তালাক দেওয়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা


আরিফুন্নেছা আরিফাতালাক দেওয়ায় রাজধানীর কলাবাগানে ব্যাংক কর্মী আরিফুন্নেছা আরিফাকে (২৭) ছুরিকাঘাতে হত্যা করেছে তার সাবেক স্বামী রবিন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।



নিহত আরিফা পল্টন শাখার যমুনা ব্যাংকের একজন মার্কেটিং এক্সিকিউটিভ। তার বাড়ি জামালপুরে। তিনি ঢাকার কলাবাগানের সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাই আলামিন বুলবুল জানান, আজ সকাল সাড়ে ৮টায় আরিফা অফিসের উদ্দেশে বাসা থেকে বের হন। কিছু দূর যাওয়ার পরপরই সাবেক স্বামী রবিন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন আরিফাকে উদ্ধার করে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। এ খবর শুনে তিনি তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।  চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টায় আরিফা মারা যান।
তিনি আরও জানান, রবিন ও আরিফার প্রেমের সম্পর্ক ছিল। চার বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর রবিন মাদকাসক্ত হয়ে পড়ে। তারপর থেকে তার বোন আরিফাকে প্রায়ই সে মারধর করতো। এরপর গত তিন মাস আগে স্বামীকে তালাক দেয় আরিফা।
/এআইবি/এআর/