ধানমণ্ডি থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, ধানমণ্ডিতে মিলন হাওলাদার (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আবাহনী মাঠের পাশে স্টাফ কোয়ার্টার এলাকায় টিনশেডের ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন মিলন হাওলাদার। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মিলন হাওলাদার রান্নাঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ধানমণ্ডি থানায় খবর দেন। পরে পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বাবা চুন্নু হাওলাদার জানান, মিলন মাঝে মাঝে শ্রমিকের কাজ করতেন। অধিকাংশ সময়ই বেকার থাকতো সে।
অপরদিকে, রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় রবিবার বিকেলে নিজ বাসার পঞ্চম তলা থেকে লাফিয়ে পড়ে এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে। তার নাম আরিফুল ইসলাম নিপু (১৭)। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, ৮৪ দক্ষিণ বাসাবোর ১০ তলা ভবনের ৫ম তলায় আরিফুল ইসলাম নিপুর বাবা আব্দুর রহিমের নিজের ফ্ল্যাট। নিপু স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। সে দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিল। এর আগেও একবার সে আত্মহত্যা করতে চেয়েছিল। রবিবার বিকেল সাড়ে ৪টায় সে বাসার ৫ তলা থেকে লাফ দেয়, এতে সে ঘটনাস্থলেই মারা যায়। সন্ধ্যা ৬টায় তার মরদেহ ময়নাতদন্তের জনন্য ঢামেক মর্গে পাঠিয়েছে পুলিশ।
/এআইবি/এমও/