মানবতাবিরোধী অপরাধ: ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩০ মে

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালএকাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আগামী ৩০মে দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার (১৬ এপ্রিল) বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

মামলার আসামিরা হলেন আব্দুল আজিজ ওরফে হাবুল (৬৩), আব্দুল মান্নান (৬৪) ও আব্দুল মতিন (৬১)। এর মধ্যে আব্দুল আজিজ ও আব্দুল মতিন সম্পর্কে সহোদর। মামলায় তিন আসামির মধ্যে আব্দুল মতিন পলাতক থাকলেও বাকি দু’জন কারাগারে আছেন।

এর আগে পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অপারগতা বিষয়ক একটি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়। ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন। আসামিদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

আসামিদের বিরুদ্ধে ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ, অপহরণ, নির্যাতনসহ মোট ৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। মামলাটি তদন্ত করেন তদন্ত সংস্থার সদস্য শাহজাহান কবির।

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি মানবতাবরোধী অপরাধের মামলায় বড়লেখার ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ১ মার্চ মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর ২ মার্চ আব্দুল আজিজ ও আব্দুল মান্নানকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মুক্তিযুদ্ধ শুরু হলে একাত্তরে আব্দুল আজিজ ও আব্দুল মতিন  প্রশিক্ষণ নিতে ভারতের বারপুঞ্জিতে যান। কিন্তু প্রশিক্ষণরত অবস্থায় পালিয়ে এসে তারা রাজাকার বাহিনীতে যোগ দেন। অন্য আসামি আব্দুল মান্নান একাত্তরে স্থানীয় মুসলিম লীগের নেতা ছিলেন। ৩ আসামির বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, লুট, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

এমটি/এমএনএইচ/