রাজধানীর কল্যাণপুরের তাজ মঞ্জিলের (জাহাজ বিল্ডিং) জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় বাধা ও তথ্য গোপনের অভিযোগে বাড়ির মালিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রটি আমলে নিয়ে বিচারিক আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালত। মঙ্গলবার বিকালে মিরপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলতাব হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি আরও জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান অভিযোগপত্রটি আমলে নিয়ে বিচারের জন্য মঙ্গলবার বিচারিক আদালতে পাঠিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুর ৫ নম্বর সড়কের ৫৩ নম্বর তাজ মঞ্জিলের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাড়িতে অভিযান চালানোর সময় বাড়িওয়ালার স্ত্রী পুলিশকে বাধা প্রদান করেন। ওই ঘটনায় ১ আগস্ট আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক বজলার রহমান। ওই বাড়িতে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। পরে ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে মিরপুর থানা পুলিশ। মামলাটি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে।
/এসআইটি/এআরআর/এমও/