পুলিশ পরিচয়ে আমের ঝুড়িতে ফেনসিডিল পাচারকালে মাদকব্যবসায়ী আটক

 

আমের ঝুড়িতে ফেনসিডিল পাচারকালে মাদকব্যবসায়ী আটকমিরপুর মডেল থানার পুলিশ পরিচয় দিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় আমের ঝুড়িতে করে ফেনসিডিল পাচারের সময় এক মাদক ব্যবসায়ীসহ ২জনকে আটক করেছে ট্রাফিক পুলিশ। শনিবার সকাল পৌনে ৯ টার সময় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরে একটি অটোরিকশায় তল্লাশিকালে মাদকসহ তাদের গ্রেফতার করে কর্তব্যরত ট্রাফিক পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও অটোরিকশা চালক জহুরুল ইসলাম। শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়ের পাঠানো মেইল বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

মেইল বার্তায় জানানো হয়, ইসিবি চত্বরে দায়িত্বরত ছিলেন সার্জেন্ট আব্দুল্লাহিল কবির। তিনি ইসিবি চত্বরে গাজীপুর-থ-১১-৭৪০৫ নম্বরের একটি সিএনজি থামার নির্দেশ দেন। থামানোর পর অটোরিকশার যাত্রী সিরাজুল ইসলাম নিজেকে মিরপুর থানার পুলিশ সদস্য বলে সার্জেন্টের কাছে পরিচয় দেয়। এ সময় সার্জেন্টের সন্দেহ হলে তিনি তাকে পরিচয়পত্র দেখাতে বলেন। সিরাজুল ইসলাম পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে  তাকে অটোরিকশা থেকে নেমে আসতে বলেন সার্জেন্ট। এরপর অটোরিকশায় থাকা চারটি আমের ঝুড়ি তল্লাশি করেন। আমের ঝুড়ির নিচ থেকে বের হয়ে আসে ৪৯৬ বোতল ফেন্সিডিল। এরপর সিরাজুল ও চালক জহুরুলকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে ক্যান্টনমেন্ট থানায়ে একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ২। তারিখ ৮ জুলাই ২০১৭।

প্রবীর কুমার রায় তার বার্তায় আরও বলেন, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিটিও আটক করা হয়েছে।

/এআরআর/এমএনএইচ/