শুক্রবার বিকাল সোয়া ৩টায় এই ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ঢাবি শিক্ষার্থীরা জানায়, বিকালে বাসভবনে আরেফিন সিদ্দিক প্রবেশের সময় অর্ধশতাধিক তরুণ জয়বাংলা স্লোগান দিয়ে তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়িটির ডান পাশের গ্লাস সম্পূর্ণ ভেঙে যায়। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান এবং তাকে উদ্ধার করে নিরাপদে বাসায় পৌঁছে দেন। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারাও সেখানে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আরেফিন স্যারকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলেছি। এখন পরিবেশ স্বাভাবিক।
ঢাবি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার ১৮ নম্বর পাতায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে তার কার্যালয়ে এক ঘণ্টা অবরুদ্ধ রাখে। স্মরণিকায় অগ্নিসংযোগ করে। এরপর উপাচার্যের গাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তারা ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগও দাবি করেন।
আরও পড়ুন-
স্মরণিকায় জিয়াকে ‘প্রথম রাষ্ট্রপতি’ লেখায় ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অবরুদ্ধ