ক্রিকেটার শাহাদাতের বিরুদ্ধে শিশু নির্যাতন মামলা

বাদী ও নির্যাতিত শিশুর বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা

ক্রিকেটার শাহাদাত, তার স্ত্রী ও নির্যাতিত শিশুক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্যর বিরুদ্ধে দায়ের করা শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলার বাদী এবং নির্যাতিত শিশুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল এই পরোয়ানা জারি করেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশুলি আলী আসগর স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চার থেকে পাঁচটি তারিখে তারা (বাদী ও ভিকটিম) ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে না আসায় এ পরোয়ানা জারি করা হয়েছে। এ মামলায় আগামী ১৭ আগস্ট সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।
যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন- মামলার বাদী সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক ও নির্যাতিত গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি। মামলার সাক্ষ্যগ্রহণের দিনে বাদী সাক্ষ্য দিতে না আসায় এবং ভিকটিমও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করেন বিচারক। তবে এ দিন শাহাদাত এবং তার স্ত্রী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৯ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(২)খ ধারায় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান ঢাকা সিএমএম আদালতে এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন। গত ১২ জানুয়ারি মামলাটি ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত থেকে ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। পরে ২২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক।

উল্লেখ্য, গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটির চোখে রুটির তৈরির বেলুনি দিয়ে আঘাত ও খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে নিষ্ঠুর নির্যাতনের অভিযোগ আনা হয়।

/এসআইটি/এমও/