পাকিস্তানে প্রশিক্ষিত নেতাসহ নব্য জেএমবির ৫ সদস্য গ্রেফতার

গ্রেফতাররাজধানীর ডেমরা এলাকা থেকে পকিস্তানে সামরিক প্রশিক্ষণ নেওয়া এক নেতাসহ নব্য জেএমবি’র পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোজিম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো- ইউসুফ আলী (৩০), সাইফুল ইসলাম (১৯), রহমত উল্লাহ (২১), মুকুল হোসেন (১৯) ও আলম হোসেন (৩৪)। এদের মধ্যে ইউসুফ নব্য জেএমবি’র একজন ধর্মীয় আধ্যাত্মিক নেতা। সে পাকিস্তান থেকে অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন, বোমা তৈরির কাজে ব্যবহারযোগ্য বিভিন্ন উপকরণ, জঙ্গি সংশ্লিষ্ট তথ্য আদান-প্রদানে ব্যবহৃত মেসেজিং অ্যাপসে কথোপকথনের স্ক্রিনশট উদ্ধার করা হয়।
সিটিটিসি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা সবাই নব্য জেএমবি’র সদস্য। তারা সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ও বাস্তবায়নের পরামর্শ করতে ডেমরায় মিলিত হয়েছিল। তাদের মধ্যে ইউসুফ বর্তমানে সে নব্য জেএমবি’র জিহাদি শিক্ষাগুরু, সদস্য সংগ্রাহক ও অস্ত্র-বোমা প্রশিক্ষক। গ্রেফতারকৃত আসামি সাইফুল, রহমত, মুকুল, আলমসহ আরও অনেকেই তার শিষ্য।
সূত্র আরও জানায়, নব্য জেএমবি’র বর্তমান আমির আইয়ুব বাচ্চু’র নির্দেশনা অনুযায়ী তারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভিন্নস্থানে গোপন বৈঠকে মিলিত হতো এবং অস্ত্র-বিস্ফোরক আদান-প্রদান করত।

/এনএল/এমও/