রাজধানীর ডেমরা এলাকার একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার দুপুরে ডেমরার সারুলিয়ার টেংরা মা মেমোরিয়াল স্কুল রোডের আমতলা গলির একটি বাসায় থাকা এ কারখানায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে পুলিশ।
ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসিরের কাছ থেকে ১টি ইয়াবা ট্যাবলেট তৈরির হ্যান্ডমেশিন, ১টি স্টীলের ইয়াবা ট্যাবলেট তৈরির ডাইস, ১টি হিটার মেশিন, ১টি সাদা রঙের আর্দ্রতারোধক মেশিন, ২৮.৭৫০ কেজি গোলাপী, হলুদ ও লাল রঙের পাউডারসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পাউডার ইয়াবা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাসির জানায়, উদ্ধারকৃত কাঁচামাল দিয়ে প্রায় চার লাখ পিস ইয়াবা ট্যাবলেট তৈরি করা সম্ভব। এ ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
/এআরআর/এমও/