ওয়ারীতে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিলো জনতা

ছিনতাইরাজধানীর ওয়ারীতে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাকারীরা হলো- মো. ফরহাদ হোসেন ও মো. আসলাম। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১ লাখ ৫ হাজার টাকাসহ ১টি ধারালো চাকু উদ্ধার করা হয়।
বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন ও স্থানীয়রা।


এসআই জানান, উজ্বল কুমার, টিটু ও মানিক নাথ নামে তিন ব্যবসায়ী সকালে বাংলাবাজারের দিকে যাচ্ছিলেন। তখন ওয়ারী থানার টিপু সুলতান রোডস্থ ডাচবাংলা ব্যাংকের বুথের সামনে ৪ ছিনতাইকারী ধারালো অস্ত্রসহ তাদের গতিরোধ করে এবং সঙ্গে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে ধরে ফেলে। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে দুই ছিনতাইকারী আহত হয়। তখন ঘটনাস্থলে পেট্রোলে থাকা পুলিশও উপস্থিত হলে স্থানীয়রা ছিনতাইকারীদের পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে উদ্ধারকৃত টাকা ভিকটিমদের বুঝিয়ে দেওয়া হয় এবং ছিনতাইকারীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে ওয়ারী থানায় একটি মামলা করা হয়েছে।
ব্যবসায়ী মানিক নাথ জানান, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় টাকাগুলো ফেরত পেয়ে তিনি কৃতজ্ঞ।
/এআরআর /এএইচ/
আরও খবর পড়ুন-

ওমর মতিনকে আগে থেকেই চিনত এফবিআই