শাহজালালে ফের যাত্রীর পেট থেকে স্বর্ণের বার উদ্ধার

উদ্ধার করা স্বর্ণের বার, চুড়ি ও আংটিশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের যাত্রীর পেট থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। দুবাই থেকে আসা যাত্রী মো. দিদারুল আলম জাহাঙ্গীরের পেট থেকে প্রতিটি ১০ তোলা ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যাগ তল্লাশি করে আরও ছয়টি চুড়ি ও দুইটি আংটি উদ্ধার করা হয় বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির।
স্বর্ণ উদ্ধারের এই ঘটনা ঘটেছে বুধবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায়। দুবাই থেকে আসা যাত্রী জাহাঙ্গীরের বাড়ি চট্টগ্রাম।
ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দুবাই থেকে ওমান হয়ে ওমান এয়ারের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন জাহাঙ্গীর। ওই ফ্লাইটের নম্বর ছিল ডব্লিউওয়াই০১৩৫।
আহসানুল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে তাকে স্বর্ণ বহনের কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। এসময় তাকে হাসপাতালে নিয়ে এক্সরে করা হয়। এক্সরে রিপোর্টে তার পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিমানবন্দরের টয়লেটে যাত্রীর পায়ুপথ থেকে বিশেষ প্রক্রিয়ায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।’
এছাড়া, জাহাঙ্গীরের ব্যাগ তল্লাশি করে আরও ছয়টি স্বর্ণের চুড়ি ও দুইটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট স্বর্ণের ওজন ১ কেজি ৭২৮ গ্রাম। এর মূল্য আনুমানিক ৮৬ লক্ষ টাকা বলে জানান আহসানুল কবীর।
জাহাঙ্গীরের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে, মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফজলুল হক নামে এক যাত্রীর পেট থেকে এক কেজি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আরও পড়ুন-

শাহজালালে যাত্রীর পেট থেকে স্বর্ণ উদ্ধার

মন্ত্রীর নামের পাশে যুক্ত হলো ‘যুদ্ধাপরাধী’

/সিএ/টিআর/