জেলা পরিষদের ভোটার না হওয়ায় সংসদ সদস্যদের এলাকায় থাকার অধিকার নেই মন্তব্য করে মো. শাহনেওয়াজ বলেন, ‘সংসদ সদস্যদের বিরুদ্ধে জেলা পরিষদ নির্বাচনে আমরা কিছু লিখিত এবং কিছু মৌখিক অভিযোগ পেয়েছি। তারা স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও আমাদের কাছে অভিযোগ এসেছে। তাই তাদের বলতে চাই, এলাকায় প্রভাব বিস্তার করবেন না। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যারা এগুলো করছেন, তারা এসব থেকে বিরত থাকুন। তাদের বলছি, দুই দিনের জন্য এলাকা থেকে চলে যান। সংসদ সদস্য অথবা প্রভাবশালী যেই হোন না কেন, নির্বাচনে প্রভাব বিস্তার করবেন না। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নির্বাচনে ভোটারদের মোবাইল ব্যবহার নিষেধাজ্ঞা প্রসঙ্গে এই ইসি বলেন, ‘আমরা রিটার্নিং অফিসারকে বলে দিয়েছি, মোবাইল ও ক্যামেরা নিয়ে বুথে যাওয়া যাবে না। ব্যালট পেপারে কোনও চিহ্ন থাকলে, তা বাতিল করা হবে।’ তিনি আরও বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন একটি নতুন সংযোজন। আমরা সুন্দরভাবে নির্বাচনটি করতে চাই। বিভিন্ন ধরনের অভিযোগও আমাদের কাছে এসেছে। এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।’
নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে মো. শাহনেওয়াজ বলেন, ‘অন্যান্য নির্বাচনের মতো এই নির্বাচনে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। নিরাপত্তা বাহিনী কেন্দ্রের কাছাকাছি অবস্থান করবে। কেন্দ্রকে ঘিরেই নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। শান্তিতে সবাই যেন ভোট দিতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে।’
/ইএইচএস/এমএনএইচ/