আনসার হত্যা মামলার আসামি শিহাব ৫ দিনের রিমান্ডে

হ্যান্ডকাপ পরা মো. শিহাব
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার হত্যা মামলার আসামি মো. শিহাবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মহানগর হাকিম আদালত। রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মো. মাহমুদুল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর হাকিম আদালেতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. লিয়াকত আলী এ তথ্য জানিয়েছেন।

মো. শিহাবকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক মো. মাহবুবুল হক। আবেদনে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত আসামি  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার করলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ নাম-ঠিকানা বলেননি। একেক সময় একেক তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কিনা, ওই তথ্যসহ তাদের নাম-ঠিকানা বিষয়ে বিস্তারিত তথ্য জানতে রিমান্ড চাওয়া হয়। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মো. শিহাব  বিমানবন্দরের তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করে। এয়ারপোর্টের ক্লিনারদের মতো হলুদ টি শার্ট পরা থাকলেও তার কাছে ডিউটি পাস ছিল না। এজন্য গেটে থাকা নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেয়। তখন সে আনসার সদস্যকে ছুরিকাঘাত করে ভেতরে প্রবেশ করে। এ ঘটনায় তিন জন আহত হন।

ঘটনার পর ৩নং আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মো. আশরাফুল আলম বাদী হয়ে শিহাবসহ আরও কয়েকজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন।

/আরজে/এমএনএইচ/