কারা উপমহাপরিদর্শক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি কারাগারে আমরা কারারক্ষী দ্বিগুণ বৃদ্ধি করেছি। কারা ফটকেও অস্ত্রধারী কারারক্ষী বাড়ানো হয়েছে। সাক্ষাতের সময় যথার্থ তল্লাশি করা হচ্ছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা থাকবে। তবে কোনও নির্দিষ্ট কারাগারে নাশকতার হুমকি নেই।
আসামিদের আদলতে নেওয়া আসার ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানান আবিদ হাসান।
সম্প্রতি দেশে চলমান বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ১৩ হাজারেরও বেশি আসামি দেশের ৬৮ টি কারাগারে রয়েছে। ধারণক্ষমতার বাইরে অন্তত তিনগুণ বন্দি বর্তমানে দেশের কারাগারগুলোতে রয়েছে। সেক্ষেত্রে কোনও ধরনের গোলযোগ বা অপ্রীতিকর ঘটনা যেন কারাগারের ভেতরে না ঘটে, সেদিকেও বিশেষ নজরদারি রাখা হয়েছে।
গত সপ্তাহে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে মোবাইলে এসএমএস পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা। ওই হুমকির এক সপ্তাহের মাথায় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
/এআরআর/এমএনএইচ/