সাম্প্রতিক জঙ্গি হামলা মুফতি হান্নানকে মুক্ত করতে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া পরপর কয়েকটি জঙ্গি হামলা মুফতি হান্নানকে ছাড়িয়ে নেওয়ার উদ্দেশে, বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রবিবার মুফতি হান্নানের ফাঁসির রিভিউ আবেদন খারিজ হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আদালত বলেছেন তারা যে অপরাধ করেছে তা খুবই নৃশংস এবং পূর্ব পরিকল্পিত। সেই বিবেচনায় দুইটি রিভিউ খারিজ করেছেন আদালত।’
এর আগে, মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছিলেন মুফতি হান্নানসহ তিন আসামি। তাদের আইনজীবী রিভিউ শুনানিতে বলেন, ‘আসামিরা দশবছর যাবৎ জেলে, মৃত্যুদণ্ড না দিয়ে তাদের যাবজ্জীবন দেওয়া হোক।’ আদালত এটিকে যৌক্তিক মনে করেননি বলেও জানান অ্যাটর্নি জেনারেল।
কবে নাগাদ ফাঁসি কার্যকর হবে প্রশ্নে মাহবুবে আলম বলেন, ‘প্রাণভিক্ষা জেলকোডের নিয়ম অনুযায়ী ৭ দিনের আগে নয়, ২১দিনের পরে নয়। এর মধ্যে যেকোনও সময় বিষয়টি কিভাবে সম্পাদিত হবে তা কারা কর্তৃপক্ষ ও রাষ্ট্র সিদ্ধান্ত নিবে।’

তিনি আরও বলেন, ‘আসামিরা এই সময়ের মধ্যে প্রাণভিক্ষার সুযোগ পাবে, সেটি রাষ্ট্রপতির কাছে যাওয়া এবং চূড়ান্ত সিদ্ধান্তের পরই পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।’

প্রসঙ্গত, সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানসহ তিনজনের রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ বিষয়ে করা মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের আবেদন খারিজ করেন। এর আগে গত বছর ৭ ডিসেম্বর হাইকোর্টের রায় বহাল রেখে রায় দিয়েছিলেন আদালত।
আরও পড়ুন: মুফতি হান্নানের ফাঁসি বহাল
/এমটি/ইউআই/এমও/