নারায়ণগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

ধর্ষণনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই নারীর ছেলের দায়ের করা মামলায় দুলাল (৫৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। আর ওই বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে গ্রেফতারকৃত জানিয়েছেন, তিনি এ ঘটনায় জড়িত না।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, উপজেলার মেঘনা নদীবেষ্টিত দুর্গম এলাকা কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামের ৮০ বছরের বৃদ্ধা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। ওই নারীর অভিযোগ বুধবার রাতে একই গ্রামের রশিদের ছেলে দুলাল (৫৫) তার বাড়িতে এসে তাকে ধর্ষণ করে। ওই নারীর চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষক দুলাল পালিয়ে যায়। পরে গ্রামবাসী রাতেই তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে ওই নারীর ছেলে বাদী হয়ে মামলা করলে দুলালকে গ্রেফতার দেখানো হয়। অসুস্থ নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুলাল থানা হাজতে সাংবাদিকদের জানান, পূর্ব পরিচয়ের জের ধরে মাঝে-মধ্যে তাদের বাড়িতে আসা-যাওয়া করতাম। আমি ধর্ষণের সঙ্গে জড়িত না।
/এমও/