সিদ্দিকুরের চোখে টিয়ারশেল: প্রতিবেদন দিতে আরও ৭দিন সময় চেয়েছে তদন্ত কমিটি

 

হাসপাতালে সিদ্দিকুরসরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের ওপর পুলিশের হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য গঠিত রমনা বিভাগের তদন্ত টিম আরও সাতদিনের সময় চেয়েছে। যদিও  মঙ্গলবার( ৮ আগস্ট) সন্ধ্যা ৭ টার মধ্যে এই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কাজে যারা যুক্ত ছিলেন, তারা অন্যান্য ডিউটি পালন করে এই তদন্ত কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারেননি। তাই তারা আজ প্রতিবেদন না দিয়ে সময় চেয়েছেন।’

এই বিষয়ে তদন্তে যুক্ত একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘অনেক গুরুত্বপূর্ণ সাক্ষীর  সাক্ষ্য নেওয়া বাকি আছে। এছাড়া তদন্ত কাজে যুক্ত আরেকজন  কর্মকর্তা আবার  ঢাকা মহানগর পুলিশের উচ্চতর তদন্ত কমিটির সদস্য ছিলেন। ওই তদন্ত শেষ করে রমনা জোনের তদন্ত টিমের সদস্য হয়ে নতুনভাবে কাজ করায় এই অতিরিক্ত সময় দেওয়ার জন্য অনুরোধ করেছেন।’

তদন্ত সূত্র জানায়, সাত দিন সময়ের প্রার্থনা করা হলেও কাজ প্রায় গুছিয়ে এনেছেন তদন্তকারী কর্মকর্তারা। এরইমধ্যে টিয়ারশেল নিক্ষেপকারী পুলিশ সদস্যসহ কমান্ডিং অফিসারদের দায়িত্বে অপেশাদারিত্বের তথ্য-প্রমাণ  খুঁজে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। তবে ঢাকা মহানগর পুলিশের গঠিত  উচ্চতর কমিটির জমা দেওয়া প্রতিবেদনের সঙ্গে কোনও তথ্য-প্রমাণ কিংবা জড়িত সদস্যদের নাম ও সংখ্যায়  যেন কোনোভাবেই সাংঘর্ষিক না হয়,  এই বিষয়টি এড়ানোর জন্যই রমনা জোনের তদন্ত টিম আরও সময় চেয়েছে। 

পুলিশ সদর দফতরে জমা দেওয়া প্রতিবেদনের সঙ্গে সঙ্গতি রেখে রমনা জোন পুলিশের তদন্তকাজ চলছে কিনা, এমন প্রশ্নের জবাবে উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত টিম স্বাধীনভাবে কাজ করছে। তাদের কাছে আমি কোনও কিছুই জানতে চাইনি।  সঠিক তদন্তের জন্য অতিরিক্ত সময় লাগলে তো করার নিছু নেই।’

 /এসএমএন/এমএনএইচ/