার নিরাপত্তা
শুধু তরুণ নয়, বয়স্কদের মধ্যেও পরিচিত গন্তব্যে ফিরে যাওয়ার প্রবণতা রয়েছে। কারণ চেনা পরিবেশে নিরাপত্তার অনুভূতি বেশি থাকে। নতুন জায়গার অনিশ্চয়তা, পথঘাটের অজানা বিষয় কিংবা ব্যবস্থাপনা নিয়ে যে দুশ্চিন্তা থাকে, পরিচিত জায়গায় তা অনেকটাই কমে যায়।
বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার গুরুত্ব বাড়ে। তাই বারবার একই জায়গায় যাওয়া অনেকের কাছে হয়ে উঠছে মানসিক শান্তির এক সহজ পথ।
ভ্রমণ মানেই সব সময় নতুন কিছু খোঁজা নয়। কখনও কখনও পরিচিত কোনও ঠিকানায় ফিরে যাওয়ার মধ্যেও লুকিয়ে থাকে গভীর আনন্দ, নিরাপত্তা ও আবেগ। দ্রুত বদলে যাওয়া জীবনের চাপের মধ্যে মানুষ এখন হয়তো নতুন অভিজ্ঞতার পাশাপাশি খুঁজছে পুরোনো স্মৃতির আশ্রয়।
চেনা পথ, পরিচিত মানুষ আর প্রিয় পরিবেশ এই তিনের টানেই হয়তো ভ্রমণের নতুন সংজ্ঞা তৈরি হচ্ছে।