আবাসিক হোটেলে আদম-ব্যবসায়ীর লাশ, বান্ধবী আটক

লাশ উদ্ধাররাজধানীর একটি আবাসিক হোটেল থেকে এক আদম-ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হামিদুর রহমান মজিবর (৩৮)। তিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন। শনিবার সকাল ৯টার দিকে ফকিরাপুলের ‘হোটেল এরিনা’র চতুর্থ তলা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় তার বান্ধবীকে আটক করা হয়েছে। মতিঝিল থানার এসআই মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মজিবরের বাড়ি ময়মনসিংহে। সেনাবাহিনীর চাকরি ছাড়ার পর তিনি আদম ব্যবসা শুরু করেন। তিনি স্ত্রী নিয়ে রাজধানীর শাজাহানপুরে থাকতেন। গত ২২ সেপ্টেম্বর তিনি ময়মনসিংহ যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। কিন্তু বাড়ি না গিয়ে বান্ধবীকে নিয়ে তিনি ওই হোটেলে ওঠেন। শনিবার সকালে মজিবর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বান্ধবী হোটেলের লোকজনকে খবর দেন। পরে হোটেলের লোকজন খবর দেয় মতিঝিল থানায়। পুলিশ আসতে-আসতে তার মৃত্যু হয়। হোটেলের লোকজন জানান, মৃত্যুর আগে মজিবরের মুখ থেকে লালা পড়ছিল।

এসআই মামুন জানান, মজিবরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে তার বান্ধবীকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন, মজিবরের প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে তাদের পরিচয় হয়। সম্পর্ক হয় আট-দশ বছর আগে। তাদের বিয়ে করার কথা ছিল।

/এআরআর/এআরএল/

আরও পড়ুন: 

৯টার অফিস ১১টায়!