অবশেষে ফরিদপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে দুদকের মামলা

দুদকফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রী রীণা চৌধুরীর বিরুদ্ধে মামলা অনুমোদনের এক মাস পর মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১১ সেপ্টেম্বর  স্ত্রীসহ ওই পুলিশ সুপারের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলার অনুমোদন দিয়েছিল কমিশন। 

এসপি ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে অর্জিত  সাড়ে আট কোটি টাকা ওয়ান ব্যাংকের ১৯টি এফডিআরে রাখার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর বংশাল থানায়  দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনিই বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দুদকের অনুসন্ধানে ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর যৌথ নামে আট কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৩৬৭ টাকার এফডিআর পাওয়া যায়। এই টাকা ওয়ান ব্যাংকের রাজধানীর বংশাল শাখা ও এলিফ্যান্ট রোড শাখা এবং যশোরের ওয়ান ব্যাংক শাখায় গচ্ছিত ছিল। কিন্তু পুলিশ সুপার ওই অর্থ দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণী কিংবা আয়কর নথিতে উপস্থাপন না করে গোপন রেখেছেন। এমনকি দুদকের অনুসন্ধানেও ওই আয়ের যথাযথ উৎস খুঁজে পাওয়া যায়নি।

গচ্ছিত টাকার মধ্যে ওয়ান ব্যাংকের বংশাল শাখার ছয়টি এফডিআরে দুই কোটি ৮১ লাখ ১৪ হাজার ৪৬৭ টাকা, এলিফ্যান্ট রোড শাখায় একটি এফডিআরে ২১ লাখ ৪৪ হাজার ৪২ টাকা এবং যশোরের ওয়ান ব্যাংক শাখায় ১২টি এফডিআরে পাঁচ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ৮৫৮ টাকা পাওয়া যায়।

অনুসন্ধান কর্মকর্তার সুপারিশ ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই শেষে স্ত্রীসহ পুলিশ সুপারের বিরুদ্ধ মানি লন্ডারিং আইনের ৪(২) ধারায় একটি মামলা দায়ের করার অনুমোদন দেয় কমিশন। অবশেষে এক মাস পর মঙ্গলবার মামলাটি দায়ের করা হলো।